ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঘরে বসে ৪ উপায়ে জেনে নিন আপনার মস্তিষ্কের বয়স


ঘরে বসে ৪ উপায়ে জেনে নিন আপনার মস্তিষ্কের বয়স

জন্মতারিখ অনুযায়ী বয়স ৫০ হলেও কারো মস্তিষ্ক তুলনামূলকভাবে তরুণ হতে পারে। আবার, বয়স কম হলেও কারো মস্তিষ্কে দ্রুত বার্ধক্যের ছাপ দেখা যেতে পারে। মস্তিষ্কের এই জৈবিক বয়স সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব কিছু সহজ পরীক্ষার মাধ্যমে। হাঁটার গতি, প্রতিক্রিয়ার সময়, পথ চিনে রাখার ক্ষমতা ও স্মৃতিশক্তি যাচাই করে গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে।

মস্তিষ্কের বয়স কেন গুরুত্বপূর্ণ?

জন্মতারিখ থেকে হিসাব করা বয়সকে কালানুক্রমিক বয়স বা ক্রোনোলজিক্যাল এজ বলা হয়। অন্যদিকে, শরীরের কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গের অবস্থার ভিত্তিতে নির্ধারিত বয়স হলো জৈবিক বয়স বা বায়োলজিক্যাল এজ। একই বয়সের দুজন মানুষের জৈবিক বয়স এক নাও হতে পারে। মস্তিষ্কের ক্ষেত্রেও বিষয়টি একই রকম।

আরও পড়ুন: বিটরুটের স্বাস্থ্য উপকারিতা: পুষ্টিগুণ ও সুবিধা জানুন

সম্প্রতি ৪৫ হাজার মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যাদের মস্তিষ্কের জৈবিক বয়স প্রকৃত বয়সের তুলনায় বেশি, তাদের পরবর্তী ১৫ বছরে যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি ১৮২ শতাংশ বেশি। গবেষণাটি প্রকাশিত হয়েছে সাময়িকী নেচার মেডিসিনে। রক্তের বিভিন্ন প্রোটিনের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে গবেষকেরা মস্তিষ্কের বয়স নির্ধারণ করেন।

এছাড়া, এমআরআই পরীক্ষার মাধ্যমে মস্তিষ্কের গঠন ও আকারের পরিবর্তন পর্যবেক্ষণ করা যায়। বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের আয়তন কিছুটা কমতে পারে। এর সঙ্গে স্মৃতি, চিন্তাশক্তি ও তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতার সম্পর্ক রয়েছে।

তবে মস্তিষ্কের বয়স সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে সব সময় ব্যয়বহুল পরীক্ষা প্রয়োজন হয় না। ঘরে বসেই কিছু বিষয় যাচাই করা সম্ভব।

১. হাঁটার গতি মেপে দেখুন

আরও পড়ুন: সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার প্রবণতা? নেপথ্যে থাকতে পারে ‘ডিসিশন ফেটিগ’

হাঁটার গতি শুধুমাত্র শারীরিক সক্ষমতার পরিচয় দেয় না, বরং মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কেও ধারণা দিতে পারে। এ পরীক্ষার জন্য প্রয়োজন একটি স্টপওয়াচ, মাপার ফিতা এবং হাঁটার জন্য কিছুটা ফাঁকা জায়গা।

ঘরের ভেতরে প্রথমে এক মিটার জায়গা রেখে পরবর্তী চার মিটার দূরত্ব নির্ধারণ করুন। প্রথম এক মিটার স্বাভাবিক হাঁটার গতি তৈরি করার জন্য। এরপর চার মিটার অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগে, তা মাপুন। বাইরে পরীক্ষা করলে পাঁচ মিটার জায়গা গতি স্বাভাবিক করার জন্য এবং পরবর্তী ১০ মিটার সময় মাপার জন্য ব্যবহার করতে পারেন।

অতিক্রম করা দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই প্রতি সেকেন্ডে হাঁটার গতি পাওয়া যাবে।

নিউজিল্যান্ডের একটি দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, ৪৫ বছর বয়সে মানুষের হাঁটার গতি থেকেই মস্তিষ্ক ও শরীরের বার্ধক্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধীরগতিতে হাঁটা ব্যক্তিদের মস্তিষ্কের আয়তন তুলনামূলক কম এবং বাইরের আবরণ পাতলা হওয়ার প্রবণতা দেখা গেছে। তাঁদের স্মৃতি, চিন্তাশক্তি ও তথ্য প্রক্রিয়াকরণের গতিও তুলনামূলক কম ছিল।

আরও পড়ুন: শিশুর শরীরে ভিটামিনের ঘাটতি চিহ্নিত করার উপায়

যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষণায় দেখা গেছে, ৭৫ বছর বয়সী পুরুষদের মধ্যে সবচেয়ে ধীরগতিতে হাঁটা ব্যক্তিদের পরবর্তী ১০ বছর বেঁচে থাকার সম্ভাবনা ১৯ শতাংশ। দ্রুতগতিতে হাঁটা ব্যক্তিদের ক্ষেত্রে এ হার ৮৭ শতাংশ। নারীদের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৩৫ ও ৯১ শতাংশ।

তবে হাঁটার গতিতে বয়স ছাড়াও শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয় প্রভাব ফেলে। তাই ধীরে হাঁটলেই অসুস্থতা বা মস্তিষ্কের বার্ধক্য হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর কারণ নেই।

২. প্রতিক্রিয়ার সময় পরীক্ষা করুন

কোনো সংকেত দেখার বা শোনার পর কত দ্রুত সাড়া দিতে পারেন, সেটিই প্রতিক্রিয়ার সময় বা রিঅ্যাকশন টাইম। যেমন স্ক্রিনে আলো জ্বলে উঠলে কত দ্রুত বোতাম চাপতে পারছেন, তা দিয়ে এ সক্ষমতা যাচাই করা যায়।

আরও পড়ুন: ছাতক-ভোলাগঞ্জের পরিত্যক্ত রোপওয়ে সংস্কারে পর্যটনের নতুন সম্ভাবনা

গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের প্রতিক্রিয়ার সময় প্রতি দশকে প্রায় ২ থেকে ৬ মিলিসেকেন্ড ধীর হতে পারে।

কিংস কলেজ লন্ডনের গবেষক আনা-ক্যাথারিন ব্রেমের মতে, একবারের পরীক্ষার ফলের চেয়ে দীর্ঘ সময় ধরে প্রতিক্রিয়ার গতিতে কী পরিবর্তন হচ্ছে, সেটি বেশি গুরুত্বপূর্ণ।

এ পরীক্ষার জন্য বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করা যায়। যেমন হিউম্যান বেঞ্চমার্ক ওয়েবসাইটে নিজের ক্লিকের গতি অন্য ব্যবহারকারীদের ফলাফলের সঙ্গে তুলনা করা সম্ভব। এ ছাড়া রিফ্লেক্স অ্যান্ড রিঅ্যাকশন টাইম টেস্ট এবং সুইচডঅন অ্যাপেও পরীক্ষা করা যায়।

তবে প্রতিবার একই অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করা ভালো। এতে সময়ের সঙ্গে নিজের ফলাফলের পরিবর্তন বোঝা সহজ হবে।

আরও পড়ুন: শীতের আগমনিতে চলনবিল পাখির অভয়াশ্রমে বৃদ্ধি পাচ্ছে পাখির কলকাকলি

৩. নেভিগেশন বা পথ চিনে রাখার ক্ষমতা যাচাই করুন

পরিচিত জায়গায় যাতায়াতের পথ মনে রাখা সহজ হলেও অপরিচিত জায়গায় পথ খুঁজে বের করতে মস্তিষ্ককে বেশি কাজ করতে হয়। এ দক্ষতাকে বলা হয় স্পেশাল নেভিগেশন বা স্থানিক দিকনির্দেশনা।

কিংস কলেজ লন্ডনের গবেষক ব্রেমের মতে, আলঝেইমার রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করার ক্ষেত্রে এ দক্ষতার পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে।

পরীক্ষাটি করতে স্মৃতি থেকে নিজের বাড়ি থেকে কাছের রেলস্টেশন, পোস্ট অফিস কিংবা ক্যাফে পর্যন্ত যাওয়ার একটি মানচিত্র আঁকুন। সেখানে রাস্তার নাম, মোড়, দূরত্ব এবং পরিচিত স্থাপনার অবস্থান উল্লেখ করার চেষ্টা করুন।

আরও পড়ুন: বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত

সময়ের সঙ্গে মানচিত্র আঁকতে অসুবিধা হলে কিংবা পরিচিত পথ খুঁজে বের করতে অন্যের নির্দেশনার ওপর নির্ভরতা বেড়ে গেলে বিষয়টি লক্ষ রাখা প্রয়োজন। তবে স্থানিক দিকনির্দেশনার সমস্যা দেখা দিলেই ডিমেনশিয়া হয়েছে, এমনটি ভাবার কারণ নেই।

৪. অনলাইনে মস্তিষ্কের পরীক্ষা দিন

স্মৃতি, মনোযোগ, যুক্তি ও তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতা যাচাই করতে এখন অনলাইনে বিভিন্ন পরীক্ষা রয়েছে। স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে এসব পরীক্ষা দেওয়া সম্ভব।

অধ্যাপক ডেভিড শার্পের সুপারিশ করা একটি বৈজ্ঞানিক প্ল্যাটফর্ম হলো কগনিট্রন (Cognitron)। বিভিন্ন একাডেমিক গবেষণায় ব্যবহৃত এ প্ল্যাটফর্মে পাঁচ লাখের বেশি মানুষ পরীক্ষা দিয়েছেন।

পুরো পরীক্ষায় প্রায় ৩০ মিনিট সময় লাগে। এতে স্মৃতি, মনোযোগ, যুক্তি এবং তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতা যাচাই করা হয়। পরীক্ষা শেষে নিজের বয়সী অন্যদের সঙ্গে ফলাফল তুলনা করার সুযোগও রয়েছে।

তবে মনে রাখতে হবে, কগনিট্রন সরাসরি মস্তিষ্কের জৈবিক বয়স নির্ধারণ করে না। বরং বর্তমান মানসিক ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা সম্পর্কে একটি ধারণা দেয়।

কখন সতর্ক হবেন?

মস্তিষ্কের বয়স যাচাইয়ের এসব পদ্ধতি মূলত প্রাথমিক ধারণা পাওয়ার জন্য। হাঁটার গতি কম হওয়া কিংবা প্রতিক্রিয়া জানাতে বেশি সময় লাগলেই মস্তিষ্কের বয়স বেড়ে গেছে, এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। শারীরিক অসুস্থতা, ক্লান্তি, ঘুমের অভাবসহ নানা কারণে পরীক্ষার ফল পরিবর্তিত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, একবারের ফলাফলের চেয়ে দীর্ঘ সময় ধরে নিজের সক্ষমতার পরিবর্তন পর্যবেক্ষণ করা বেশি গুরুত্বপূর্ণ। স্মৃতিশক্তি কমে যাওয়া, পরিচিত পথ ভুলে যাওয়া কিংবা দৈনন্দিন কাজের সক্ষমতায় ক্রমাগত অবনতি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মস্তিষ্কের বয়স সম্পর্কে সচেতন থাকা জরুরি। কারণ, শরীরের বয়স বাড়লেও সুস্থ জীবনযাপন ও নিয়মিত শারীরিক ও মানসিক চর্চার মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

সূত্র : বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৬৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৬৯ জন গ্রেফতার

চট্টগ্রাম, ২৫ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ নভেম্বরের অভিযানে নিয়মিত মামলায় ৮১ জন, পূর্ববর্তী মামলায় ৯০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন পরোয়ানামূলে ১১২ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, মাদক মামলায় ৭৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ১১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসব অভিযানে ৫ হাজার ৫৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ কেজি ৪৭০ গ্রাম গাঁজা ও ১৬২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ২৯টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১৩ জন, কক্সবাজারে ৩ জন, কুমিল্লায় ২৬ জন, চাঁদপুরে ২ জন, নোয়াখালীতে ৩ জন, ফেনীতে ৩ জন, লক্ষ্মীপুরে ৫ জন এবং খাগড়াছড়িতে ৩ জন রয়েছেন।

কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩২১ জনের মধ্যে ১৬৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ভিত্তিক আটক কিশোর গ্যাং সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৩৭ জন, কক্সবাজারে ২৩ জন, কুমিল্লায় ১৫৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২০ জন, চাঁদপুরে ৫ জন, নোয়াখালীতে ২৮ জন, ফেনীতে ৫ জন, লক্ষ্মীপুরে ২৮ জন, রাঙামাটিতে ৭ জন, খাগড়াছড়িতে ৭ জন এবং বান্দরবানে ৪ জন রয়েছে।

জনস্বার্থে পরিচালিত অপরাধবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কায়দায় বানানো হচ্ছে ‘মুরগি’, না জানলেই বিপদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


নতুন কায়দায় বানানো হচ্ছে ‘মুরগি’, না জানলেই বিপদ

রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা জবা (ছদ্মনাম) মুঠোফোনে একটি অ্যাপ ইনস্টল করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেখে তিনি ওই অ্যাপ ইনস্টলের কিছুক্ষণ পর তার মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে জমা হয় ১ হাজার ৬২৫ টাকা।

তিনি ভেবেছিলেন, সম্ভবত কেউ ভুল করে টাকা পাঠিয়েছেন। তাই তিনি বিষয়টি নিয়ে আর অনুসন্ধান করেননি।

পাঁচ দিন পর হোয়াটসঅ্যাপে একটি ফোন কল আসে। অপর প্রান্ত থেকে ২ হাজার ৫০০ টাকার কথা বলা হয়। আরও বলা হয়, অ্যাপ থেকে ঋণ নিয়েছেন জবা। সুদসহ সেই টাকা এখন ২ হাজার ৫০০ টাকায় পরিণত হয়েছে।

জবা ঋণ নেওয়ার কথা অস্বীকার করতেই শুরু হয় গালিগালাজ। তার ব্যক্তিগত তথ্য দেখিয়ে হুমকি দেওয়া হয়, তাকে ও তার মেয়েকে সামাজিকভাবে হেয় করা হবে। ফেসবুকে যুক্ত থাকা ব্যক্তিদের কাছে পাঠানো হবে তাদের আপত্তিকর ছবি ও তথ্য। তখন জবা বুঝতে পারেন, তার ও পরিবারের সদস্যদের ছবি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে একটি চক্র।

চলতি বছরের এপ্রিলে জবা এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তদন্তে নেমে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায়। অন্য একটি তদন্তাধীন মামলায় চক্রটির কয়েক সদস্য গ্রেপ্তার হন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চক্রটির সদস্যরা নানা কৌশলে মানুষের ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করেন। পরে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করেন। তারা অন্যান্য সাইবার অপরাধেও জড়িত।

জবার ঘটনাটি বিচ্ছিন্ন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি সংগ্রহ করা হচ্ছে। কখনো ছবি বা ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কখনও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেল করা হচ্ছে। পাশাপাশি চলছে অনলাইন আর্থিক প্রতারণা ও অ্যাকাউন্ট হ্যাকিং।

সাইবার অপরাধীদের লক্ষ্য বর্তমানে মানুষের ব্যক্তিগত তথ্য, ছবি ও সামাজিক পরিচয়। এসব ব্যবহার করে ভুক্তভোগীদের জিম্মি করা হচ্ছে। কেউ অর্থ দিতে বাধ্য হচ্ছেন, কেউ পড়ছেন সামাজিক ও পারিবারিক সংকটে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্বল পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে শেয়ার করা, ভুয়া আইডি ও হ্যাকিংয়ের কারণে এসব ঘটনা বাড়ছে। প্রযুক্তির অপব্যবহার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করতে না পারাও এর অন্যতম কারণ। দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করা গেলে অপরাধ কমত।

ঋণ থেকে চাকরি, নানা প্রলোভনে অনলাইন প্রতারণা

‘সেনা কল্যাণ অনলাইন ফাউন্ডেশন’ নামে ফেসবুকে একটি ভুয়া পেজে টিসিবির মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের প্রচার চালানো হয়। রাজধানীর কলাবাগান এলাকার এক বাসিন্দা ওই পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। তাকে অস্বাভাবিক ছাড়ে পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হয়।

পরে পণ্যের অগ্রিম মূল্য পাঠাতে বলা হলে তিনি এমএফএস সেবার মাধ্যমে ৩৫ হাজার ৪০০ টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর সংশ্লিষ্ট নম্বরগুলোয় যোগাযোগের চেষ্টা করেও আর সাড়া পাননি। একপর্যায়ে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে থানায় জিডি করেন।

ভার্চ্যুয়াল মাধ্যমে এ ধরনের প্রতারণা ঘটছে নিয়মিত। ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার এসব প্রতারণার অভিযোগ কয়েকটি শ্রেণিতে ভাগ করে গ্রহণ করেছে। এর মধ্যে ঋণ ও বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ ৫৬টি। মিথ্যা পরিচয়ে প্রতারণার ৯২টি। সেবা বা পণ্য বিক্রির নামে প্রতারণার ৮৮টি এবং চাকরির নামে প্রতারণার ৪১টি অভিযোগ আছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযোগের সংখ্যা দিয়ে প্রকৃত ভুক্তভোগীর চিত্র বোঝা যায় না। অনেকেই সামাজিক সম্মানহানি, হয়রানি কিংবা আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার আশংকায় অভিযোগ করতে চান না। আবার লিখিত অভিযোগ বা জিডি করলেও সবাই মামলা করতে আগ্রহী হন না।

কম ক্ষয়ক্ষতি হওয়া অপরাধের ক্ষেত্রে এমন প্রবণতা বেশি দেখা যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, অনলাইনে আর্থিক লেনদেনের আগে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করতে হবে। অপরিচিত কাউকে অগ্রিম টাকা, ওটিপি বা ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত প্রমাণসহ পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠিকাদার অনিয়ম করছেন কি না, তা স্থানীয়ভাবে নজরদারি করতে হবে: চসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


ঠিকাদার অনিয়ম করছেন কি না, তা স্থানীয়ভাবে নজরদারি করতে হবে: চসিক প্রশাসক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন যে, নির্মীয়মাণ সড়কগুলো ব্যবহার করবেন নাগরিকরা, এবং তাদের পরিবারের সদস্য ও সন্তানরাও সেগুলো দিয়ে চলাচল করবে। কাজের মান নিশ্চিত করার দায়িত্বও তাদের উপর বর্তায়। ঠিকাদাররা কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ করছেন কি না, তা স্থানীয়ভাবে নজরদারি করা আবশ্যক। কোথাও যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সরাসরি তাকে জানাতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) নগরের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে চলমান উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ‘উন্নয়নকাজের গুণগত মানের ব্যাপারে কোনো ধরনের আপস করা যাবে না। ঠিকাদার যে-ই হোক, কাজের মান নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।’

তিনি উল্লেখ করেন, ‘গোসাইলডাঙ্গা এলাকায় দীর্ঘ ১৫-১৬ বছর ধরে মানুষ প্রত্যাশিত উন্নয়নের ছোঁয়া পায়নি। নগরীর প্রতিটি এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে চসিক কাজ করে যাচ্ছে। আগামী ছয় মাস, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর থেকে আগামী মে মাস পর্যন্ত সড়ক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, নগরীর প্রতিটি অলিগলির সড়ক পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।’

চসিক সূত্রে জানা যায়, ওয়ার্ডের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে দুই কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে চসিক। এসব প্রকল্পের আওতায় বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ, স্ল্যাব স্থাপন, সড়ক সংস্কার, সলিং, সাব-বেইজ, ম্যাকাডম, বিটুমিনাস কার্পেটিং ও রোড মার্কিংসহ নানা উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও আনোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগান প্রতিনিধিদল বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


আফগান প্রতিনিধিদল বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করবে

আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের একটি কারিগরি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে, যা দ্বিপাক্ষিক স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে। কাবুল টাইমস আজ বুধবার এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার, আফগানিস্তানের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওপিএইচ) অধীনে ন্যাশনাল ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (এনএফডিএ) বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই পাঁচ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন ওষুধ কারখানার পরিদর্শন করবে। তারা সেখানে উৎপাদিত ওষুধের গুণগত মান ও কার্যকারিতা মূল্যায়ন করবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানে নিম্নমানের ওষুধ আমদানি প্রতিরোধের উদ্দেশ্যে ওষুধের প্রয়োজনীয় মানদণ্ড নিশ্চিত করা এই সফরের প্রধান লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%