প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে দিকনির্দেশনার প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক কিম্বার্লি প্রসট গুগল ম্যাপস অ্যাপটি খুলতে চেষ্টা করেন। কিন্তু অ্যাপটি কাজ করছিল না এবং ম্যাপ দেখা যাচ্ছিল না। ইন্টারনেট সংযোগে কোনো সমস্যা ছিল না; বরং মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে এমনটি ঘটেছিল, যা প্রসট এবং আইসিসির অন্যান্য বিচারকদের ওপর আরোপিত হয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতায় ফেরার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে আইসিসির তদন্তে সহায়তাকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানা, সম্পদ জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞার ব্যবস্থা করা হয়। এরপর থেকে ২০২৬ সালের মধ্যে প্রসটের পাশাপাশি জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ এবং আইসিসি প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
আফগানিস্তানে মার্কিন সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় সংঘটিত অপরাধে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের জবাবে আইসিসিকে দুর্বল করার উদ্দেশ্যে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে মনে করা হয়। সম্প্রতি চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সাথে এক বৈঠকে ট্রাম্প আইসিসির বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা করেছেন এবং আদালতটিকে ‘বেপরোয়া গ্লোবালিস্ট সংস্থা’ হিসেবে অভিহিত করেছেন।
দৈনন্দিন জীবনে নিষেধাজ্ঞার প্রভাব
কানাডীয় আইনজ্ঞ প্রসটের মতে, এই নিষেধাজ্ঞাগুলো আদালতের স্বাভাবিক কার্যক্রম এবং বিচারকদের ব্যক্তিগত জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আপনার দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত চাপ তৈরি হচ্ছে।”
টাকা লেনদেনের ক্ষেত্রেও তাঁকে অনিশ্চয়তায় ভুগতে হচ্ছে। নেদারল্যান্ডস থেকে যুক্তরাজ্যে একটি নবদম্পতিকে বিয়ের উপহার হিসেবে ইউরো থেকে পাউন্ডে অর্থ পাঠাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের আদেশের কারণে তা আটকে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। প্রসট মনে করেন, পশ্চিমা বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের অতিরিক্ত সতর্কতা বা ‘ওভার-কমপ্লায়েন্স’-এর কারণেই এমনটি ঘটছে।
আদালত পরিচালনা ও এখতিয়ারের বিতর্ক
মার্কিন নিষেধাজ্ঞার নির্দিষ্ট কিছু ধারা কার্যকরের আগে আদালতকে ছয় মাসের সময় দেওয়া হলেও পরবর্তীতে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পত্তি আটকে দেওয়া এবং টেলিযোগাযোগ ও সফটওয়্যার সেবা বন্ধের মতো ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে আইসিসি মার্কিন ব্যাংকিং ও প্রযুক্তি ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থায় যাওয়ার উদ্যোগ নিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ নয়; ফলে আইসিসির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াশিংটন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আদালতটিকে ‘ভেঙে ফেলার’ কথা বলেছেন। তবে প্রসটের দাবি, রোম সংবিধির আওতায় ১২৫টি দেশ রয়েছে এবং ফিলিস্তিন ও আফগানিস্তানের মতো চুক্তিভুক্ত রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত অপরাধের তদন্তই আইসিসি করছে।
আফগানিস্তান তদন্ত ও সামনের পথ
২০২০ সালে আফগানিস্তানে সম্ভাব্য অপরাধ তদন্তের অনুমোদন দেওয়ার আপিল চেম্বারের সিদ্ধান্তে যুক্ত থাকার কারণে ২০২৫ সালের আগস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় আসেন প্রসট। এ মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত স্থগিত করার একটি সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে।
চাপ ও ভীতির মুখেও আইসিসির কাজ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন প্রসট। তাঁর ভাষায়, “ভীতি প্রদর্শনের এই কৌশলগুলোর মুখে এখন আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে পারি, তা হলো আমাদের কাজ চালিয়ে যাওয়া। আমাদের মামলা শুনতে হবে। আদালতকে অবশ্যই এগিয়ে যেতে হবে।” সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন