ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

জীবনে শান্তি পেতে আজ থেকেই বাদ দিন ১২টি অভ্যাস


জীবনে শান্তি পেতে আজ থেকেই বাদ দিন ১২টি অভ্যাস

জীবনে শান্তি চাওয়ার আকাঙ্ক্ষা সবারই রয়েছে। তবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, অপ্রয়োজনীয় প্রত্যাশা, মানুষের আচরণ নিয়ে অতিরিক্ত চিন্তা কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা অনেক সময় সেই শান্তিকে বিঘ্নিত করে। কিন্তু জীবনকে কিছুটা সহজ করার জন্য বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। চিন্তাভাবনা ও দৈনন্দিন অভ্যাসে সামান্য পরিবর্তন আনলে মানসিক চাপ কমানো সম্ভব এবং স্বস্তি বৃদ্ধি পেতে পারে।

আজ থেকেই জীবনকে শান্তিপূর্ণ ও ঝামেলামুক্ত রাখতে বাদ দেওয়া যেতে পারে এমন ১২টি অভ্যাস।

১. সবাইকে খুশি করার চেষ্টা

আরও পড়ুন: থাইল্যান্ডে ভ্রমণের ১০টি নিয়ম ভঙ্গ করলে জেল-জরিমানা হতে পারে

সবাইকে খুশি রাখা সম্ভব নয়। কারো মন রাখতে গিয়ে নিজের ইচ্ছা, সময় ও মানসিক স্বস্তিকে উপেক্ষা করা উচিত নয়। প্রয়োজন হলে ভদ্রভাবে ‘না’ বলতে শিখুন।

২. সব কথার জবাব দেওয়া

কেউ সমালোচনা করলেই বা ভুল বুঝলেই পাল্টা উত্তর দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সব তর্কে জড়ানো কিংবা নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা মানসিক চাপ বৃদ্ধি করে। কখনো নীরব থাকা ভালো সিদ্ধান্ত হতে পারে।

৩. অন্যের সঙ্গে নিজের তুলনা করা

আরও পড়ুন: তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা সময় অক্টোবর-নভেম্বর

কে কতটা সফল, কার কত টাকা, কে কেমন জীবন কাটাচ্ছেন—এসবের সঙ্গে নিজের জীবনকে তুলনা করা উচিত নয়। প্রত্যেকের জীবন, পরিস্থিতি এবং এগিয়ে যাওয়ার সময় আলাদা। নিজের উন্নতির দিকে মনোযোগ দিন।

৪. অতিরিক্ত প্রত্যাশা করা

পরিবার, বন্ধু কিংবা কাছের মানুষের কাছ থেকে সব সময় নিজের মতো আচরণ আশা করলে হতাশ হতে পারেন। প্রত্যাশা বাস্তবসম্মত রাখা প্রয়োজন। অন্যের আচরণ আপনার নিয়ন্ত্রণে নেই, তবে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করা যেতে পারে।

৫. অতীত নিয়ে পড়ে থাকা

আরও পড়ুন: গুলশানে ‘গোল্ড কিনেন’ এর প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন

আগে কী ভুল করেছেন, কে কষ্ট দিয়েছে কিংবা কোন সুযোগ হাতছাড়া হয়েছে—এসব নিয়ে বারবার ভাবলে বর্তমানও অশান্ত হয়ে ওঠে। ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, প্রয়োজনে ক্ষমা চাইতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।

৬. ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা

আগামীকাল কী হবে, কোনো কাজ সফল হবে কি না কিংবা অন্যরা কী ভাববে—এসব নিয়ে অতিরিক্ত চিন্তা করলে বর্তমানের সময়টুকুও উপভোগ করা কঠিন হয়ে পড়ে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন, তবে আজকের কাজকে গুরুত্ব দিন।

৭. অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে ভাগ করা

আরও পড়ুন: মঙ্গলবার ১২ রাশির ভাগ্য জানালো জ্যোতিষশাস্ত্র, বিশ্লেষণ প্রকাশিত

নিজের সব পরিকল্পনা, পারিবারিক সমস্যা কিংবা ব্যক্তিগত দুর্বলতা সবার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। কাকে কতটুকু বলবেন, তা বুঝে নিতে হবে। বিশ্বাস অর্জনে মানুষকে সময় দিন।

৮. অন্যের সমস্যা নিজের কাঁধে নেওয়া

মানুষের পাশে দাঁড়ানো ভালো, কিন্তু সবার সমস্যা সমাধান করা আপনার দায়িত্ব নয়। নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতা বুঝে সহযোগিতা করুন। অন্যের সমস্যার কারণে নিজের জীবন অগোছালো হতে দেবেন না।

৯. লোকদেখানো জীবনযাপন

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দ্রুত ক্রেডিট কার্ড পেতে যা করণীয়, জেনে নিন

অন্যকে দেখানোর জন্য দামি পোশাক, অপ্রয়োজনীয় কেনাকাটা কিংবা সামর্থ্যের বাইরে খরচ করা থেকে বিরত থাকুন। আয় অনুযায়ী ব্যয় করুন এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় রাখার চেষ্টা করুন।

১০. সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো

অন্যের সাজানো সুন্দর মুহূর্ত দেখে নিজের জীবনকে অসফল মনে হতে পারে। অকারণে বারবার ফোন দেখা, অন্যের জীবন নিয়ে ভাবা কিংবা নেতিবাচক মন্তব্য পড়া মানসিক অস্থিরতা বৃদ্ধি করতে পারে। প্রয়োজন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন।

১১. নিজের যত্ন অবহেলা করা

আরও পড়ুন: আজ ‘কোনো কাজ না করার’ দিবস পালিত

ব্যস্ততার কারণে ঘুম, খাবার, বিশ্রাম ও শরীরচর্চা অবহেলা করবেন না। নিয়মিত ঘুম, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি পান এবং প্রতিদিন কিছুটা হাঁটা শরীর ও মনের সুস্থতায় সহায়ক।

১২. কষ্টদায়ক সম্পর্ক আঁকড়ে ধরে রাখা

কিছু সম্পর্ক বারবার মানসিক কষ্টের কারণ হতে পারে। কাউকে ক্ষমা করা মানেই তার সব আচরণ মেনে নেওয়া নয়। প্রয়োজন হলে নিজের সীমারেখা তৈরি করুন এবং মানসিক স্বস্তির জন্য দূরত্ব বজায় রাখুন।

শান্তিতে থাকতে প্রতিদিন যা করতে পারেন

জীবনকে সহজ করতে প্রতিদিনের জন্য কয়েকটি ছোট অভ্যাস গড়ে তুলুন। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া না করে দিন শুরু করুন। দিনের গুরুত্বপূর্ণ তিনটি কাজ ঠিক করুন। নিজের জন্য কিছুটা সময় রাখুন। পছন্দের গান শুনুন, বই পড়ুন কিংবা হাঁটতে বের হন। রাতে ঘুমানোর আগে সারাদিনের ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে পরের দিনের পরিকল্পনা করে রাখুন।

সহজ জীবন মানে সমস্যা বা দায়িত্ব থেকে পালিয়ে থাকা নয়। বরং কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে, কোথায় নিজের সীমা টানতে হবে এবং কোন চিন্তা ছেড়ে দিতে হবে—তা বুঝতে শেখা শান্তিপূর্ণ জীবনের অন্যতম চাবিকাঠি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাদার স্মরণে প্রথম ম্যারাথনে অংশগ্রহণ, ফিনিশ লাইনের ২ মাইল দূরে ২৪ বছর বয়সী র‍্যাচেল অ্যাপার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ এম


দাদার স্মরণে প্রথম ম্যারাথনে অংশগ্রহণ, ফিনিশ লাইনের ২ মাইল দূরে ২৪ বছর বয়সী র‍্যাচেল অ্যাপার মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে ফিনিশ লাইনের মাত্র দুই মাইল দূরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ম্যারাথন অ্যাথলেট র‍্যাচেল অ্যাপা। ২৪ বছর বয়সী সাবেক কলেজ অ্যাথলেটকে সেন্ট্রাল পার্কের কাছ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জীবনের প্রথম এই ম্যারাথনে অংশগ্রহণের উদ্দেশ্য ছিল ২০২৩ সালে মারা যাওয়া দাদার স্মরণে এবং পারকিনসন্স রোগের গবেষণার জন্য অর্থ সংগ্রহ করা।

এই তরুণীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে, যিনি সম্পূর্ণ সুস্থ ও চমৎকার শারীরিক গঠনের অধিকারী ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে রেসের শেষ প্রান্তে এসে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান র‍্যাচেল।

দৌড়ানোর সময় র‍্যাচেল যখন রাস্তায় পড়ে যান, তখন রেস দেখতে আসা মিশেলা নিকোলাস নামের এক হাসপাতাল সোশ্যাল ওয়ার্কার দ্রুত তাঁর সাহায্যে এগিয়ে আসেন।

মিশেলা জানান, তিনি র‍্যাচেলের স্পন্দন পাচ্ছিলেন না। এরপর সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে দুজন চিকিৎসক দ্রুত এগিয়ে আসেন এবং অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত পালাক্রমে র‍্যাচেলকে সিপিআর দিতে থাকেন।

কিছুক্ষণ পর ম্যারাথনের নিজস্ব মেডিকেল টিম ডিফিব্রিলেটর নিয়ে পৌঁছায় এবং দ্রুত মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা টানা ছয় ঘণ্টা লড়াই করার পর রাত ৯টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

র‍্যাচেলের বাবা স্টিভ অ্যাপা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান, চিকিৎসকদের মতে র‍্যাচেলের মৃত্যুর কারণ ছিল ‘র‍্যাবডোমায়োলাইসিস’। এটি একটি বিরল ও মারাত্মক শারীরিক অবস্থা, যেখানে অতিরিক্ত পরিশ্রমের কারণে মাংসপেশি দ্রুত ভেঙে রক্তে ক্ষতিকর উপাদান ছড়িয়ে দেয়।

কান্নাজড়িত কণ্ঠে স্টিভ অ্যাপা বলেন, ‘এটি ভাবাই যায় না। মাত্র ২৪ বছর বয়স, সম্পূর্ণ সুস্থ শরীর এবং নিখুঁত ফিটনেস ছিল ওর।’

পেনসিলভেনিয়ার বাসিন্দা র‍্যাচেল বাকনেল ইউনিভার্সিটির একজন সাবেক ডিভিশন-১ ফিল্ড হকি খেলোয়াড় ছিলেন। এটি ছিল তাঁর জীবনের প্রথম ম্যারাথন। ২০২২ সালে পার্কিনসন্স রোগে মারা যাওয়া তাঁর প্রিয় দাদার স্মরণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে তিনি এই রেসে অংশ নিয়েছিলেন।

মৃত্যুর আগে রেসের ২৪ নম্বর মাইলে পৌঁছানোর পর তিনি তাঁর বাবাকে শেষ টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন, যেখানে লেখা ছিল— ‘ফাইনাল স্ট্রেচ’ (শেষ মুহূর্ত)। কিন্তু সেই ফিনিশ লাইন আর স্পর্শ করা হলো না র‍্যাচেলের। এই মর্মান্তিক ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে রেস আয়োজক সংস্থা নিউ ইয়র্ক রোড রানার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার...’ মন্তব্য রাধিকা আপ্তের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার...’ মন্তব্য রাধিকা আপ্তের

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি তিনি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, তেলুগু সিনেমায় তার চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। এই প্রসঙ্গে তিনি আরও জানান, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করা তার জন্য ছিল অস্বস্তিকর। অভিনেত্রীর এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’

অনুষ্ঠানে অভিনেত্রী কীর্তি সুরেশও উপস্থিত ছিলেন। তিনি জানান, তামিল-তেলুগু সংস্কৃতিতে মামাকে বিয়ে করার একটি রীতি রয়েছে। এ সময় রাধিকা ছবির আরো কিছু বিষয় নিয়ে আপত্তি প্রকাশ করেন। তার ভাষায়, ‘আমাকে নিজের থেকে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। গোটা বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন।’

রাধিকা সিনেমাটির নাম প্রকাশ না করলেও নেটিজেনদের ধারণা, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘লেজেন্ড’ ছবির কথা বলছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালাকৃষ্ণ। তাদের বয়সের ব্যবধানও ছিল উল্লেখযোগ্য।

নন্দমুরি বালকৃষ্ণের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাধিকার বক্তব্য ভালোভাবে নেননি তার কিছু ভক্ত। সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য শুরু হয়েছে। এক ভক্ত লিখেছেন, ‘যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটি ২০১৪ সালের ‘লেজেন্ড’। ছবিতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালাকৃষ্ণ। তবে চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে সমস্যা থাকলে ছবিটি করার আগেই তা বলা উচিত ছিল।’

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো জবাব দেননি রাধিকা আপ্তে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ বলে অর্ধশতরান করে বিশ্বরেকর্ড গড়লেন প্রেমা রাওয়াত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ বলে অর্ধশতরান করে বিশ্বরেকর্ড গড়লেন প্রেমা রাওয়াত

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করলেন ভারতের স্পিন অলরাউন্ডার প্রেমা রাওয়াত। তিনি মাত্র ১৪ বলে অর্ধশতরান করে দ্রুততম হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন এই ক্রিকেটার, যিনি উত্তরাখণ্ডের প্রতিনিধিত্ব করেন।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ইনের প্রতিবেদন অনুসারে, গত সোমবার পুনের গাহুঞ্জের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে সিনিয়র উইমেন’স টি-টোয়েন্টি ট্রফির ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে এই কীর্তি গড়েন ২৪ বছর বয়সী প্রেমা।

ব্যাট হাতে তিনি কার্যত ঝড় তুলেছিলেন। ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন প্রেমা। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা, যার স্ট্রাইক রেট ছিল ৩৫৭.১৪।

মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে আগের দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যৌথভাবে তিনজনের—২০২২ সালে ওয়ারউইকশায়ারের হয়ে ম্যারি কেলি, ২০২৬ সালে পাকিস্তানের জার্সিতে ফাতিমা সানা এবং ২০২৫ সালে ওটাগো ও ২০২৬ সালে সারের হয়ে লরা হ্যারিস। তারা তিনজনই ১৫ বলে ফিফটি করেন।

প্রেমার বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে উত্তরাখণ্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন রাঘবি বিস্ত। ওপেনিং জুটিতে রাঘবি ও করিনা মিলে ৭২ রান যোগ করেন। করিনা ১৯ রান করে আউট হওয়ার পর রাঘবি ও নীলম ভরদ্বাজ দ্বিতীয় উইকেটে আরো ৫৭ রান যোগ করেন। শেষ দিকে প্রেমার ঝোড়ো ইনিংসে বড় স্কোরে পৌঁছে যায় উত্তরাখণ্ড।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদ শুরু থেকেই চাপে পড়ে। উত্তরাখণ্ডের বোলারদের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ৮৯ রানের বড় জয় পায় উত্তরাখণ্ড।

এই ম্যাচে প্রেমা শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও নজর কেড়েছেন। তিনি চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। গুগুলোথু কাব্যশ্রী ও নল্লা ক্রান্তি রেড্ডিকে আউট করেন ভারতীয় দলের এই লেগস্পিনার। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার তার হাতে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইশটেকিতে পানির সংকট মেটাতে নতুন পাম্প স্থাপন করবে ডিএনসিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ এম


বাইশটেকিতে পানির সংকট মেটাতে নতুন পাম্প স্থাপন করবে ডিএনসিসি

রাজধানীর মিরপুরের পশ্চিম বাইশটেকি এলাকায় সুপেয় পানির সংকট সমাধানে নতুন একটি পানির পাম্প স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, দ্রুত পাম্প স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশটেকিতে একটি নতুন পানির পাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে শফিকুল ইসলাম খান উল্লেখ করেন, নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা ডিএনসিসির প্রধান লক্ষ্য। তিনি বলেন, সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি এবং এলাকার উন্নয়নমূলক কাজগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

পানি মানুষের জীবনের অপরিহার্য উপাদান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দৈনন্দিন জীবনযাপনে পানির গুরুত্ব অপরিসীম। বাইশটেকি পাম্প বাস্তবায়ন কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কাফরুল থানা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

এলাকায় আরেকটি পানির পাম্প স্থাপনের দাবির প্রেক্ষিতে প্রশাসক বলেন, দ্রুত জায়গা নির্ধারণ করে সিটি করপোরেশনের অনুমোদন নেওয়া হবে। এরপর ঢাকা ওয়াসার মাধ্যমে পাম্প স্থাপনের কাজ বাস্তবায়ন করা হবে।

এছাড়া, এলাকার পানি নিষ্কাশনের জন্য খালভিত্তিক চলমান প্রকল্প বাস্তবায়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। ফুটপাত দখলমুক্ত রাখা এবং কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে গার্মেন্টস খাত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার সমালোচনা করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।

শফিকুল ইসলাম খান বলেন, ‘আমি এই এলাকার সন্তান। নির্বাচনের ফল যা-ই হোক না কেন, সব সময় জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাব। এলাকার সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি ও উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%