ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য আসন সংরক্ষণ ও বিশেষ কোটা


স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য আসন সংরক্ষণ ও বিশেষ কোটা

সরকার ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে বেসরকারি স্কুলে। এই নতুন নীতিমালায় একই পরিবারের ভাইবোনদের জন্য একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ নিশ্চিত করতে বিশেষ কোটার ব্যবস্থা রাখা হয়েছে।

নীতিমালার আওতায়, ২০২৭ শিক্ষাবর্ষে সহোদর ভাইবোনদের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাইবোনদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ আসন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে এই নীতিমালায়। বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬-এর নিবন্ধন ১৭ নভেম্বর পর্যন্ত

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর ভাই বা বোন আগে থেকেই অধ্যয়নরত থাকে, তাহলে নতুন আবেদনকারীর জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। একইভাবে, যদি কোনো শিক্ষার্থীর যমজ ভাই বা বোন আগে থেকেই ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তবে নতুন আবেদনকারীর জন্য ২ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। এই সুবিধা সর্বাধিক তিন সন্তান পর্যন্ত প্রযোজ্য হবে।

অর্থাৎ, যদি কোনো পরিবারের একজন সন্তান আগে থেকেই একটি বিদ্যালয়ে পড়াশোনা করে, তাহলে তার অন্য সন্তানদের ভর্তির আবেদনের ক্ষেত্রে এ কোটা বিবেচনা করা হবে। আবার, যমজ ভাইবোনের একজন যদি আগে থেকে ওই বিদ্যালয়ে পড়েন, তবে অন্যজনও নির্ধারিত কোটায় ভর্তির সুযোগ পাবে। তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হবে।

মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এই কোটা সুবিধা পেতে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। ভর্তির সময় মূল কাগজপত্র দেখাতে হবে। মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম গ্রহণ করতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা রয়েছে। এই ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা থাকার শর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্যও ৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। এ সুবিধা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

আরও পড়ুন: আফতাবনগরে শিশুদের বইয়ের জগতে ফেরাতে আলোকায়নের ব্যতিক্রমী উদ্যোগ

এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ রয়েছে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে। নতুন কর্মস্থলের নিকটবর্তী বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতি শ্রেণির শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, যদি কোনো কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না যায়, তাহলে সংশ্লিষ্ট আসন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই কোটার জন্য আসন খালি রাখা যাবে না।

আবেদন ফরমের মূল্য

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরমের মূল্যও নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা। দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে এই মূল্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

নীতিমালা অনুযায়ী, লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে এমন শ্রেণির আবেদন ফরম বিদ্যালয়ের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। বিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ফরম সংগ্রহের ব্যবস্থা রাখা যাবে। আবেদন ফরম বিতরণ ও জমা দেওয়ার বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে হবে। ফরম বিতরণের জন্য কমপক্ষে সাত কর্মদিবস সময় দিতে হবে।

আবেদন ফরমের নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। ফরম জমা দেওয়ার সময় শিক্ষার্থীর রোল নম্বরসহ প্রবেশপত্র দিতে হবে। ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

ভর্তি ফি কত?

আবেদন ফরমের মূল্য ছাড়াও ভর্তি ও অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের নির্ধারিত সীমা অনুসরণ করতে হবে। নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। অন্যান্য মহানগর এলাকায় তিন হাজার টাকা, জেলা শহরে দুই হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে এক হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: শাহজালাল হলে সিট বরাদ্দের অভিযোগে তদন্তের দাবি ছাত্রশিবিরের

এছাড়া এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি ও অন্যান্য ফি আদায়ের নিয়মে পৃথক নির্দেশনা রয়েছে। ঢাকা মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা থেকে বিরত থাকতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, সরকার নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ আদায় করা যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত শূন্য আসনের বাইরে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: কুবির ভর্তি পরীক্ষার আবেদন ১০ ডিসেম্বর শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


বরিশালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পড়েছে

বরিশাল, ১১ নভেম্বর, ২০২৬ : কীর্তনখোলা নদীতে একটি কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের (বুম) অংশ ভেঙে পড়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন ঘাটে এই দুর্ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাপ্তাহিক মহড়া ও পরিচ্ছন্নতার অংশ হিসেবে আজ সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেনের কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে কাজ শুরু হওয়ার মাত্র ৫ সেকেন্ডের মধ্যে যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করে ক্রেনের সামনের একটি অংশ ভেঙে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত উদ্ধারকারী জাহাজ এবং পড়ে যাওয়া ক্রেনটি উদ্ধারের জন্য কর্তৃপক্ষ ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।

এ লক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ’র অপর একটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. সেলিম মিয়া জানিয়েছেন, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এই ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের অভিযোগ তুললেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের অভিযোগ তুললেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা

ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের অভিযোগ তুলেছেন জেমাইমা গোল্ডস্মিথ, যিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক সময়ের স্ত্রী।

জেমাইমা অভিযোগ করেন যে, রাসেল ব্র্যান্ডের সঙ্গে তার সম্পর্ক চলাকালে ব্র্যান্ড তার ওপর ‘সহিংসতা, জোর-জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ ও নির্যাতন’ চালিয়েছিলেন। সম্প্রতি ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ডের পর তিনি এ বিষয়ে মুখ খোলেন।

জেমাইমা গোল্ডস্মিথ যুক্তরাজ্যের প্রয়াত ধনকুবের ব্যবসায়ী স্যার জেমস গোল্ডস্মিথের কন্যা এবং সাবেক কনজারভেটিভ সরকারের মন্ত্রী জ্যাক গোল্ডস্মিথের বোন।

পেশায় একজন টিভি ও চলচ্চিত্র প্রযোজক এবং চিত্রনাট্যকার, জেমাইমা ১৯৯৫ সালে মাত্র ২১ বছর বয়সে পাকিস্তানের অবসরপ্রাপ্ত ক্রিকেটার ইমরান খানকে বিয়ে করেন, যিনি পরবর্তীতে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ইমরান খান ও জেমাইমার দুই ছেলে, কাসিম খান ও সুলাইমান খান, রয়েছে। ৯ বছর পর ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। জেমাইমার ব্রিটিশ ও পাকিস্তানি নাগরিকত্ব রয়েছে, তবে তিনি দুই ছেলেসহ যুক্তরাজ্যে বসবাস করেন।

বিচ্ছেদের পর ২০১৪ সালে রাসেল ব্র্যান্ডের সঙ্গে জড়ান জেমাইমা। তাদের সম্পর্কটি মাত্র এক বছরের মতো স্থায়ী হয়েছিল। সম্প্রতি রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগ উঠেছে।

গত সোমবার (৯ নভেম্বর) ৫১ বছর বয়সি ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সাড়ে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০০৯ সালে নিজ বাড়িতে এক নারীকে ধর্ষণের পাশাপাশি আরও তিন নারীর ওপর যৌন নিপীড়নের তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এরপরেই জেমাইমা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি জানান, ২০১৪ সালে তার সঙ্গে এক সহিংস ঘটনা ঘটে। ওই ঘটনার পর ব্র্যান্ডকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য তাকে পুলিশ ডাকতে হয়েছিল। তবে তিনি তখন মামলা বা আনুষ্ঠানিক অভিযোগ না করার সিদ্ধান্ত নেন।

জেমাইমা বলেন, ‘সে সময় আমার কিশোর বয়সি সন্তানদের ওপর সংবাদমাধ্যমের অতিরিক্ত মনোযোগ কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম।’

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আদালতে নারীরা যে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন, তার তুলনায় আমার কষ্ট কিছুই নয়। তবে এটা ছিল আমার জীবনের একটি কঠিন সময়, যার প্রভাব এখনো রয়ে গেছে।’

গোল্ডস্মিথ জানান, ২০১৪ সালের পর থেকে রাসেল ব্র্যান্ডের সঙ্গে তার আর দেখা বা কথা হয়নি। তবে তিনি সাংবাদিকদের অভিযোগ প্রকাশে সহযোগিতা করেছেন বলে দাবি করেন। তিনি জানান, ব্র্যান্ডের বিরুদ্ধে মামলা হলে তার ‘নির্যাতনমূলক আচরণের’ বিষয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত ছিলেন।

নিজের বিবৃতিতে ২০১৫ সালের অক্টোবরে ব্র্যান্ড ও তার বিরুদ্ধে নেওয়া একটি আদালতের নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন গোল্ডস্মিথ। ওই নিষেধাজ্ঞার মাধ্যমে সিলভিয়া বারকি নামের এক নারীকে তাদের হয়রানি করা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে গোল্ডস্মিথের বাড়িতে ব্র্যান্ডের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগও অন্তর্ভুক্ত ছিল। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল এর আগের বছর।

সোমবার গোল্ডস্মিথ জানান, ২০১৪ সালের ৭ জুন ব্র্যান্ডকে ম্যাসাজ সেবা দিতে বারকি প্রায় ৩০ মিনিটের জন্য তার বাড়িতে এসেছিলেন। তবে বারকি সেখানে পৌঁছানোর পর শেষ পর্যন্ত ম্যাসাজ সেবাটি আর হয়নি।

গোল্ডস্মিথের ভাষ্য, পরে বারকি পুলিশকে জানিয়েছিলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় ব্র্যান্ড তার পিঠে ধাক্কা দিয়েছিলেন এবং গোল্ডস্মিথের পোষা কুকুর তাকে আক্রমণ করেছিল। তবে গোল্ডস্মিথ দাবি করেন, ওই সময় তিনি ‘সন্দেহজনক কিছুই দেখেননি’।

তিনি আরও জানান, পুলিশকে নিজের বক্তব্য ও বাড়ির সিসিটিভি ফুটেজ দেওয়ার পর তদন্ত শেষে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা করার মতো কোনো উপাদান পাওয়া যায়নি।

গোল্ডস্মিথ অভিযোগ করেন, এরপর বারকি তাকে একের পর এক ‘বিদ্বেষপূর্ণ ইহুদিবিদ্বেষী ও হুমকিমূলক’ বার্তা পাঠাতে থাকেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ‘ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ’ প্রকাশ করেন।

তিনি বলেন, পরে ব্র্যান্ডের আইনজীবীর পরামর্শে হয়রানি বন্ধে আদালতের নিষেধাজ্ঞা নেওয়ার বিষয়ে সম্মত হন। তবে সম্প্রতি সংবাদমাধ্যমে ওই নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর অনলাইনে তাকে ‘জঘন্য ঘৃণা ও নির্যাতনের’ মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন গোল্ডস্মিথ।

২০২৩ সালে রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে যুক্ত ছিলেন সানডে টাইমসের প্রধান সংবাদদাতা রোজামুন্ড আরউইন। তিনি বিবিসিকে বলেন, গোল্ডস্মিথ তাকে ‘অনেকভাবে’ সহযোগিতা করেছিলেন।

আরউইন বলেন, ‘অনলাইনে তার ওপর যে নির্যাতন চলছে, তা আমি দেখেছি। আমি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, ঘটনার একটি অংশ তাঁদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল।’

তিনি আরও বলেন, ‘আমার ইচ্ছা, মানুষ যেন মনে রাখেন, যেসব নারী সামনে এসে নিজেদের অভিজ্ঞতার কথা বলেন, তারা সাহসী। আর আজ রাতে রাসেল ব্র্যান্ড তার সঙ্গে কেমন আচরণ করেছিলেন, তা প্রকাশ্যে বলে তিনি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন।’

তথ্যসূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের অধিনায়ক হিসেবে হামজার অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


বাংলাদেশের অধিনায়ক হিসেবে হামজার অভিষেক

অবশেষে বাংলাদেশের আর্মব্যান্ড হামজা চৌধুরীর হাতে উঠতে যাচ্ছে। শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার সাফ চ্যাম্পিয়নশিপের শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়কত্ব গ্রহণ করবেন।

বাংলাদেশ বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হবে। এই ম্যাচে হামজা চৌধুরী বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। দলের সূত্র সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছে। সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ এই ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

হামজা চৌধুরী বলেছেন, “কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।” সাফ খেলতে দেশের মাটিতে পা রেখেই অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান তিনি এভাবে পরিষ্কার করেছেন। ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার সবসময় দলের ঐক্য ও ড্রেসিংরুমের পরিবেশকে অগ্রাধিকার দেন। দলের প্রয়োজনেই এবার তিনি আর্মব্যান্ড বাহুতে তুলে নিচ্ছেন।

বাংলাদেশের অধিনায়কের পদ নিয়ে কিছুদিন ধরে অনিশ্চয়তা চলছিল। জামাল ভূঁইয়া দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন, তবে তার অনুপস্থিতিতে তপু বর্মণ কিংবা সোহেল রানার হাতে অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে। সাফ চ্যাম্পিয়নশিপেও এই অনিশ্চয়তা অব্যাহত ছিল।

টুর্নামেন্ট শুরুর আগে জামালকে অধিনায়ক ভাবা হলেও অবশেষে সবাইকে অবাক করে তপুকে দায়িত্ব দেন কোচ থমাস ডুলি। তবে ভুটানের বিরুদ্ধে তপুর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন জামাল।

দেশকে প্রথমবার নেতৃত্ব দিতে নামলেও ক্লাব ফুটবলে অধিনায়কের ভূমিকা পালনের অভিজ্ঞতা রয়েছে হামজার। ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার প্রিমিয়ার লিগ ও ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটিকে বেশ কয়েকবার নেতৃত্ব দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের স্বামী-স্ত্রীর কর্মস্থলে বদলির সুযোগের দাবি প্রাথমিক শিক্ষক সমিতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


শিক্ষকদের স্বামী-স্ত্রীর কর্মস্থলে বদলির সুযোগের দাবি প্রাথমিক শিক্ষক সমিতির

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সরকারের কাছে আবেদন করেছে, যাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা অথবা কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ নিশ্চিত করা হয়। এ বিষয়ে কার্যকর নির্দেশনা জারির জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর আবেদনটি করা হয়েছে।

সম্প্রতি এই আবেদনটি সংগঠনটির পক্ষ থেকে করা হয়। আবেদনে উল্লেখ করা হয়েছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক তাদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা বা কর্মস্থল থেকে দূরে চাকরি করছেন। দূরে চাকরি করার ফলে তারা দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে, দাম্পত্য জীবনে একসঙ্গে বসবাস, সন্তানদের লালন-পালন এবং বয়স্ক বাবা-মায়ের দেখাশোনা করার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের।

দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি শিক্ষকদের পারিবারিক জীবন ও মানসিক স্বস্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই মানবিক দিক বিবেচনায় প্রচলিত বদলি নীতিমালা এবং সরকারি আদেশের আলোকে স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা কিংবা কর্মস্থলের কাছাকাছি বিদ্যালয়ে বদলির সুযোগ দেয়ার দাবি জানানো হয়েছে।

সমিতির আবেদনে আরো বলা হয়েছে, বদলির ক্ষেত্রে বিদ্যালয়ের শূন্যপদ, শিক্ষক চাহিদা এবং প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় রেখে একটি সহজ, স্বচ্ছ ও কার্যকর বদলি ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এতে শিক্ষকদের পারিবারিক সমস্যা কমানোর পাশাপাশি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও স্বাভাবিক রাখা সম্ভব হবে।

সংগঠনটি জানায়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মরত আছেন। তাদের পারিবারিক ও মানবিক সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে বদলির সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আশা প্রকাশ করেছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইতিবাচক উদ্যোগ শিক্ষকদের পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়নে সাহায্য করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%