ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গফরগাঁও সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত


গফরগাঁও সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গফরগাঁও সরকারি কলেজে একাদশ শ্রেণি এবং স্নাতক ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যায় পর্যন্ত কলেজ মাঠে গফরগাঁও সরকারি কলেজের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ময়মনসিংহ -১০ (গফরগাঁও - দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, "জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে এখন থেকে। এই সময়ের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। কলেজ কেবল পাঠ্যপুস্তক শেখার জায়গা নয়, এটি চরিত্র, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনের প্রশিক্ষণ ক্ষেত্র।" এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, "নবীন বরণ অনুষ্ঠানে এসে আমি মুগ্ধ। এই কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে ধন্য আমার শিক্ষা জীবন।" নিজের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, "আমি আমার কলেজ জীবনের মতো ১৮ বছর বয়সেই থাকতে চাঁই। আজকে আমি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছি। এই কলেজের শিক্ষার্থী তোমরা একদিন মন্ত্রী এবং প্রধানমন্ত্রী হবে, ইনশাআল্লাহ।"

আরও পড়ুন: গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা নিয়ে বড় সতর্কবার্তা

তিনি আরও বলেন, "শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জ্ঞান ও মেধার বিকাশ ঘটানোর আহ্বান জানান তিনি।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবিকা শামীমা সুলতানা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, শিক্ষাজীবনে সাফল্য অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা অপরিহার্য। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে আদর্শ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু রাহাত ফাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইউসুফ মোঃ শহীদুল্লাহ্। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজের নিয়ম-কানুন মেনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবীন বরন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে

অনুষ্ঠান শেষে এমপি আক্তারুজ্জামান বাচ্চু কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে অনুষ্ঠান মঞ্চে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে

শেরপুরের ঝিনাইগাতীর রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়ন ভূমি কার্যালয়ে এ ঘটনা ঘটে। দুটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের কার্যক্রম মূলত একটি কার্যালয় থেকেই পরিচালিত হয়ে আসছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারস্থ রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে তালা দিয়ে চলে যান। পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখেন। ফায়ার সার্ভিসে খবর দিলে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগেই ভূমি কার্যালয়ের ভেতরে থাকা বেশির ভাগ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। ভবনের একাংশও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা হারুন-অর-রসিদ বলেন, "কে বা কারা আগুন দিয়েছে তা আমড়া দেখিনি, তবে এটি নাশকতামূলক কর্মকাণ্ড। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন জমির কাগজপত্র তুলতে গেলে হয়রানির স্বীকার হতে হবে।" উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার জানান, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া সব নথিপত্র পুড়ে গেছে। জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তদন্তে মার্কিন নিষেধাজ্ঞায় সংকটে আইসিসি’র বিচারক কিম্বার্লি প্রসট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তদন্তে মার্কিন নিষেধাজ্ঞায় সংকটে আইসিসি’র বিচারক কিম্বার্লি প্রসট

লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে দিকনির্দেশনার প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক কিম্বার্লি প্রসট গুগল ম্যাপস অ্যাপটি খুলতে চেষ্টা করেন। কিন্তু অ্যাপটি কাজ করছিল না এবং ম্যাপ দেখা যাচ্ছিল না। ইন্টারনেট সংযোগে কোনো সমস্যা ছিল না; বরং মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে এমনটি ঘটেছিল, যা প্রসট এবং আইসিসির অন্যান্য বিচারকদের ওপর আরোপিত হয়েছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতায় ফেরার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে আইসিসির তদন্তে সহায়তাকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানা, সম্পদ জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞার ব্যবস্থা করা হয়। এরপর থেকে ২০২৬ সালের মধ্যে প্রসটের পাশাপাশি জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ এবং আইসিসি প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

আফগানিস্তানে মার্কিন সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় সংঘটিত অপরাধে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের জবাবে আইসিসিকে দুর্বল করার উদ্দেশ্যে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে মনে করা হয়। সম্প্রতি চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সাথে এক বৈঠকে ট্রাম্প আইসিসির বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা করেছেন এবং আদালতটিকে ‘বেপরোয়া গ্লোবালিস্ট সংস্থা’ হিসেবে অভিহিত করেছেন।

দৈনন্দিন জীবনে নিষেধাজ্ঞার প্রভাব

কানাডীয় আইনজ্ঞ প্রসটের মতে, এই নিষেধাজ্ঞাগুলো আদালতের স্বাভাবিক কার্যক্রম এবং বিচারকদের ব্যক্তিগত জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আপনার দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত চাপ তৈরি হচ্ছে।”

টাকা লেনদেনের ক্ষেত্রেও তাঁকে অনিশ্চয়তায় ভুগতে হচ্ছে। নেদারল্যান্ডস থেকে যুক্তরাজ্যে একটি নবদম্পতিকে বিয়ের উপহার হিসেবে ইউরো থেকে পাউন্ডে অর্থ পাঠাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের আদেশের কারণে তা আটকে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। প্রসট মনে করেন, পশ্চিমা বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের অতিরিক্ত সতর্কতা বা ‘ওভার-কমপ্লায়েন্স’-এর কারণেই এমনটি ঘটছে।

আদালত পরিচালনা ও এখতিয়ারের বিতর্ক

মার্কিন নিষেধাজ্ঞার নির্দিষ্ট কিছু ধারা কার্যকরের আগে আদালতকে ছয় মাসের সময় দেওয়া হলেও পরবর্তীতে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পত্তি আটকে দেওয়া এবং টেলিযোগাযোগ ও সফটওয়্যার সেবা বন্ধের মতো ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে আইসিসি মার্কিন ব্যাংকিং ও প্রযুক্তি ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থায় যাওয়ার উদ্যোগ নিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ নয়; ফলে আইসিসির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াশিংটন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আদালতটিকে ‘ভেঙে ফেলার’ কথা বলেছেন। তবে প্রসটের দাবি, রোম সংবিধির আওতায় ১২৫টি দেশ রয়েছে এবং ফিলিস্তিন ও আফগানিস্তানের মতো চুক্তিভুক্ত রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত অপরাধের তদন্তই আইসিসি করছে।

আফগানিস্তান তদন্ত ও সামনের পথ

২০২০ সালে আফগানিস্তানে সম্ভাব্য অপরাধ তদন্তের অনুমোদন দেওয়ার আপিল চেম্বারের সিদ্ধান্তে যুক্ত থাকার কারণে ২০২৫ সালের আগস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় আসেন প্রসট। এ মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত স্থগিত করার একটি সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে।

চাপ ও ভীতির মুখেও আইসিসির কাজ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন প্রসট। তাঁর ভাষায়, “ভীতি প্রদর্শনের এই কৌশলগুলোর মুখে এখন আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে পারি, তা হলো আমাদের কাজ চালিয়ে যাওয়া। আমাদের মামলা শুনতে হবে। আদালতকে অবশ্যই এগিয়ে যেতে হবে।” সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহবধূর গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


গৃহবধূর গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম সৈকত আলী (২২)।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ২ নং ভেণ্ডাবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামে। গ্রেপ্তার সৈকত আলী ওই গ্রামের আশিকুর রহমানের পুত্র।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে সৈকতের পারিবারিক সম্পর্ক বিদ্যমান। প্রায় পাঁচ মাস আগে সৈকতকে মাদক সেবনে বাধা দেওয়ার কারণে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর ফলস্বরূপ, ওই দিন দুপুরে গৃহবধূ যখন বাড়ির ওয়াশরুমে গোসল করতে যান, তখন সৈকত আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে তার গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।

অভিযোগ অনুযায়ী, একই দিন সন্ধ্যা সাতটার দিকে সৈকত গৃহবধূর বাড়ির সামনে গিয়ে ধারণ করা ভিডিওটি তাকে দেখান। ভিডিওটি মুছে ফেলার বিনিময়ে টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে ভিডিওটি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এই ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ৩১। পরে পুলিশ অভিযান চালিয়ে সৈকত আলীকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভেণ্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডে প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার, স্বচ্ছতা নিশ্চিতের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


ফ্যামিলি কার্ডে প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার, স্বচ্ছতা নিশ্চিতের সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারকে উপকারভোগী হিসেবে নির্বাচিত করা হবে। এ ছাড়া উপকারভোগীদের তথ্য যাচাই এবং আর্থিক সহায়তা বিতরণের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান এবং মো. মোস্তাফিজুর রহমান।

বৈঠকের শুরুতেই প্রথম বৈঠকের সিদ্ধান্ত কার্যকর ও বাস্তবায়নের জন্য কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তর এবং সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন, এতিম ও অসহায় শিশুদের সুরক্ষা এবং চলমান প্রকল্পসমূহের আর্থিক ও বাস্তব অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্থায়ী কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে যেসব প্রকল্প পিছিয়ে রয়েছে, সেগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

ফ্যামিলি কার্ড প্রকৃত উপকারভোগীকে প্রদানের জন্য একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা আছে মর্মে মন্ত্রণালয় কমিটিকে অবহিত করে।

কমিটি সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় এবং সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়। বৈঠকে মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কার্যক্রমে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী এবং সংসদ-সদস্যকে অবহিত করার জন্য সুপারিশ করা হয়।

মাঠপর্যায়ের অফিসে সেবা প্রদান কার্যক্রম গতিশীল করতে জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা চালু এবং সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক পরবর্তী সভায় বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির সভাপতি কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রণালয়কে ফাংশনিং করার জন্য নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রধান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%