প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে আটলান্টার নিকটবর্তী অস্টেল শহরে সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্কে এই দুর্ঘটনাটি ঘটে।
কব কাউন্টির জরুরি যোগাযোগ বিভাগ নিশ্চিত করেছে যে, একজনের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কব কাউন্টি পুলিশের গুরুতর অপরাধ তদন্ত বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্কের গোলিয়াথ নামের রোলার কোস্টার থেকে একজনকে পড়ে যেতে দেখা গেছে। অন্তত দুজন প্রত্যক্ষদর্শীর দাবি, ওই ব্যক্তি মাটিতে পড়ার আগে রাইডের বিভিন্ন অংশে আঘাত পান।
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, "ওই ব্যক্তি পড়ে যাওয়ার সময় রোলার কোস্টারের গাড়িতে তিনবার আঘাত পান।"
লোগান কনার নামের এক ব্যক্তি জানান, তিনি তার বাগ্দত্তাকে নিয়ে ওই রোলার কোস্টারে ছিলেন। তিনি বলেন, "এ সময় আমি এক ব্যক্তিকে নিজের আসন থেকে ছিটকে বেরিয়ে যেতে দেখেছি।" তার ভাষ্য, লোকটি পাশের দিকে কাত হয়ে শূন্যে ভেসে উঠেছিলেন এবং তার সঙ্গে সরাসরি চোখাচোখিও হয়েছিল।
আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রোলার কোস্টার থেকে পড়ে যাওয়া ব্যক্তির সঙ্গে একটি শিশু ছিল।
ঘটনার পর রোলার কোস্টারটি মাঝপথে থেমে যায়। পরে যাত্রীদের সেখান থেকে বেরিয়ে আসার দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।
পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, "এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।" নিহত ব্যক্তির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কে উপস্থিত দর্শনার্থী ও কর্মীদের সহায়তা প্রদান করা হচ্ছে। পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে আপাতত ঘটনার বিস্তারিত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে।
সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান বোলিগার অ্যান্ড মাবিলার কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের নকশা ও নির্মাণে তৈরি গোলিয়াথ রোলার কোস্টারটি ২০০৬ সালে চালু হয়। এতে ২০০ ফুটেরও বেশি উচ্চতা থেকে নিচে নামার ব্যবস্থা রয়েছে। এ ধরনের রোলার কোস্টারকে হাইপার কোস্টার বলা হয়।
এর আগে গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেন পার্কের এক্স২ রোলার কোস্টারে চড়ার পর মস্তিষ্কে আঘাত পাওয়ার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়। আইনজীবীদের দাবি, ওই রাইডে চড়ার কারণে প্রায় ১০০ জনের মস্তিষ্কে আঘাত লেগেছিল।
এক্স২ রোলার কোস্টারে ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে এমন আসন, ২১৫ ফুট উচ্চতা থেকে নিচে নামার ব্যবস্থা এবং আকস্মিক উল্টে যাওয়া ও ঘূর্ণনের ব্যবস্থা রয়েছে। গত ১২ জুলাই থেকে রাইডটি বন্ধ রয়েছে। এর আগের দিন আইনজীবী ক্রিস্টোফার বুলোন জানিয়েছিলেন, মামলাকারীদের একজন ওই রাইডে চড়ার পর গুরুতর মস্তিষ্কের আঘাত পেয়েছেন। সে সময় পার্ক কর্তৃপক্ষ জানিয়েছিল, চলমান মামলা নিয়ে তারা মন্তব্য করে না।
আটলান্টার শহরকেন্দ্র থেকে প্রায় ১০ মাইল পশ্চিমে অবস্থিত সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্ক।
সূত্র: এনবিসি নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন