০২:১৬ এম
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করলেন ভারতের স্পিন অলরাউন্ডার প্রেমা রাওয়াত। তিনি মাত্র ১৪ বলে অর্ধশতরান করে দ্রুততম হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন এই ক্রিকেটার, যিনি উত্তরাখণ্ডের প্রতিনিধিত্ব করেন।
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ইনের প্রতিবেদন অনুসারে, গত সোমবার পুনের গাহুঞ্জের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে সিনিয়র উইমেন’স টি-টোয়েন্টি ট্রফির ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে এই কীর্তি গড়েন ২৪ বছর বয়সী প্রেমা।
ব্যাট হাতে তিনি কার্যত ঝড় তুলেছিলেন। ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন প্রেমা। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা, যার স্ট্রাইক রেট ছিল ৩৫৭.১৪।
আরও পড়ুন: ভারতের কাছে পাকিস্তানের হার, সৌহার্দ্য ও সম্প্রীতির ম্যাচে উত্তেজনা
মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে আগের দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যৌথভাবে তিনজনের—২০২২ সালে ওয়ারউইকশায়ারের হয়ে ম্যারি কেলি, ২০২৬ সালে পাকিস্তানের জার্সিতে ফাতিমা সানা এবং ২০২৫ সালে ওটাগো ও ২০২৬ সালে সারের হয়ে লরা হ্যারিস। তারা তিনজনই ১৫ বলে ফিফটি করেন।
প্রেমার বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে উত্তরাখণ্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন রাঘবি বিস্ত। ওপেনিং জুটিতে রাঘবি ও করিনা মিলে ৭২ রান যোগ করেন। করিনা ১৯ রান করে আউট হওয়ার পর রাঘবি ও নীলম ভরদ্বাজ দ্বিতীয় উইকেটে আরো ৫৭ রান যোগ করেন। শেষ দিকে প্রেমার ঝোড়ো ইনিংসে বড় স্কোরে পৌঁছে যায় উত্তরাখণ্ড।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদ শুরু থেকেই চাপে পড়ে। উত্তরাখণ্ডের বোলারদের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ৮৯ রানের বড় জয় পায় উত্তরাখণ্ড।
এই ম্যাচে প্রেমা শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও নজর কেড়েছেন। তিনি চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। গুগুলোথু কাব্যশ্রী ও নল্লা ক্রান্তি রেড্ডিকে আউট করেন ভারতীয় দলের এই লেগস্পিনার। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার তার হাতে ওঠে।
আরও পড়ুন: এবার জার্মানির ২৪ সদস্যের দল দিলেন ক্লপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন