ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আয়নায় নিজেকে যেমন দেখেন, অন্যের চোখে কি তেমনই আপনি? গবেষণায় উঠে এল নতুন তথ্য


আয়নায় নিজেকে যেমন দেখেন, অন্যের চোখে কি তেমনই আপনি? গবেষণায় উঠে এল নতুন তথ্য

প্রত্যেকেরই নিজের সৌন্দর্য সম্পর্কে কিছুটা ধারণা থাকে। কেউ নিজেকে আকর্ষণীয় মনে করেন, আবার কেউ আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। তবে, এই ধারণা কি অন্যদের দৃষ্টিতে বাস্তবতার সঙ্গে মেলে? সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, শারীরিক আকর্ষণ নিয়ে নিজের বিচার করতে গিয়ে অনেকেই ভুল করেন। বিশেষ করে, যারা অন্যদের চোখে তুলনামূলক কম আকর্ষণীয়, তারা নিজেদের বেশি আকর্ষণীয় মনে করার প্রবণতা দেখান। অপরদিকে, বেশি আকর্ষণীয় ব্যক্তিরা নিজেদের সৌন্দর্যকে কিছুটা কম করে দেখেন।

২০২০ সালে গবেষক গ্রেইটেমেয়ার (Greitemeyer) পরিচালিত একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। মনোবিষয়ক সাময়িকী ‘সাইকোলজি টুডে’ প্রতিবেদনে বিষয়টি প্রকাশিত হয়েছে।

ইউরোপের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে এক হাজারের বেশি মানুষের অংশগ্রহণে ছয়টি পৃথক গবেষণা পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের নিজেদের শারীরিক আকর্ষণীয়তা সম্পর্কে মূল্যায়ন করতে বলা হয়। পরে তাদের এই মূল্যায়নের সঙ্গে গবেষক ও অন্য অংশগ্রহণকারীদের দেওয়া মূল্যায়ন তুলনা করা হয়।

আরও পড়ুন: হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, লাখো মানুষ মুগ্ধ

গবেষণায় দেখা যায়, অন্যদের চোখে যারা কম আকর্ষণীয়, তারা নিজেদের সৌন্দর্যকে বাস্তবের তুলনায় বেশি নম্বর দিয়েছেন। যাদের আকর্ষণীয়তা গড়পড়তা, তাদের নিজেদের সম্পর্কে ধারণার সঙ্গে অন্যদের মূল্যায়নের মিল তুলনামূলক বেশি। আর যাদের অন্যরা বেশি আকর্ষণীয় মনে করেছেন, তারা নিজেদের আকর্ষণীয়তাকে অন্যদের দেওয়া মূল্যায়নের চেয়ে কম করে দেখেছেন।

গবেষণায় আরও দেখা যায়, কম আকর্ষণীয় ব্যক্তিরা অন্যদের সৌন্দর্য বিচার করার ক্ষেত্রেও তুলনামূলক কম পার্থক্য করতে পারেন। অর্থাৎ, আকর্ষণীয় ও কম আকর্ষণীয় ব্যক্তিদের মধ্যে পার্থক্য নির্ধারণে তাদের মূল্যায়ন কিছুটা কম স্পষ্ট হতে পারে। তবে এর আরেকটি ব্যাখ্যা রয়েছে। তাদের কাছে তুলনামূলক বেশি মানুষই আকর্ষণীয় বলে মনে হতে পারে।

অন্যরা তাদের কীভাবে দেখেন, তা কল্পনা করতে বলা হলেও কম আকর্ষণীয় ব্যক্তিরা নিজেদের আকর্ষণীয়তা বেশি করে অনুমান করেছেন। তারা সাধারণত নিজেদের গড়পড়তা আকর্ষণীয় বলে মনে করেছেন, যদিও অন্যদের মূল্যায়নে তারা গড়ের নিচে ছিলেন। বিপরীতে, বেশি আকর্ষণীয় ব্যক্তিরা অন্যদের চোখে নিজেদের অবস্থানের তুলনায় সামান্য কম আকর্ষণীয় বলে ভেবেছেন।

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এখানে আকর্ষণীয়তা বলতে মূলত শারীরিক সৌন্দর্যকে বিবেচনা করা হয়েছে। মানুষের ব্যক্তিত্ব, দয়া, বুদ্ধিমত্তা কিংবা অন্যান্য গুণাবলি কীভাবে কাউকে আকর্ষণীয় করে তোলে, তা এই গবেষণার আওতায় ছিল না। ফলে পরিচিত মানুষের মূল্যায়নে এসব গুণের প্রভাব থাকতে পারে।

আরও পড়ুন: ঘরে বসে ৪ উপায়ে জেনে নিন আপনার মস্তিষ্কের বয়স

গবেষণায় আরও দেখা গেছে, কে আকর্ষণীয়—এ বিষয়ে পর্যবেক্ষকদের মধ্যে তুলনামূলক বেশি মতের মিল রয়েছে। কিন্তু কে কম আকর্ষণীয়, তা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য বেশি। অর্থাৎ, সৌন্দর্যের মতো আকর্ষণীয়তার বিপরীত ধারণাও অনেক ক্ষেত্রে ব্যক্তিভেদে বদলে যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সঙ্গে স্বাস্থ্যসেবা নিয়ে বৈঠকে বসবেন আবদুল আল-সাইয়েদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


ট্রাম্পের সঙ্গে স্বাস্থ্যসেবা নিয়ে বৈঠকে বসবেন আবদুল আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘মেডিকেয়ার ফর অল’ প্রস্তাব নিয়ে মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল-সাইয়েদের প্রস্তাবের নাম পরিবর্তন করে ‘ট্রাম্পকেয়ার’ রাখার পরামর্শকেও তিনি ইতিবাচকভাবে দেখছেন।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, আল-সাইয়েদ একজন বুদ্ধিমান ব্যক্তি এবং তিনি খুব ভালো কাজ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে বৈঠক করার কথাও জানান।

ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা মাঝামাঝি কোনো সমাধানে পৌঁছাতে পারি।’

নির্বাচনি প্রচারে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে প্রধান অঙ্গীকার হিসেবে তুলে ধরেছিলেন ডেমোক্র্যাট নেতা আল-সাইয়েদ। সম্প্রতি তিনি প্রস্তাবটির নাম ‘ট্রাম্পকেয়ার’ রাখার ধারণা সামনে আনেন এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। অপ্রত্যাশিতভাবে, ট্রাম্পও তার সেই পোস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

মঙ্গলবার ওয়াশিংটন পোস্টকে ট্রাম্প বলেন, স্বাস্থ্যসেবা পরিকল্পনার সঙ্গে নিজের নাম যুক্ত করার প্রস্তাবটি ‘খুবই বুদ্ধিদীপ্ত’।

নবনির্বাচিত ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়েও ট্রাম্প আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, একসঙ্গে তারা অনেক ভালো কাজ করতে পারেন, তবে শুরুতে কিছুটা বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেন।

ট্রাম্প বলেন, ‘আমি সবকিছুতে ভেটো দিতে থাকব। একপর্যায়ে আমার মনে হয়, তারা আলোচনায় আসতে চাইবে। তখন আমি রাজি হব। আমরা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে পারব। একসঙ্গে অনেক ভালো কিছু করতে পারব।’

নির্বাচনি প্রচারের সময় ট্রাম্প ও আল-সাইয়েদের মধ্যে তীব্র রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছিল। এক সমাবেশে ট্রাম্প আল-সাইয়েদকে ‘জিহাদি’ বলে আখ্যা দেন এবং তাকে ‘মোহাম্মদ’ নামে সম্বোধন করেন। অথচ আল-সাইয়েদের জন্ম ও বেড়ে ওঠা মিশিগানেই। আরেক সমাবেশে তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার ইঙ্গিতপূর্ণ বক্তব্যও দেন ট্রাম্প।

অন্যদিকে, আল-সাইয়েদও ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, তার নাম কিংবা ধর্মীয় পরিচয় নয়, বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামই সাধারণ মানুষের প্রধান উদ্বেগ।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দুই পক্ষের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে। আল-সাইয়েদ এর আগে জানিয়েছিলেন, সিনেটে নিজের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করতে পারেন—এমন যেকোনো ব্যক্তির সঙ্গে, দলমত নির্বিশেষে, বৈঠকে বসতে তিনি প্রস্তুত।

এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তিনি মিশিগান থেকে নির্বাচিত সিনেটর। দেশের স্বার্থে যেকোনো ব্যক্তির সঙ্গে বৈঠকে তার আপত্তি নেই। এদিকে, আল-সাইয়েদের বৈঠকের আগ্রহের কথা জানার পর গত সপ্তাহেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কার্যালয় থেকে তার সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টকে রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


ফ্যাসিস্টকে রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক পতিত ফ্যাসিস্টকে রুখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

২৫ নভেম্বর বুধবার লাকসামের পাশাপুরে আবুল কালাম হাই স্কুল ও কলেজ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের উৎপাত বৃদ্ধি পেয়েছে এবং তা কঠোর হাতে প্রতিরোধ করতে হবে। এই উদ্দেশ্যে সরকারি দল, বিরোধী দল এবং তরুণ ও আগামী প্রজন্মকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।

আমিনুল হক বলেন, বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্টের উৎপত্তি দেখতে চান না। তিনি দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও আগুন সন্ত্রাসের ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, আমরা আর সেই সময়ে ফিরে যেতে চাই না। দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখতে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ফ্যাসিস্টরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

যুব ও যুব-নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তি, কেয়ার গিভিং এবং মোবাইল সার্ভিসিংয়ের মতো প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় গরুর ও হাঁস-মুরগির খামার মালিকদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উৎসাহিত করার বিষয়ে তিনি জানান, আগে যেখানে বায়োগ্যাস নির্মাণের জন্য এক লাখ থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেওয়া হতো, তা বাড়িয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় খামার থাকলে নিজস্ব চাহিদা মিটিয়ে আশপাশের পরিবারগুলোতেও বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব। এ বিষয়ে উপজেলা, ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ছোট ছোট সভা করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও বাস্তবায়নে কাজ করতে যুব উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় মাদক মামলায় হাসির মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


চুয়াডাঙ্গায় মাদক মামলায় হাসির মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় হাসির মন্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায় এক মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হাসির মন্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পাড়ার মৃত শহীদ মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ জানুয়ারি রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পাড়ায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় হাসির মন্ডলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন পাওয়া যায়।

এ ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ২০২০ সালের ১ মার্চ হাসির মন্ডলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

ছয়জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামীর এ রায় ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’-ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছেন, যা আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেছেন, "প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন।" তিনি আরও বলেন, "শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে।"

অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে তিনি সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঐক্য গড়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে।" তিনি সবাইকে বৃহত্তম স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণে দেশে অস্থিরতা শুরু হয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তিনি জানান, "তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।"

সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%