১০:২৯ এম
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলার বারায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের বিক্ষোভের কারণে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের এই সংঘর্ষে অন্তত পাঁচ বিক্ষোভকারী আহত হয়েছেন। সংঘর্ষের সময় সরকারি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ জানায়, এ ঘটনায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে। অপরদিকে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি ও তাঁদের মারধরের অভিযোগ উঠেছে। হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সের এক চিকিৎসক ডনকে জানিয়েছেন, ওই হাসপাতালে এক ডজনের বেশি আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে, যাদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন।
গভর্নরের শাসন জারি এবং ১২টি জেলায় জরুরি অবস্থা ঘোষণার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করে পিটিআই। গভর্নরের শাসন জারির ফলে দলের নেতা সোহেল আফ্রিদির মুখ্যমন্ত্রীর দায়িত্ব কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার
বিকেলে বারাবাজারের খাইবার চকে বিক্ষোভে অংশ নিতে পিটিআইয়ের বিপুলসংখ্যক কর্মী জড়ো হন। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কিছু বিক্ষোভকারী সরে গেলেও পরে স্থানীয় আইনপ্রণেতা আবদুল গনি আফ্রিদি আরও সমর্থক নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে পিছু হটতে বাধ্য করেন। কিছু পুলিশ সদস্য আশপাশের দোকান ও বাণিজ্যিক ভবনে আশ্রয় নেন। পরে বিক্ষোভকারীরা তাঁদের কয়েকজনকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসেন বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং শূন্যে গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে।
এ সময় ন্যাশনাল ডেটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির (এনএডিআরএ) একটি কার্যালয় এবং রেসকিউ ১১২২ ভবনের একাংশে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ খাইবার চক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তবে বিক্ষোভ শেষ হওয়ার পরও বারাবাজারে প্রবেশের সব সড়ক বন্ধ ছিল।
বারার রাজনৈতিক জোটের নেতারা পিটিআই কর্মী ও পুলিশ উভয় পক্ষকে সহিংস সংঘর্ষ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: সৌদিতে হামলা চালিয়ে ক্রমবর্ধমান শক্তির প্রমাণ দিচ্ছে হুথিরা
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অস্থিরতা ছড়ানোর চেষ্টার অভিযোগে বারায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে খাইবার পাখতুনখোয়ার তথ্য ও সম্প্রচারবিষয়ক নতুন উপদেষ্টা সামার হারুন বিলোর জানিয়েছেন, ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত পিটিআই-সংশ্লিষ্ট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁদের মধ্যে ২৫ জন অবৈধভাবে অবস্থানরত আফগান নাগরিক।
সামার হারুন বিলোরের অভিযোগ, পিটিআই নেতাদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বারাচকে অস্থিরতা তৈরির চেষ্টা করেন এবং সরকারি সম্পত্তির ক্ষতি করেন। তাঁর দাবি, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এ ঘটনায় গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আটক ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যমটি।
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’ দাবি অনন্ত কুমার সিংয়ের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন