প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ঐতিহ্যবাহী গফরগাঁও সরকারি কলেজে একাদশ শ্রেণি এবং স্নাতক ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যায় পর্যন্ত কলেজ মাঠে গফরগাঁও সরকারি কলেজের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ময়মনসিংহ -১০ (গফরগাঁও - দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, "জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে এখন থেকে। এই সময়ের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। কলেজ কেবল পাঠ্যপুস্তক শেখার জায়গা নয়, এটি চরিত্র, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনের প্রশিক্ষণ ক্ষেত্র।" এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, "নবীন বরণ অনুষ্ঠানে এসে আমি মুগ্ধ। এই কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে ধন্য আমার শিক্ষা জীবন।" নিজের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, "আমি আমার কলেজ জীবনের মতো ১৮ বছর বয়সেই থাকতে চাঁই। আজকে আমি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছি। এই কলেজের শিক্ষার্থী তোমরা একদিন মন্ত্রী এবং প্রধানমন্ত্রী হবে, ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, "শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জ্ঞান ও মেধার বিকাশ ঘটানোর আহ্বান জানান তিনি।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবিকা শামীমা সুলতানা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, শিক্ষাজীবনে সাফল্য অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা অপরিহার্য। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে আদর্শ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু রাহাত ফাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইউসুফ মোঃ শহীদুল্লাহ্। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজের নিয়ম-কানুন মেনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবীন বরন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এমপি আক্তারুজ্জামান বাচ্চু কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে অনুষ্ঠান মঞ্চে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন