ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, লাখো মানুষ মুগ্ধ


হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, লাখো মানুষ মুগ্ধ

বরফে ঢাকা হিমালয়ের উঁচু পর্বতশৃঙ্গের আড়াল থেকে ধীরে ধীরে উদয় হচ্ছে একটি বিশাল ও উজ্জ্বল চাঁদ। এই মনোমুগ্ধকর চন্দ্রোদয়ের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লাখো মানুষ মুগ্ধ হয়েছেন।

ভারতের উত্তরাখণ্ডের মুনসিয়ারি থেকে ধারণ করা ভিডিওটি ইতিমধ্যে ইনস্টাগ্রামে প্রায় ২০ লাখবার দেখা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারী সাগর আগরি ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, পঞ্চচুল্লি পর্বতশৃঙ্গের পেছন থেকে ধীরে ধীরে উদিত হচ্ছে বিভার সুপারমুন। পূর্ণিমার চাঁদটি স্বাভাবিকের তুলনায় অনেক বড় ও উজ্জ্বল দেখাচ্ছিল। নির্মল আকাশের পটভূমিতে পাহাড়ের সঙ্গে চাঁদের এই দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে।

আরও পড়ুন: আয়নায় নিজেকে যেমন দেখেন, অন্যের চোখে কি তেমনই আপনি? গবেষণায় উঠে এল নতুন তথ্য

ভিডিও ধারণকারী সাগর আগরি জানিয়েছেন, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অনেকের রয়েছে, কিন্তু চন্দ্রোদয়ের দৃশ্য উপভোগ করার সুযোগ তুলনামূলকভাবে কম মানুষের হয়। তিনি খালি চোখেই পর্বতের আড়াল থেকে চাঁদটি দৃশ্যমান হওয়ার মুহূর্তটি উপভোগ করেছেন।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, মুঠোফোনের ক্যামেরায় এই দৃশ্যের প্রকৃত সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়। বাস্তবে চাঁদটি আরও বড় ও সুন্দর দেখায়। আরেকজন জানিয়েছেন, তিনিও পঞ্চচুল্লি পর্বতশৃঙ্গের পেছন থেকে চাঁদ ওঠার দৃশ্য দেখেছেন, কিন্তু সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে পারেননি।

এছাড়া হিমালয়ের বিভিন্ন এলাকায় এমন মনোমুগ্ধকর চন্দ্রোদয় দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অনেকে। সব মিলিয়ে বরফঢাকা পাহাড়ের বুক চিরে চাঁদের উদয়ের এই দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: ঘরে বসে ৪ উপায়ে জেনে নিন আপনার মস্তিষ্কের বয়স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে তরুণীকে যৌনপল্লীতে বিক্রির ঘটনায় ২ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


রাজবাড়ীতে তরুণীকে যৌনপল্লীতে বিক্রির ঘটনায় ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে এক তরুণীকে যৌনপল্লীতে বিক্রি ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ীর মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর সর্দারানি রোজি এবং বাহিরচর দৌলতদিয়া মজি ফকির পাড়া গ্রামের মৃত বাসেদের ছেলে মজি ফকির।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে অভিযুক্ত রোজি সর্দারানীর সঙ্গে ওই তরুণীর পরিচয় ঘটে। পরিচয়ের পর রোজি তাকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে দৌলতদিয়ায় নিয়ে আসে। এরপর রাত সোয়া ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করিয়ে মজি ফকিরের বাড়িতে নিয়ে যায়। সেখানে রোজি ও মজি ফকির তাকে ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে।

এক মাস পর, তরুণী পতিতাবৃত্তি করতে অস্বীকার করলে ১৭ নভেম্বর রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত রোজি ও মজি ফকির তাকে বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে মারধর করে, যার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

পরে, তার চিৎকারে যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মীদের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মানবপাচার প্রতিরোধ দমন আইনে রোজি ও মজি ফকিরকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে গোয়ালন্দ ঘাট থানার এসআই রাকিবুল ইসলাম মামলার তদন্ত করে উল্লেখিতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা জানান, মামলার আসামি রোজি সর্দারানি ও মজি ফকির পরস্পরের সহযোগিতায় পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে দৌলতদিয়া যৌনপল্লীতে পাচার করে মারধর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে। আজ আদালত এ মামলার রায় ঘোষণা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন নথি ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন নথি ফাঁস

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অধীনে, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে একটি দীর্ঘমেয়াদি বড় পরিকল্পনা তৈরি করা হয়েছিল। এই পরিকল্পনার আওতায় প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করেছিল ফিফা।

তবে, সংস্থাটির অভ্যন্তরীণ সদস্য দেশগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি ওঠার কারণে শেষ পর্যন্ত এই পরিকল্পনাটি বাতিল করতে হয়। এই বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ইনফান্তিনো।

পরবর্তীতে, নিজের অবস্থানের জন্য ক্ষমা চাইলেও ফিফা সভাপতির পদে আরও এক মেয়াদে থাকার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। তার নেতৃত্ব নিয়ে ফুটবলবিশ্বে মতভেদ চলার মধ্যেই এবার সামনে এসেছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য হস্তান্তরের গোপন পরিকল্পনার নথি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পর্যালোচনায় এসব নথির তথ্য প্রকাশিত হয়। এতে ফিফা ও বিনিয়োগকারী জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের মধ্যে হওয়া আলোচনার বিস্তারিত উঠে এসেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগের মাধ্যমে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস (এফএফই) নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করার কথা ছিল।

নথি অনুযায়ী, পুরুষদের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সপ্তাহেই নিউইয়র্কে এই চুক্তি চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছিল ফিফা। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের মাত্র নয় দিন পর গোপন প্রকল্পটির বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ফিফার শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হলে কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি থেকে সরে আসেন ইনফান্তিনো।

ফাঁস হওয়া নথির মধ্যে ফিফার নিজস্ব ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনও রয়েছে। সেখানে বলা হয়েছে, এই চুক্তির কাঠামো তৈরির প্রক্রিয়ায় ফিফার অর্থ বিভাগের কর্মকর্তারা সরাসরি যুক্ত ছিলেন না। পরিকল্পনা অনুযায়ী, মুনাফাভিত্তিক একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করে ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব সেখানে হস্তান্তর করার কথা ছিল। এরপর প্রতিষ্ঠানটি পরবর্তী ৯৬ বছর এসব স্বত্ব বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারত।

এদিকে, থ্রাইভ ক্যাপিটালকে প্রধান বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করার আগে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সের সঙ্গেও আলোচনা করেছিল ফিফা। নথিতে প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করে আনুষ্ঠানিক দরপত্র আহ্বান না করার কারণও ব্যাখ্যা করা হয়েছে।

ফিফার যুক্তি ছিল, প্রস্তাবিত বিনিয়োগের ধরন ছিল বিশেষ ও ব্যতিক্রমী। এ কারণে প্রচলিত দরপত্র প্রক্রিয়ার পরিবর্তে সম্ভাব্য কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়েছিল।

নথিতে আরও দেখা যায়, থ্রাইভ ক্যাপিটাল ১৭ জুলাই ‘প্রজেক্ট বক্স’ নামের পরিকল্পনা নিয়ে ফিফার সঙ্গে একটি সমঝোতামূলক নথি তৈরি করেছিল। এতে ‘ম্যানেজমেন্ট ইনসেনটিভ প্ল্যান’ বা ব্যবস্থাপনা প্রণোদনা পরিকল্পনার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। প্রস্তাব অনুযায়ী, এফএফইর নির্বাহীদের বোনাস নির্ধারণের ক্ষমতা থাকত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের হাতে। আর সেই পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল তৎকালীন ফিফা সভাপতি ইনফান্তিনোর।

তবে বিষয়টি নিয়ে ফিফার বক্তব্য ভিন্ন। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ব্যবসায়িক কাঠামোয় ব্যবস্থাপনা প্রণোদনার ব্যবস্থা থাকা স্বাভাবিক। তবে ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের অনুমোদন ছাড়া পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব ছিল না।

ফিফার দাবি, সদস্য ফেডারেশনগুলোই সংস্থাটির প্রকৃত মালিক। নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এই পরিকল্পনার মাধ্যমে তাদের বাড়তি পারিশ্রমিক পাওয়ার কোনো সুযোগ তৈরি হওয়ার কথা ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মিষ্টি জান্নাতের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মিষ্টি জান্নাতের বক্তব্য

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি জানিয়েছেন, শাকিবের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো এবং বন্ধুত্বপূর্ণ। অতীতে শাকিবকে নিয়ে কিছু মন্তব্যের পেছনে অভিমান কাজ করেছিল বলেও তিনি স্বীকার করেছেন। তবে বর্তমানে তিনি নতুন করে কোনো বিতর্কে জড়াতে চান না।

সম্প্রতি বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয় তুলে ধরেন মিষ্টি জান্নাত।

শাকিব খানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে মিষ্টি জানালেন, তাঁর কিছু মন্তব্য নিয়ে শাকিব আপত্তি জানিয়েছিলেন। শাকিব তাঁকে অনুরোধ করেছেন, যেন তিনি নিজের সম্পর্কে অদ্ভুত বা অপ্রাসঙ্গিক কথা না বলেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই এবং সম্পর্ক বেশ ভালো। একসময় শাকিবের প্রতি অভিমান থেকেই কিছু কথা বলেছিলেন তিনি।

মিষ্টি জানান, শাকিবকে নিয়ে আলোচনা করে আলোচনায় আসার কোনো আগ্রহ তাঁর নেই। তাঁদের সম্পর্কের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, শাকিবের বাসায় তাঁর যাতায়াত রয়েছে এবং শাকিবের মা তাঁর জন্য খাবার রান্না করেছেন। একসঙ্গে বিমানে ভ্রমণ এবং হাত ধরে ছবি তোলার ঘটনাও ঘটেছে। এসব বিষয়কে তাঁদের ভালো সম্পর্কের উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

শাকিব খানের ব্যক্তিত্বের প্রশংসা করে মিষ্টি বলেন, তিনি মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করতে জানেন। তাঁর কাছ থেকে শিখেছেন, অন্যের সামনে কাউকে নিয়ে সমালোচনা না করে সবার সঙ্গে সৌজন্য বজায় রাখা উচিত। দীর্ঘ সময় ধরে তারকাখ্যাতি ধরে রাখা যে সহজ নয়, সে কথাও তিনি উল্লেখ করেন।

নিজের অভিনয়জীবনের কঠিন সময়েও শাকিবের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা জানিয়েছেন মিষ্টি। একসময় সিনেমা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। সে সময় শাকিব খানের ক্যারিয়ারের কঠিন সময়ের কথা মনে পড়ে তাঁর। প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে নতুন করে কাজ শুরু করার শাকিবের মানসিকতা তাঁকে অনুপ্রাণিত করেছে। মিষ্টির মতে, মাঝপথে থেমে না গিয়ে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব।

এদিকে, বিয়ে ও সন্তান নিয়ে নানা প্রশ্নেরও জবাব দিয়েছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন বা আলোচনা তাঁকে বিশেষভাবে ভাবায় না বলে জানিয়েছেন তিনি। নিজের বর্তমান শারীরিক গঠন নিয়ে রসিকতা করে মিষ্টি বলেন, তাঁকে দেখে বিবাহিত মনে হয় কি না, সেটি সাংবাদিকেরাই ভালো বলতে পারবেন।

উল্লেখ্য, গত সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান মিষ্টি জান্নাত। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বাসায় রয়েছেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলপুরে বিকেল ৫টার পর ভিক্ষা নিষিদ্ধ, জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


ফুলপুরে বিকেল ৫টার পর ভিক্ষা নিষিদ্ধ, জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি

ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। নির্ধারিত সময়ের পর যদি কেউ ভিক্ষা করেন, তাহলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনাটি এলাকাজুড়ে কৌতূহল এবং আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে ফুলপুর বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন। তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না।

ঘোষণায় আরো উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের পর ভিক্ষা করার জন্য ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এমন ব্যতিক্রমী ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বাজারের শৃঙ্খলা রক্ষায় উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন যে, স্থানীয় কমিটির জরিমানা বা কারাদণ্ড দেওয়ার আইনগত এখতিয়ার রয়েছে কি না।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, তিনি এ ধরনের কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।

তবে স্থানীয় কমিটির পক্ষ থেকে এমন শাস্তির ঘোষণা দেওয়ার আইনগত ভিত্তি নিয়ে জনমনে প্রশ্ন রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%