১০:৪৭ পি.এম
ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যক্রমকে আরো সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে ইউজিসির একটি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের ১১ তলায় আনুষ্ঠানিকভাবে ইউজিসির শাখা অফিসের উদ্বোধন করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ উপলক্ষ্যে সেখানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
নতুন শাখা অফিসে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স, জনসংযোগ ও প্রকাশনা এবং অডিট বিভাগের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।
আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান উল্লেখ করেন, বর্তমান ইউজিসি ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে এবং এটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও উচ্চশিক্ষা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ইউজিসির অবকাঠামো ও জনবল পর্যাপ্ত নয়।
তিনি জানান, বর্তমানে দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে তদারকি, সমন্বয় ও পরিচালনায় সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। পুরোনো ভবন ভেঙে আধুনিক ও প্রয়োজনভিত্তিক নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ শুরু করার লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. নিয়াজ আহমদ চৌধুরী, সচিব ড. মো. ফখরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখাল আদালত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন