১১:৩৫ এম
বিদেশে কর্মরত বাংলাদেশ মিশনে নিয়োজিত স্বদেশভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সরকার শিক্ষা ভাতার সীমা বৃদ্ধি করেছে। নতুনভাবে নির্ধারিত হার অনুযায়ী, মিশনের অবস্থান অনুসারে এ-লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পড়াশোনার জন্য বছরে সর্বাধিক ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভাতা প্রদান করা হবে। এই সুবিধা সর্বাধিক দুই সন্তানের জন্য প্রযোজ্য হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ১৯ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষা ভাতার সীমা নির্ধারণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনের প্রথম গ্রুপের ১৫টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য বছরে ২৫ হাজার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই হার যথাক্রমে ২৫ হাজার ও ৩৮ হাজার ডলার। এই গ্রুপে বেইজিং, সিউল, টোকিও, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর মিশনসহ ১৫টি মিশন অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি
দ্বিতীয় গ্রুপের ৪১টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়—উভয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এই তালিকায় ক্যানবেরা, সিডনি, ওয়েলিংটন, ব্যাংকক, কুয়ালালামপুর, কাঠমান্ডু, নয়াদিল্লি, দুবাই, রিয়াদ, লন্ডন, রোম, ওয়াশিংটন, নিউইয়র্ক, অটোয়া ও ব্রাসিলিয়াসহ বিভিন্ন শহরের মিশন রয়েছে।
তৃতীয় গ্রুপের ১৯টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার প্রদান করা হবে। এই গ্রুপে সিঙ্গাপুর, হ্যানয়, ম্যানিলা, চেন্নাই, মালে, কায়রো, নাইরোবি, প্রিটোরিয়া, বার্লিন ও কোপেনহেগেনের মিশনসহ ১৯টি মিশন অন্তর্ভুক্ত রয়েছে।
চতুর্থ গ্রুপের নয়টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য ২০ হাজার ৫০০ এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই হার যথাক্রমে ২১ হাজার ও ২৫ হাজার ডলার। এই গ্রুপে কুনমিং, কলম্বো, কলকাতা, গৌহাটি, আগরতলা, তাসখন্দ, মাস্কাট, রাবাত ও পোর্ট লুইসের মিশন অন্তর্ভুক্ত রয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে নিজে বহন করতে হবে। ভাতার অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠাতে হবে; ব্যক্তিগত হিসাবে প্রদান করা যাবে না।
আরও পড়ুন: শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: শামা ওবায়েদ
শিক্ষাপ্রতিষ্ঠান এককালীন পুরো ফি দাবি করলে যথাযথ প্রমাণপত্র জমা দিতে হবে এবং নিজ অংশ মিশনের হিসাবে বা সংশ্লিষ্ট হিসাব কোডে পরিশোধ করতে হবে। ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ সীমিত এমন দেশে কর্মরত কর্মকর্তা সন্তানকে অন্য ইংরেজিভাষী দেশে পড়ালেও নিজ কর্মস্থলের মিশনের জন্য নির্ধারিত ভাতার সীমা প্রযোজ্য হবে। পূর্বের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন