০৪:৩৩ পি.এম
ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের অভিযোগ তুলেছেন জেমাইমা গোল্ডস্মিথ, যিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক সময়ের স্ত্রী।
জেমাইমা অভিযোগ করেন যে, রাসেল ব্র্যান্ডের সঙ্গে তার সম্পর্ক চলাকালে ব্র্যান্ড তার ওপর ‘সহিংসতা, জোর-জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ ও নির্যাতন’ চালিয়েছিলেন। সম্প্রতি ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ডের পর তিনি এ বিষয়ে মুখ খোলেন।
জেমাইমা গোল্ডস্মিথ যুক্তরাজ্যের প্রয়াত ধনকুবের ব্যবসায়ী স্যার জেমস গোল্ডস্মিথের কন্যা এবং সাবেক কনজারভেটিভ সরকারের মন্ত্রী জ্যাক গোল্ডস্মিথের বোন।
আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে
পেশায় একজন টিভি ও চলচ্চিত্র প্রযোজক এবং চিত্রনাট্যকার, জেমাইমা ১৯৯৫ সালে মাত্র ২১ বছর বয়সে পাকিস্তানের অবসরপ্রাপ্ত ক্রিকেটার ইমরান খানকে বিয়ে করেন, যিনি পরবর্তীতে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ইমরান খান ও জেমাইমার দুই ছেলে, কাসিম খান ও সুলাইমান খান, রয়েছে। ৯ বছর পর ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। জেমাইমার ব্রিটিশ ও পাকিস্তানি নাগরিকত্ব রয়েছে, তবে তিনি দুই ছেলেসহ যুক্তরাজ্যে বসবাস করেন।
বিচ্ছেদের পর ২০১৪ সালে রাসেল ব্র্যান্ডের সঙ্গে জড়ান জেমাইমা। তাদের সম্পর্কটি মাত্র এক বছরের মতো স্থায়ী হয়েছিল। সম্প্রতি রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগ উঠেছে।
গত সোমবার (৯ নভেম্বর) ৫১ বছর বয়সি ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সাড়ে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০০৯ সালে নিজ বাড়িতে এক নারীকে ধর্ষণের পাশাপাশি আরও তিন নারীর ওপর যৌন নিপীড়নের তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
এরপরেই জেমাইমা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি জানান, ২০১৪ সালে তার সঙ্গে এক সহিংস ঘটনা ঘটে। ওই ঘটনার পর ব্র্যান্ডকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য তাকে পুলিশ ডাকতে হয়েছিল। তবে তিনি তখন মামলা বা আনুষ্ঠানিক অভিযোগ না করার সিদ্ধান্ত নেন।
জেমাইমা বলেন, ‘সে সময় আমার কিশোর বয়সি সন্তানদের ওপর সংবাদমাধ্যমের অতিরিক্ত মনোযোগ কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম।’
সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আদালতে নারীরা যে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন, তার তুলনায় আমার কষ্ট কিছুই নয়। তবে এটা ছিল আমার জীবনের একটি কঠিন সময়, যার প্রভাব এখনো রয়ে গেছে।’
গোল্ডস্মিথ জানান, ২০১৪ সালের পর থেকে রাসেল ব্র্যান্ডের সঙ্গে তার আর দেখা বা কথা হয়নি। তবে তিনি সাংবাদিকদের অভিযোগ প্রকাশে সহযোগিতা করেছেন বলে দাবি করেন। তিনি জানান, ব্র্যান্ডের বিরুদ্ধে মামলা হলে তার ‘নির্যাতনমূলক আচরণের’ বিষয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত ছিলেন।
আরও পড়ুন: এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
নিজের বিবৃতিতে ২০১৫ সালের অক্টোবরে ব্র্যান্ড ও তার বিরুদ্ধে নেওয়া একটি আদালতের নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন গোল্ডস্মিথ। ওই নিষেধাজ্ঞার মাধ্যমে সিলভিয়া বারকি নামের এক নারীকে তাদের হয়রানি করা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে গোল্ডস্মিথের বাড়িতে ব্র্যান্ডের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগও অন্তর্ভুক্ত ছিল। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল এর আগের বছর।
সোমবার গোল্ডস্মিথ জানান, ২০১৪ সালের ৭ জুন ব্র্যান্ডকে ম্যাসাজ সেবা দিতে বারকি প্রায় ৩০ মিনিটের জন্য তার বাড়িতে এসেছিলেন। তবে বারকি সেখানে পৌঁছানোর পর শেষ পর্যন্ত ম্যাসাজ সেবাটি আর হয়নি।
গোল্ডস্মিথের ভাষ্য, পরে বারকি পুলিশকে জানিয়েছিলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় ব্র্যান্ড তার পিঠে ধাক্কা দিয়েছিলেন এবং গোল্ডস্মিথের পোষা কুকুর তাকে আক্রমণ করেছিল। তবে গোল্ডস্মিথ দাবি করেন, ওই সময় তিনি ‘সন্দেহজনক কিছুই দেখেননি’।
তিনি আরও জানান, পুলিশকে নিজের বক্তব্য ও বাড়ির সিসিটিভি ফুটেজ দেওয়ার পর তদন্ত শেষে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা করার মতো কোনো উপাদান পাওয়া যায়নি।
আরও পড়ুন: সৌদী আরব ফেব্রুয়ারির পর আবারও সর্বোচ্চ তেল উৎপাদনে ফিরলো
গোল্ডস্মিথ অভিযোগ করেন, এরপর বারকি তাকে একের পর এক ‘বিদ্বেষপূর্ণ ইহুদিবিদ্বেষী ও হুমকিমূলক’ বার্তা পাঠাতে থাকেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ‘ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ’ প্রকাশ করেন।
তিনি বলেন, পরে ব্র্যান্ডের আইনজীবীর পরামর্শে হয়রানি বন্ধে আদালতের নিষেধাজ্ঞা নেওয়ার বিষয়ে সম্মত হন। তবে সম্প্রতি সংবাদমাধ্যমে ওই নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর অনলাইনে তাকে ‘জঘন্য ঘৃণা ও নির্যাতনের’ মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন গোল্ডস্মিথ।
২০২৩ সালে রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে যুক্ত ছিলেন সানডে টাইমসের প্রধান সংবাদদাতা রোজামুন্ড আরউইন। তিনি বিবিসিকে বলেন, গোল্ডস্মিথ তাকে ‘অনেকভাবে’ সহযোগিতা করেছিলেন।
আরউইন বলেন, ‘অনলাইনে তার ওপর যে নির্যাতন চলছে, তা আমি দেখেছি। আমি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, ঘটনার একটি অংশ তাঁদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল।’
আরও পড়ুন: আমি ধার্মিক, নরকে যেতে চাই না: ট্রাম্প
তিনি আরও বলেন, ‘আমার ইচ্ছা, মানুষ যেন মনে রাখেন, যেসব নারী সামনে এসে নিজেদের অভিজ্ঞতার কথা বলেন, তারা সাহসী। আর আজ রাতে রাসেল ব্র্যান্ড তার সঙ্গে কেমন আচরণ করেছিলেন, তা প্রকাশ্যে বলে তিনি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন।’
তথ্যসূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন