ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৮ টাকা, শিক্ষার্থীদের ৩৪ টাকা


ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৮ টাকা, শিক্ষার্থীদের ৩৪ টাকা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের যাত্রীদের জন্য বাসভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বাস মালিক, ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

গত ৫ অক্টোবর রাতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদের সভাপতিত্বে পরিবহন মালিক, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবহন মালিকরা ২ দিনের সময় চেয়েছিলেন। দুই দিন পর আবার প্রশাসক চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এই কারণে ছাত্ররা ধর্মঘটের কর্মসূচী স্থগিত ঘোষণা করেছেন।

জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ জানান, বুধবারের বৈঠকে যাত্রীদের ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস ৩৪ টাকা নির্ধারণের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা এই সুবিধা প্রযোজ্য থাকবে।

আরও পড়ুন: ভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিকদের পিটিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাস মালিকরা ৫৮ টাকা ভাড়া গ্রহণের বিষয়ে সম্মতি জানালেও তাদের টোল কমানোর জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, বাস ভাড়া নিয়ে বাস মালিকদের মধ্যে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেটি অনেকাংশে সমাধানের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে। নীতিগতভাবে সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছানো হয়েছে এবং উভয়পক্ষ আন্তরিকতার সাথে সৌহার্দপূর্ণ আলোচনা করেছে।

এর আগে ভাড়া নির্ধারণ নিয়ে প্রশাসন, বাস মালিক ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের মধ্যে দুই দফা মিটিং অনুষ্ঠিত হলেও সমাধান হয়নি। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিলেন এবং কেউই সরে আসেননি। এ নিয়ে নারায়ণগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল।

সবশেষ গত ১ অক্টোবর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল সাত ছাত্র সংগঠনের জোট ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। তাদের আল্টিমেটামে উল্লেখ করা হয়েছিল যে, ৩ অক্টোবরের মধ্যে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়া নির্ধারণ ও শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী হাফ পাস চালুর দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে ৬ অক্টোবর থেকে সড়ক অবরোধের মাধ্যমে নারায়ণগঞ্জে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।

জোটভুক্ত সংগঠনগুলো হলো- বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

আরও পড়ুন: রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে পাওনা ১৮০ টাকা চাওয়ায় মসলা বিক্রেতাকে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


বাগেরহাটে পাওনা ১৮০ টাকা চাওয়ায় মসলা বিক্রেতাকে ছুরিকাঘাত

বাগেরহাটের মোল্লাহাটে পাওনা ১৮০ টাকা চাওয়ার কারণে চন্দন চক্রবর্তী (২৮) নামের এক মসলা বিক্রেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনার সময় তার ভাইকেও মাথায় আঘাত করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর গাড়ফা বাজারে এই হামলার ঘটনা ঘটে।

আহত চন্দন চক্রবর্তী এবং তার ভাই মেহেরপুর গ্রামের অমৃত চক্রবর্তীর সন্তান। আহত চন্দন জানান, দের বোয়ালিয়া (হালিমপুর) এলাকার এক আইসক্রিম বিক্রেতা তার কাছ থেকে ৮০ টাকার মসলা বাকিতে নেন। একই ব্যক্তির এক ছেলে আরও ১০০ টাকার মসলা বাকিতে নেন। পরে পাওনা টাকা চাইতে গেলে আইসক্রিম বিক্রেতার তিন ছেলে একযোগে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে চন্দনকে ছুরিকাঘাত করা হয় এবং তার ভাইকে মাথায় আঘাত করা হয়।

ঘটনার পর স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চন্দন চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুভেন্দুর দাবি, গুজরাট বিজেপি সরকার তিন লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


শুভেন্দুর দাবি, গুজরাট বিজেপি সরকার তিন লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাড়িয়েছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার দাবি করেছেন যে, গুজরাটের বিজেপি সরকার রাজ্য থেকে তিন লাখেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, দীর্ঘ ৫০ বছরের কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) শাসন পশ্চিমবঙ্গকে "ধ্বংস" করেছে।

মেহসানা জেলার ভাদনগরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মভূমিতে অনুষ্ঠিত 'বারাণসী টু ভাদনগর সেবা যাত্রা'-র সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী মোদী না থাকলে যে পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ পৌঁছেছিল, সেখান থেকে রাজ্যকে রক্ষা করা কঠিন হতো।

বাম ও তৃণমূলের সমালোচনা করে তিনি দাবি করেন, "কমিউনিস্ট ও তৃণমূল উভয়ই মিলে কেবল পশ্চিমবঙ্গকে ধ্বংসই করেনি, জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করতে কাজ করেছে।"

তিনি আরো দাবি করেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি তাদের রাজ্য থেকে ৩ লাখেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাড়িয়েছেন। শুভেন্দু প্রশ্ন তোলেন, "তারা (অনুপ্রবেশকারীরা) কোথা থেকে এসেছে? তারা সবাই মমতা ব্যানার্জির আশ্রয়ে এসেছিল। পুরো ৬০০ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত রাখা হয়েছিল।"

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি ও নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি জানান, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার প্রতিশ্রুতিতে বলা হয়েছিল যে, সরকার গঠন হলে ৪৫ দিনের মধ্যে সীমান্ত রক্ষীবাহিনীকে (বিএসএফ) জমি দেওয়া নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের উন্নয়নের গ্যারান্টি দিয়েছিলেন এবং ৫০ বছর পর রাজ্যে এক জাতীয়তাবাদী "ডাবল-ইঞ্জিন" সরকার গড়ে উঠেছে, যার অধীনে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাসন যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি এবং উড়ান প্রকল্পের কাজ শুরু হয়েছে।

তৃণমূলের বিরুদ্ধে তোষণ রাজনীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, "মানুষকে শুধু দুর্গাপূজা উদযাপনের জন্যও আদালতের দ্বারস্থ হতে হতো। রামনবমীর মিছিলের অনুমতি দেওয়া হতো না।"

প্রধানমন্ত্রী মোদীর ২৫ বছরের জনপ্রতিনিধিত্বের প্রশংসা করে তিনি বলেন, "ভারতমাতার এক মহান সন্তানকে জন্ম দেওয়া এই পবিত্র ভূমির সামনে আমি মাথা নত করি, যিনি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী ও সনাতনী মানুষকে রক্ষা করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনে মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রতিটি আসন তার হাতে তুলে দেওয়ার জন্য আমরা কাজ করব।"

অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ২০০১ সালের ৭ অক্টোবর মোদীর প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কথা স্মরণ করে বলেন, মোদী সর্বদা ক্ষমতাকে "সেবার মাধ্যম" হিসেবে ব্যবহার করেছেন এবং ভূমিকম্প, বিদ্যুৎ ও পানির সংকটের মতো চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে গুজরাটের সার্বিক পরিবর্তন এনেছেন। প্যাটেল 'বিকশিত ভারত ২০৪৭'-এর লক্ষ্য অর্জনে 'বিকশিত গুজরাট' গড়ার ওপর জোর দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গালফ কাপে চ্যাম্পিয়ন সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গালফ কাপে চ্যাম্পিয়ন সৌদি আরব

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পর সৌদি আরব আবারও গালফ কাপের মুকুট অর্জন করেছে।

জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে পরাজিত করে দলটি আঞ্চলিক শিরোপা নিশ্চিত করে।

শুরুর থেকেই সৌদি আরব আক্রমণাত্মক খেলার ছন্দে ছিল। ম্যাচের ১১তম মিনিটে হাম্মাম আল-হাম্মামি ডি বক্সের বাইরে থেকে একটি দুর্দান্ত শট নিয়ে দলকে এগিয়ে দেন। স্টেডিয়ামে তখন উল্লাসের ঢেউ বইতে থাকে।

শুধু দুই মিনিট পর নাসের আল-দোসারির নিখুঁত পাস পেয়ে কাছ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফিরাস আল-বুরাইকান।

এই দুটি গোলই ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১৬তম মিনিটে সালেহ আবু আল-শামাত তৃতীয় গোলের সুযোগ পান, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে।

২৪তম মিনিটে ইউএই প্রথমবার আক্রমণে আসে, নিকোলাস গিমেনেজের শটও পোস্টে লেগে বেরিয়ে যায়। বিরতির আগে ব্রুনো পেনাল্টির দাবি করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) তা বাতিল করে।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় সুলতান আদেলের একটি শট সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস রুখে দেন। পুরো টুর্নামেন্টে তিনি একটি গোলও হজম করেননি।

ম্যাচের পর সৌদি আরব একাধিক সুযোগ নষ্ট করে, তবুও তাদের রক্ষণভাগ ও শৃঙ্খলা তাদের জয়ের পথে রাখে।

শিরোপা জয়ের পর সৌদি কোচ জর্জিওস ডোনিস বলেন, “এটা অনেক কঠিন ছিল, কিন্তু খেলোয়াড়রা মনোযোগ ও শৃঙ্খলা দেখিয়েছে। আমরা সেই কঠিনতাকে শিরোপায় রূপান্তর করেছি। এই শিরোপা আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস দেবে।”

তিনি আরও যোগ করেন, “বিশ্বকাপের পর আমরা ভুল বুঝেছি, খারাপ সময় পার করেছি, কিন্তু অভিজ্ঞতা থেকে শিখেছি। আমরা খেলার মান উন্নত করেছি এবং এই ফলাফল তার প্রতিফলন।”

সৌদি আরবের এটি চতুর্থ গালফ কাপ শিরোপা। শেষবার তারা এই ট্রফি জিতেছিল ২০০৪ সালে।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এই শিরোপা তাদের জন্য বড় প্রেরণা হিসেবে কাজ করবে।

আগামী এএফসি এশিয়ান কাপ ২০২৭ সৌদি আরবে অনুষ্ঠিত হবে (৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি)।

২০৩৪ সালে তারা বিশ্বকাপ আয়োজন করবে—কাতারের পর দ্বিতীয় উপসাগরীয় দেশ হিসেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


নওগাঁয় প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নওগাঁয় বেসরকারি ‘মেট্রো হাসপাতালে’ সিজারের সময় প্রসূতির পেটে গজ কাপড় রেখে সেলাই করার অভিযোগে চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই আদেশ প্রদান করেন।

আসামিদের মধ্যে রয়েছেন—অপারেশনকারী চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন (২৯), অ্যানেস্থেসিয়া প্রয়োগকারী চিকিৎসক মো. আখেরুজ্জামান রবি (৩৩), মেট্রো হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্য মো. রিপন আলী (৩৭), অপারেশন থিয়েটার ইনচার্জ মোসা. সালমা বিবি নাজমা (৩২), দালালের দায়িত্বে থাকা মো. রাশেদুল ইসলাম হিরু (৩৩) এবং মো. নাহিদ বাবু (২২)।

জানা যায়, গত ৬ এপ্রিল নওগাঁ শহরের দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা প্রসূতি রাহী মুনী সন্তান প্রসবের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। সেখানে এক দালাল তাকে ভালো সিজারিয়ান অপারেশনের প্রলোভন দেখিয়ে ৮ হাজার টাকার চুক্তিতে শহরের বেসরকারি ‘মেট্রো হাসপাতালে’ নিয়ে যায়। ওই দিন রাতেই চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন।

অস্ত্রোপচারের পর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। অবস্থার অবনতি ঘটলে পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ দ্বিতীয়বার অস্ত্রোপচার করে পেট থেকে গজ কাপড় বের করে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল তার মৃত্যু ঘটে। ঘটনার পর নওগাঁর সিভিল সার্জন মেট্রো হাসপাতালটি পরিদর্শন করে এটি একটি অনিবন্ধিত হাসপাতাল বলে নিশ্চিত করেন।

এ ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা গত ১৩ এপ্রিল আদালতের নজরে আসে। আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

গত ২২ আগস্ট পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর ধারাবাহিকতায় আজ বুধবার আদালত প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার এই আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%