প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘মেডিকেয়ার ফর অল’ প্রস্তাব নিয়ে মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল-সাইয়েদের প্রস্তাবের নাম পরিবর্তন করে ‘ট্রাম্পকেয়ার’ রাখার পরামর্শকেও তিনি ইতিবাচকভাবে দেখছেন।
মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, আল-সাইয়েদ একজন বুদ্ধিমান ব্যক্তি এবং তিনি খুব ভালো কাজ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে বৈঠক করার কথাও জানান।
ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা মাঝামাঝি কোনো সমাধানে পৌঁছাতে পারি।’
নির্বাচনি প্রচারে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে প্রধান অঙ্গীকার হিসেবে তুলে ধরেছিলেন ডেমোক্র্যাট নেতা আল-সাইয়েদ। সম্প্রতি তিনি প্রস্তাবটির নাম ‘ট্রাম্পকেয়ার’ রাখার ধারণা সামনে আনেন এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। অপ্রত্যাশিতভাবে, ট্রাম্পও তার সেই পোস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
মঙ্গলবার ওয়াশিংটন পোস্টকে ট্রাম্প বলেন, স্বাস্থ্যসেবা পরিকল্পনার সঙ্গে নিজের নাম যুক্ত করার প্রস্তাবটি ‘খুবই বুদ্ধিদীপ্ত’।
নবনির্বাচিত ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়েও ট্রাম্প আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, একসঙ্গে তারা অনেক ভালো কাজ করতে পারেন, তবে শুরুতে কিছুটা বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেন।
ট্রাম্প বলেন, ‘আমি সবকিছুতে ভেটো দিতে থাকব। একপর্যায়ে আমার মনে হয়, তারা আলোচনায় আসতে চাইবে। তখন আমি রাজি হব। আমরা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে পারব। একসঙ্গে অনেক ভালো কিছু করতে পারব।’
নির্বাচনি প্রচারের সময় ট্রাম্প ও আল-সাইয়েদের মধ্যে তীব্র রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছিল। এক সমাবেশে ট্রাম্প আল-সাইয়েদকে ‘জিহাদি’ বলে আখ্যা দেন এবং তাকে ‘মোহাম্মদ’ নামে সম্বোধন করেন। অথচ আল-সাইয়েদের জন্ম ও বেড়ে ওঠা মিশিগানেই। আরেক সমাবেশে তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার ইঙ্গিতপূর্ণ বক্তব্যও দেন ট্রাম্প।
অন্যদিকে, আল-সাইয়েদও ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, তার নাম কিংবা ধর্মীয় পরিচয় নয়, বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামই সাধারণ মানুষের প্রধান উদ্বেগ।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দুই পক্ষের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে। আল-সাইয়েদ এর আগে জানিয়েছিলেন, সিনেটে নিজের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করতে পারেন—এমন যেকোনো ব্যক্তির সঙ্গে, দলমত নির্বিশেষে, বৈঠকে বসতে তিনি প্রস্তুত।
এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তিনি মিশিগান থেকে নির্বাচিত সিনেটর। দেশের স্বার্থে যেকোনো ব্যক্তির সঙ্গে বৈঠকে তার আপত্তি নেই। এদিকে, আল-সাইয়েদের বৈঠকের আগ্রহের কথা জানার পর গত সপ্তাহেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কার্যালয় থেকে তার সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সূত্র: সিএনএন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন