০৬:৪১ পি.এম
যুক্তরাষ্ট্র এবং ইরান পরস্পরের ওপর মঙ্গলবার নতুন করে হামলা চালিয়েছে। তেহরান তাদের পক্ষ থেকে আরও ‘দৃঢ় ও শক্তিশালী’ হামলার হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবের বন্দর অবরোধের ঘোষণায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো:
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয়ের ৭ জরুরি প্রশ্নের উত্তর
-ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা-
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ তীব্রতর হওয়ার মধ্যে মঙ্গলবার রাতে টানা ১১তম দিনের মতো ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা সম্পন্ন করেছে মার্কিন বাহিনী।
সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা আরও দুর্বল করতে, ইরানের সামরিক অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।
-লেবাননকে সহায়তার প্রতিশ্রুতি ট্রাম্পের-
আরও পড়ুন: আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ও ইসরাইলের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় লেবাননকে সহায়তার প্রতিশ্রুতি দেন।
লেবাননের প্রেসিডেন্সির প্রকাশিত বৈঠকের সারসংক্ষেপে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট আউন লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।’ বৈঠকের পর ট্রাম্প জানান, লেবাননে মার্কিন বিমান সংস্থাগুলোর সরাসরি ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন দেবেন তিনি।
১৯৮৫ সালে মার্কিন যাত্রীবাহী একটি টিডব্লিউএ উড়োজাহরণ লেবাননের ইসলামপন্থীদের ছিনতাইয়ের পর থেকে এসব ফ্লাইট বন্ধ রয়েছে।
-যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার-
আরও পড়ুন: কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের হুমায়ুন কবির
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান যুদ্ধ বাবদ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। মে মাসের মাঝামাঝি এ ব্যয়ের পূর্ববর্তী হিসাব ছিল প্রায় ২৯ বিলিয়ন ডলার।
মঙ্গলবার কংগ্রেসের শুনানিতে আইনপ্রণেতাদের তিনি বলেন, ‘আজ পর্যন্ত আমাদের হিসাব অনুযায়ী ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার।’ এ সময় তিনি পেন্টাগনের জন্য অতিরিক্ত ৬৭ বিলিয়ন ডলার বরাদ্দের অনুরোধের পক্ষে যুক্তি তুলে ধরেন।
- ইরানে হামলা শেষ হয়নি: ট্রাম্প-
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে। তিনি দাবি করেন, বর্তমান ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে, ইরানের দুই দশক বা তারও বেশি সময় লাগবে।
আরও পড়ুন: ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৯ দফা নির্দেশনা, দুই সপ্তাহে প্রতিবেদন দাখিলের নির্দেশ
লেবাননের প্রেসিডেন্ট আউনের সঙ্গে বৈঠকের সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যদি এখনই চলে যাই, তাহলে ইরানের পুনর্গঠনে ২০ থেকে ২৫ বছর লেগে যাবে। তবে আমরা এখনো শেষ করিনি, আমরা এখনই যাচ্ছি না।’
- হুথিদের সতর্ক করলেন ট্রাম্প -
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বন্দর অবরোধের হুমকি বাস্তবায়ন করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প।
তিনি বলেন, ‘এমন কিছু ঘটলে আমরা তার ব্যবস্থা নেব।’
আরও পড়ুন: মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫
- সংযমের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর-
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংঘাতে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, শরিফ ‘সব পক্ষকে সংযম প্রদর্শন ও অঞ্চলকে আরও অস্থিতিশীল করতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকার’ আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, তিনি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনিকে জানিয়েছেন, পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখবে।
আরও পড়ুন: রাজনৈতিক দলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বে উদ্যোগের অভাব, গুরুত্ব তুলে ধরলেন বক্তারা
- ইরানের হামলার নিন্দা কুয়েতের -
কুয়েত জানিয়েছে, সোমবার ইরান দেশটির কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ কেন্দ্রে হামলা চালালে এতে আগুন লেগে যায়। টানা চার দিনের মধ্যে এটি ছিল এ ধরণের চতুর্থ হামলা।
-ইরানের হামলা প্রতিহতের দাবি বাহরাইনের-
বাহরাইন জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী ইরানের সর্বশেষ হামলা প্রতিহত করেছে। এর পরই দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক বিবৃতিতে জানায়, ‘সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার ও নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।’
- হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী জাহাজ আটকে দিল ইরান-
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা ‘নিয়ম না মানা’ দুটি তেলবাহী জাহাজকে তারা থামিয়ে দিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, জাহাজ দুটিতে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক অগ্নিকাণ্ডের পর সেগুলোকে থামানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন