০৭:০৪ পি.এম
তেহরানের পর এবার ইরানের ধর্মীয় নগরী কোমে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ। আজ মঙ্গলবার সকালে পবিত্র জামকারান মসজিদে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলি। এসময় সাধারণ মানুষের ঢল নামে, এবং অনেককেই অশ্রুসিক্ত চোখে বিলাপ করতে দেখা যায়।
ঐতিহাসিক এই জানাজার নামাজে অংশ নিতে গতকাল বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ শোকাতুর মানুষ কোমে জড়ো হতে শুরু করেন। ভোর হওয়ার আগেই জামকারান মসজিদের ভেতরের প্রাঙ্গণ ও চারপাশের রাস্তাঘাট জনসমুদ্রে পরিণত হয়। শোকগ্রস্ত মানুষ পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে চড়ে লাল ব্যানার এবং ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে সেখানে সমবেত হন।
জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি ইরানের শীর্ষস্থানীয় ধর্মীয় স্কলার, সরকারি কর্মকর্তা ও উচ্চপদস্থ সামরিক কমান্ডাররা অংশ নেন। জানাজা শেষে মরদেহ বহনকারী শোকযাত্রাটি জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমাহর পবিত্র মাজারের উদ্দেশ্যে রওনা হয়।
আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে
এর আগে গত শুক্রবার থেকে তেহরানের মোসাল্লায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই বহুদিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু হয়। বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর শনি ও রবিবার বিদায়ী শ্রদ্ধা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হওয়ার পর গতকাল সোমবার তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে এক বিশাল শোকযাত্রা আজাদি স্কয়ারের দিকে এগিয়ে যায়।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক জোটের আগ্রাসনের প্রথম দিনে এক হামলায় আয়াতুল্লাহ খামেনি পরিবারের অনেক সদস্যসহ নিহত হন। তার মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আয়াতুল্লাহ মোজতবা হোসাইনি খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করেছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার ইরাকে এই শোকানুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে। এরপর আগামী পরশু বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের ধর্মীয় শহর মাশহাদে অষ্টম শিয়া ইমাম, ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে আয়াতুল্লাহ খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দাফন কার্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন