ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে একজনের মৃত্যু, আহত একাধিক


জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে একজনের মৃত্যু, আহত একাধিক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে আটলান্টার নিকটবর্তী অস্টেল শহরে সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্কে এই দুর্ঘটনাটি ঘটে।

কব কাউন্টির জরুরি যোগাযোগ বিভাগ নিশ্চিত করেছে যে, একজনের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কব কাউন্টি পুলিশের গুরুতর অপরাধ তদন্ত বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্কের গোলিয়াথ নামের রোলার কোস্টার থেকে একজনকে পড়ে যেতে দেখা গেছে। অন্তত দুজন প্রত্যক্ষদর্শীর দাবি, ওই ব্যক্তি মাটিতে পড়ার আগে রাইডের বিভিন্ন অংশে আঘাত পান।

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, "ওই ব্যক্তি পড়ে যাওয়ার সময় রোলার কোস্টারের গাড়িতে তিনবার আঘাত পান।"

লোগান কনার নামের এক ব্যক্তি জানান, তিনি তার বাগ্‌দত্তাকে নিয়ে ওই রোলার কোস্টারে ছিলেন। তিনি বলেন, "এ সময় আমি এক ব্যক্তিকে নিজের আসন থেকে ছিটকে বেরিয়ে যেতে দেখেছি।" তার ভাষ্য, লোকটি পাশের দিকে কাত হয়ে শূন্যে ভেসে উঠেছিলেন এবং তার সঙ্গে সরাসরি চোখাচোখিও হয়েছিল।

আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রোলার কোস্টার থেকে পড়ে যাওয়া ব্যক্তির সঙ্গে একটি শিশু ছিল।

আরও পড়ুন: ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক কাঠামো বদলাচ্ছে: বিশ্লেষক

ঘটনার পর রোলার কোস্টারটি মাঝপথে থেমে যায়। পরে যাত্রীদের সেখান থেকে বেরিয়ে আসার দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।

পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, "এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।" নিহত ব্যক্তির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কে উপস্থিত দর্শনার্থী ও কর্মীদের সহায়তা প্রদান করা হচ্ছে। পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে আপাতত ঘটনার বিস্তারিত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে।

সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান বোলিগার অ্যান্ড মাবিলার কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের নকশা ও নির্মাণে তৈরি গোলিয়াথ রোলার কোস্টারটি ২০০৬ সালে চালু হয়। এতে ২০০ ফুটেরও বেশি উচ্চতা থেকে নিচে নামার ব্যবস্থা রয়েছে। এ ধরনের রোলার কোস্টারকে হাইপার কোস্টার বলা হয়।

এর আগে গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেন পার্কের এক্স২ রোলার কোস্টারে চড়ার পর মস্তিষ্কে আঘাত পাওয়ার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়। আইনজীবীদের দাবি, ওই রাইডে চড়ার কারণে প্রায় ১০০ জনের মস্তিষ্কে আঘাত লেগেছিল।

আরও পড়ুন: ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র দুই নেতার আটকাদেশ দুই দিন বৃদ্ধি

এক্স২ রোলার কোস্টারে ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে এমন আসন, ২১৫ ফুট উচ্চতা থেকে নিচে নামার ব্যবস্থা এবং আকস্মিক উল্টে যাওয়া ও ঘূর্ণনের ব্যবস্থা রয়েছে। গত ১২ জুলাই থেকে রাইডটি বন্ধ রয়েছে। এর আগের দিন আইনজীবী ক্রিস্টোফার বুলোন জানিয়েছিলেন, মামলাকারীদের একজন ওই রাইডে চড়ার পর গুরুতর মস্তিষ্কের আঘাত পেয়েছেন। সে সময় পার্ক কর্তৃপক্ষ জানিয়েছিল, চলমান মামলা নিয়ে তারা মন্তব্য করে না।

আটলান্টার শহরকেন্দ্র থেকে প্রায় ১০ মাইল পশ্চিমে অবস্থিত সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্ক।

সূত্র: এনবিসি নিউজ

আরও পড়ুন: মুসলিম বনাম মুসলিম যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যে! হাসছে মার্কিন-ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাশের ফ্ল্যাটে অদ্ভুত শব্দ, দরজা খুলতেই হতভম্ব বাড়ির মালিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ এম


পাশের ফ্ল্যাটে অদ্ভুত শব্দ, দরজা খুলতেই হতভম্ব বাড়ির মালিক

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে রান্নাঘরে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী দুলাল হাওলাদারের (৫০) বিরুদ্ধে। পুলিশ এই ঘটনার জন্য নিহতের স্বামী দুলালকে গ্রেপ্তার করেছে।

রোববার (১১ অক্টোবর) মধ্যরাতে দক্ষিণ যাত্রাবাড়ীর একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত শিরিন বেগম (৪২) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালি গ্রামের মৃত সোহরাব আলীর কন্যা।

পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ঘটনার রাতে পাশের ফ্ল্যাট থেকে সন্দেহজনক কোপানোর শব্দ শুনতে পান বাড়ির মালিক খোরশেদ আলম। ৮-১০ দিন আগে ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটের দরজায় দীর্ঘ সময় ধরে কড়া নাড়ার পর প্রায় আধা ঘণ্টা পরে দরজা খোলেন দুলাল।

ভেতরে সন্দেহজনক পরিস্থিতি ও স্ত্রীর কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রান্নাঘর থেকে শিরিনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত দুলালকে আটক করে।

মামলার বাদী ও নিহত দম্পতির ছেলে সিরাজ হাওলাদার জানান, তার মা শিরিন দীর্ঘ সময় ধরে জর্ডানে গৃহকর্মীর কাজ করতেন। দুই মাস আগে শাশুড়ির মৃত্যুর খবর শুনে দেশে ফিরে স্বামীকে নিয়ে যাত্রাবাড়ীর ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন। দেশে ফেরার পর থেকেই স্বামী দুলাল তার কাছে টাকা দাবি করতেন এবং এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এছাড়া ফোনে অন্য কারও সঙ্গে কথা বলার বিষয়েও তাদের মধ্যে সন্দেহ ও বিরোধ ছিল।

যাত্রাবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুলাল স্বীকার করেছেন যে, রবিবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীর মাথা ধরে দেয়ালে আঘাত করলে তিনি জ্ঞান হারান। এরপর বটি দিয়ে স্ত্রীর মাথা ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে রান্নাঘরে লুকিয়ে রাখেন এবং আলামত হিসেবে রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা চালান।

এ ঘটনার প্রেক্ষিতে নিহতের ছেলে সিরাজ হাওলাদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং হত্যাকাণ্ডের পেছনের অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় মদের বারে অভিযান, ৪৭ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৩ এম


উত্তরায় মদের বারে অভিযান, ৪৭ জন আটক

রাজধানীর উত্তরার সিটি অরচার্ড রিক্রিয়েশন ক্লাব অ্যান্ড বারে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪৭ জন নারী ও পুরুষকে আটক করেছে।

অভিযানটি সোমবার (১২ অক্টোবর) রাত ৯টায় শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলেছিল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানের সময় পারমিট ছাড়া মদ ও বিয়ার সেবনের অভিযোগে ১৭ জন নারীসহ মোট ৪৭ জনকে আটক করা হয়।

ডিবির উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর এশিয়া পোস্টকে জানালেন, ‘আমরা পারমিটবিহীন মদ ও বিয়ার পান করার অভিযোগে ১৭ জন নারী ও ৩০ জনকে আটক করেছি।’

তিনি আরও বলেন, প্রতিটি বারেই একে একে অভিযান চালানো হবে। পারমিট ছাড়া কেউ মাদক সেবন করতে পারবে না।

ডিবির এই কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ একসঙ্গে তিন তারকা, সাক্ষাতের পেছনে রহস্য কী?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৩ এম


হঠাৎ একসঙ্গে তিন তারকা, সাক্ষাতের পেছনে রহস্য কী?

দক্ষিণী চলচ্চিত্রের তিন জনপ্রিয় মুখ বিজয় দেবেরাকোন্ডা, থালাপতি বিজয় এবং রাশমিকা মান্দানাকে একসঙ্গে দেখতে পেয়ে উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা। এই তারকাদের বিশেষ সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে, এই মিলন শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, এর পেছনে রয়েছে সিনেমার জন্য বিশেষ একটি উপলক্ষ।

আসন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটের অ্যাকশনধর্মী সিনেমা ‘রণবাগী’র মুক্তির প্রস্তুতি উপলক্ষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। নতুন সিনেমার প্রচারের পাশাপাশি, প্রিয় তারকা ও রাজনৈতিক নেতা বিজয়ের প্রতি শ্রদ্ধা জানানোও ছিল এই সাক্ষাতের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাতের কিছু মুহূর্ত শেয়ার করেন। রাশমিকা জানান, দীর্ঘদিনের প্রিয় তারকাকে এমন অবস্থানে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডা আন্তরিকভাবে সময় দেওয়ার জন্য থালাপতি বিজয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিচালক রাহুল সাংকৃত্যায়নের ‘রণবাগী’ সিনেমাটি ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত। এই সিনেমায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে বিজয় দেবেরাকোন্ডাকে রণবাগী এবং রাশমিকাকে তাঁর স্ত্রী জয়াম্মার চরিত্রে দেখা যাবে।

সিনেমাটির মুক্তিকে কেন্দ্র করে এই সাক্ষাৎ দক্ষিণী চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ আরও বৃদ্ধি করেছে। একই ফ্রেমে তিন তারকার উপস্থিতি ভক্তদের কাছে আনন্দের, এবং নতুন সিনেমাটি নিয়ে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি মূল্য বৃদ্ধিতে লাতিন আমেরিকার প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৩ এম


জ্বালানি মূল্য বৃদ্ধিতে লাতিন আমেরিকার প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, এই পরিস্থিতিতে চলতি বছর ও আগামী বছরের জন্য এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সংস্থাটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসার থেকে এ অঞ্চলের অধিকাংশ দেশ তেমন সুবিধা লাভ করছে না। অথচ এআই খাতে বিনিয়োগ ও এর ব্যবহার বিশ্বের অন্যান্য অঞ্চলের অর্থনীতিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের ধাক্কা মোকাবেলা করতে সহায়তা করছে। মঙ্গলবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে আইএমএফ এই তথ্য প্রদান করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অর্থনীতি ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে। ২০২৫ সালে এ অঞ্চলের প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫ শতাংশ। গত জুলাইয়ে আইএমএফ ২০২৬ সালের জন্য ২ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল, যা এখন কমানো হয়েছে।

২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাসও ২ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। তবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা বৃদ্ধি করেছে আইএমএফ। চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩ দশমিক ১ শতাংশ করা হয়েছে।

আইএমএফের মতে, জ্বালানি সরবরাহের পথ পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বিশ্ব অর্থনীতিকে বিভিন্ন সংকটের ধাক্কা সামলাতে সাহায্য করছে। তবে সব দেশ সমানভাবে এই সুবিধা পাচ্ছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেছে। যুদ্ধ শুরুর পূর্বের তুলনায় অপরিশোধিত তেলের দাম বর্তমানে প্রায় ৪৫ শতাংশ বেশি।

জ্বালানি ও বিদ্যুতের বাড়তি খরচের কারণে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চাপে পড়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে বেশি থাকতে পারে—এমন আশঙ্কায় বিশ্বজুড়ে ঋণ নেওয়ার খরচও বেড়ে গেছে।

আইএমএফ জানিয়েছে, লাতিন আমেরিকার দেশগুলোতে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব নির্ভর করবে কয়েকটি বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে, জ্বালানি ও অন্যান্য পণ্য রপ্তানি করে বাড়তি আয় করা দেশগুলো আমদানিনির্ভর দেশগুলোর ক্ষতি কতটা পুষিয়ে দিতে পারবে।

এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর নেওয়া পদক্ষেপের ওপর মানুষের আস্থাও গুরুত্বপূর্ণ। আইএমএফের ভাষ্য, এ অঞ্চলের অধিকাংশ দেশ প্রযুক্তির দ্রুত প্রসার থেকে বাড়তি সুবিধা পাচ্ছে না। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনার অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সবচেয়ে বেশি কমিয়েছে আইএমএফ।

সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে আর্জেন্টিনার অর্থনীতি ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। ২০২৬ সালে দেশটির প্রবৃদ্ধি কমে ২ দশমিক ১ শতাংশ হতে পারে। গত জুলাইয়ে চলতি বছরের জন্য ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আইএমএফ।

২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাসও ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। তবে দেশটিতে মূল্যস্ফীতি কমতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ছিল ৪১ দশমিক ৯ শতাংশ। ২০২৬ সালে তা কমে ৩২ দশমিক ৫ শতাংশ হতে পারে।

ব্রাজিলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে আইএমএফ। ২০২৬ সালের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ২ দশমিক ৪ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ২ শতাংশ করা হয়েছে। ২০২৭ সালের পূর্বাভাস ২ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৯ শতাংশ করা হয়েছে। গত জুলাইয়ে আইএমএফ আশা করেছিল, চলতি বছর ব্রাজিলের অর্থনীতি ভালো অবস্থানে থাকবে। তবে নতুন পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বছর দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি আরও ধীর হতে পারে।

এর পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছে সংস্থাটি। মূল্যস্ফীতি নির্ধারিত লক্ষ্যমাত্রায় নামিয়ে আনতে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক এখনো কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে। পাশাপাশি সরকার আর্থিক সহায়তা কমিয়ে আনছে। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তাও দেশটির প্রবৃদ্ধিতে চাপ তৈরি করছে।

অন্যদিকে, মেক্সিকোর ক্ষেত্রে চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে আইএমএফ। ২০২৬ সালের জন্য দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ২ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। আইএমএফ জানিয়েছে, মেক্সিকোর রপ্তানি বাড়ার সম্ভাবনা এ পূর্বাভাসে ভূমিকা রেখেছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত পণ্যও রয়েছে। পাশাপাশি আগামী বছর প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে দেশটির বিনিয়োগ পরিস্থিতি স্থিতিশীল হতে পারে।

তবে ২০২৭ সালের জন্য মেক্সিকোর প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৯ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৮ শতাংশ করা হয়েছে। আইএমএফ বলেছে, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অনিশ্চয়তা দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা হয়ে থাকতে পারে।

আইএমএফের প্রতিবেদনে চিলি ও বলিভিয়ার অর্থনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে চিলির অর্থনীতি ২ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। তবে ২০২৬ সালে দেশটির প্রবৃদ্ধি কমে মাত্র ০ দশমিক ৬ শতাংশ হতে পারে। অন্যদিকে, ২০২৫ সালে বলিভিয়ার অর্থনীতি ১ দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছিল। ২০২৬ সালে দেশটির অর্থনীতি আরো ৩ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

ভেনেজুয়েলায় মূল্যস্ফীতি আরো বাড়তে পারে। ২০২৫ সালে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ২৫২ শতাংশ। ২০২৬ সালে তা বেড়ে ৪৬৭ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আইএমএফ বলেছে, বিশ্ব অর্থনীতিতে এখনো বড় ধরনের ঝুঁকি রয়েছে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সংস্থাটি সতর্ক করেছে, আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিলে উদীয়মান অর্থনীতির দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে এসব দেশের সরকারের ঋণ নেওয়ার খরচ বাড়বে। একই সঙ্গে নিজস্ব মুদ্রার ওপর চাপ তৈরি হবে এবং দেশের ভেতরে ঋণ পাওয়া আরো কঠিন হয়ে উঠতে পারে।

আইএমএফের মতে, জ্বালানির বাড়তি দাম, মূল্যস্ফীতি ও বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা সামলাতে দেশগুলোকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যেসব দেশ জ্বালানি আমদানির ওপর বেশি নির্ভরশীল, তাদের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%