ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী


অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে ডলার বন্ড ইস্যু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ স্থানীয় এবং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করার সুযোগ সৃষ্টি করবে। তিনি উল্লেখ করেন যে, অর্থনীতি সম্পর্কে জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

অর্থ মন্ত্রণালয় এবং এডিবির সহযোগিতায় রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, "বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে।" এই পরিবর্তনকে মাথায় রেখে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ককে অ্যালাইন করার প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, "পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সঙ্গে সবাই অ্যালাইন হচ্ছে।" বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার মতো আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আমাদের প্রোগ্রামের অ্যালাইনমেন্ট না হলে কার্যক্রমগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং আইএমএফও অ্যালাইন হচ্ছে।

আরও পড়ুন: মধুমতি ব্যাংক ও প্রিমিয়াম ট্যুরসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় গত রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়। পরে অভিযানিক দল ঘটনাস্থলের পানিতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি উল্লেখ করেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা. বিটু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা. বিটু

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের শারীরিক অবস্থার খোঁজ নেন তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

আজ রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় মন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

এর আগে রোববার স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রের রক্তনালিতে সফলভাবে দু’টি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

বিএনপির মিডিয়া সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে উপস্থিত হয়ে ডা. বিটু স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন করা হলে হৃদযন্ত্রের রক্তনালিতে দু’টি ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা।

পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে তাঁর রক্তনালিতে দু’টি স্টেন্ট স্থাপন করা হয়।

এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীর খানাখন্দে ভরা সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


নাগেশ্বরীর খানাখন্দে ভরা সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে বেরুবাড়ী ইউনিয়নের ওয়াপদা বাজার সড়ক এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে। পুরো সড়কজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ার কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ধুলোবালির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, সড়কের এই বেহাল অবস্থার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।

স্থানীয়রা জানাচ্ছেন, এই সড়কে প্রতিদিন চাকুরিজীবী, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ চলাচল করেন। বহু বছর আগে সংস্কার হলেও সড়কটি আবারও ভগ্নদশায় পৌঁছেছে। বর্ষা মৌসুমে এই সড়কে চলাচল করা একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয়রা আরও জানান, নিবন্ধনহীন ইটভাটার ট্রাক ও ট্রাক্টরের অবাধ চলাচলের কারণে সড়কের এই অবস্থা হয়েছে। ফলে রিকশা, ভ্যান, অটোরিক্সা, মিশুক, জিপ, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনগুলোও সঠিকভাবে চলাচল করতে পারছে না। সড়কের অধিকাংশ স্থানে বড় বড় গর্ত থাকার কারণে চালক ও যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমনকি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও সময়মতো তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না। অন্যদিকে, জরুরি রোগীকে হাসপাতালে নিতে গেলেও দুর্ঘটনা ঘটে।

ওয়াপদাবাজার এলাকার নাজমুল ইসলাম, বুলু মিয়া, আলতাফ হোসেনসহ অন্যান্যরা জানান, সড়কের ভগ্নদশার কারণে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। ধুলোবালির কারণে পরিষ্কার জামাকাপড় পরে অফিস কিংবা জরুরি প্রয়োজনে বের হলে পোশাক পরিষ্কার থাকে না। পুরো শরীর যেন ভূতের মতো হয়ে যায়। এতে অনেকের সর্দি, কাশি, হাঁপানি সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। এছাড়াও অনেক সময় যাত্রী ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

শফিকুল ইসলাম নামের একজন ব্যবসায়ী জানান, সোমবার ও বৃহস্পতিবার নাগেশ্বরী হাট বসায় এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন। ব্যবসায়ী থেকে শুরু করে কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ তাদের কৃষিপণ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাটে কেনাবেচা করতে যান। সড়কের অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় তারা সময়মতো উৎপাদিত পণ্য হাটে তুলতে না পেরে ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন। তাঁরা মনে করছেন, অবিলম্বে সড়কটি সংস্কার করা প্রয়োজন।

উপজেলা প্রকৌশলী এম এ ওয়াহেদ বলেন, সড়কটির সংস্কারের জন্য ইতোমধ্যে আমফান প্রকল্প থেকে টেন্ডার করা হয়েছে এবং ঠিকাদার নিযুক্ত হয়েছেন। ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে, অতিসত্বর কাজ শুরু করে জনগণের দুর্ভোগ লাঘব করবেন ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবির পিএমই ক্লাবে সভাপতি নোমান, সাধারণ সম্পাদক প্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


যবিপ্রবির পিএমই ক্লাবে সভাপতি নোমান, সাধারণ সম্পাদক প্রান্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আরাফ প্রান্ত।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের নিজস্ব কক্ষে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের পর গণনা সম্পন্ন করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি ইশতিয়াক ও তানজিদুল মুহসিন আজাদ, সহসাধারণ সম্পাদক মাহাবুব মাশরাফি সাবা ও মো. মুহতাসিম ফাহাদ, কোষাধ্যক্ষ সাগর ইসলাম শাহিন, সহকারী কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক শান্ত রায়, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আবির, বিজ্ঞান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অর্পিতা মজুমদার এবং প্রিন্ট মিডিয়া ও গ্রাফিক্স বিষয়ক সম্পাদক সৌমিত্র বিশ্বাস শুভ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অমিতাভ দে, মো. সিফাত হোসেন, জাহিদ হাসান, নাজমুম সাকিব, মো. আব্দুল্লাহ বিন তাজিদ ও আবির হোসেন মুন্না।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল নোমান তার অনুভূতি প্রকাশ করে বলেন, "পিএমই ক্লাবের ২০২৬ সালের নির্বাচনে আমাকে সভাপতি নির্বাচিত করায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার ভালোবাসা ও আস্থা আমার জন্য বড় দায়িত্ব। শ্রদ্ধেয় শিক্ষকদের দিকনির্দেশনা এবং সিনিয়র, জুনিয়র ও সহপাঠীদের সহযোগিতা নিয়ে ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই। শিক্ষামূলক ও সৃজনশীল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিভাগের পাশাপাশি ক্লাবের সুনাম বৃদ্ধিতে কাজ করব। এ জন্য সবার মূল্যবান মতামত ও সহযোগিতা কামনা করছি।"

নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ও সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%