পারভীন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা
১১:১৫ এম
আজ ০৩ অক্টোবর'২৬ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বার্ষিক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২৭ সেশনের জন্য নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ শাহনেওয়াজ এবং জেলা শাখার সভাপতি মনোনীত হন আনাস আহমদ।
মহানগরী সেক্রেটারি মনোনীত হন কামরুল হাসান মিরাজ, জেলা শাখার সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ ফজলে রাব্বি।
নারায়ণগঞ্জ মহানগরীর নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ-এর সভাপতিত্বে এবং মনোনীত জেলা শাখার সভাপতি আনাস আহমদ এর পরিচালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচ এম শাহাব উদ্দিন,সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান,খেলাফত মজলিস এর নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাবেক জেলা সভাপতি জনাব এমদাদুল হক, প্রভাষক মাইদুল ইসলাম,রিফাত আহমদ সাজিদ,মুফতি তৌফিক বিন হারিছ ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা হাসানুজ্জামানের শরীরে ফুটন্ত গরম পানি ঢালার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রদল নেতা হাসানুজ্জামানসহ সিরাজুল ইসলাম (৪২) এবং হাসান (৩২) নামের তিনজন দগ্ধ হয়েছেন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড়ে জামালের চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
দগ্ধ ছাত্রদল নেতা হাসানুজ্জামান শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। অভিযুক্ত সুলতান ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসানুজ্জামান অভিযোগ করেন, শনিবার রাতে পুকুরপাড়ার চায়ের দোকানে বসে থাকার সময় আওয়ামী লীগ কর্মী সুলতান বিএনপি ও স্থানীয় দলীয় নেতৃত্ব এবং মসজিদে নামাজ পড়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। প্রতিবাদ জানালে রাজনৈতিক আক্রোশের কারণে সুলতান দোকানের কেটলিতে থাকা ফুটন্ত গরম পানি তার শরীরে ঢেলে দেয় এবং পালিয়ে যায়। তাকে রক্ষা করতে গিয়ে সিরাজুল ইসলাম ও হাসানও গরম পানিতে দগ্ধ হন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।
এদিকে জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত সুলতানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সৌদি আরবের মদিনায় বিদ্যুৎ অবকাঠামোয় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে।
মাহমুদুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা, রবিবার (৩ অক্টোবর) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পবিত্র মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর একটি অগ্রহণযোগ্য আঘাত। এছাড়া, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে বলেও জানানো হয়।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোট প্রদান করবেন দেশটির নাগরিকরা। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে।
এই নির্বাচন শুধুমাত্র ব্রাজিলের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে লাতিন আমেরিকায় ডানপন্থী রাজনীতির যে প্রবণতা জোরালো হয়েছে, ব্রাজিলও সেই পথে যাবে কি না—এমন একটি ইঙ্গিতও প্রদান করবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আমাজন রেইনফরেস্টের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে দক্ষিণের কৃষিপ্রধান অঞ্চল এবং বিশাল শহরের বস্তিগুলো—সবখানে ভোটারদের সামনে পরিচিত দুই মুখ। অনেক ভোটার এমন একজনকে বেছে নিতে বাধ্য হচ্ছেন, যাকে তারা অন্যজনের তুলনায় কম অপছন্দ করেন।
৮০ বছর বয়সী প্রবীণ বামপন্থী নেতা লুলা চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রেসিডেন্ট হতে চান। তিনি ভোটারদের সতর্ক করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে ব্রাজিলের সার্বভৌমত্ব বর্তমানে হুমকির মুখে রয়েছে।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৪৫ বছর বয়সী ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র। ২০২২ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হওয়ার পর অভ্যুত্থানের চেষ্টা করার দায়ে জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জনমত জরিপগুলো নির্দেশ করছে, রোববারের প্রথম দফার ভোটে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার সম্ভাবনা কম। ফলে দুই প্রার্থীর মধ্যে ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোটে মুখোমুখি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি।
ব্রাজিলের দরিদ্র উত্তর-পূর্বাঞ্চল এবং নিম্নআয়ের ভোটারদের মধ্যে লুলার সমর্থন তুলনামূলকভাবে বেশি। ক্যাথলিক ও নারী ভোটারদের মধ্যেও তিনি এগিয়ে রয়েছেন। অন্যদিকে দক্ষিণাঞ্চল, উচ্চআয়ের ভোটার এবং ইভানজেলিক্যাল খ্রিস্টানদের মধ্যে বলসোনারোর সমর্থন বেশি।
ব্রাজিলে দুই প্রার্থীর বিরুদ্ধেই ভোটারদের একটি বড় অংশের নেতিবাচক মনোভাব বিদ্যমান। তীব্র নির্বাচনী প্রচারে নীতি ও প্রতিশ্রুতির চেয়ে কেলেঙ্কারি এবং পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িই বেশি গুরুত্ব পেয়েছে।
লুলা বলসোনারোকে ‘কেউই নয়’ বলে আক্রমণ করেছেন এবং মন্তব্য করেছেন, তিনি ‘একটি ভবনের ব্যবস্থাপক হওয়ারও যোগ্য নন।’
অন্যদিকে, নিজের উত্তেজনাপূর্ণ বক্তব্যের জন্য পরিচিত বাবার তুলনায় নিজেকে আরও ‘মধ্যপন্থী’ হিসেবে উপস্থাপন করছেন ফ্লাভিও বলসোনারো। তিনি লুলাকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে বলেছেন, ‘ব্রাজিল আর আপনাকে সহ্য করতে পারছে না।’
ভোটার উপস্থিতি এবং শেষ মুহূর্তে ভোটারদের সিদ্ধান্ত এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
ব্রাসিলিয়ার ৫২ বছর বয়সী মোটরসাইকেল চালক জোয়েলিও কামার্গো বলেছেন, ‘আমি আগে লুলাকে ভোট দিয়েছি। কিন্তু তিনি বয়স্ক হয়ে যাচ্ছেন এবং এবার আমি ভিন্ন কিছু চেয়েছিলাম। তবে বলসোনারোকেও ভোট দেব না। তাই আমি কিছুটা দ্বিধায় আছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সিঙ্গিতম শ্রীনিবাস রাও প্রয়াত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এই বর্ষীয়ান নির্মাতা। তাঁর মৃত্যুর খবরটি ‘তেলেঙ্গানা টুডে’ প্রকাশ করেছে।
সিঙ্গিতম শ্রীনিবাস রাওয়ের মৃত্যুর পর শোক প্রকাশ করেছেন অভিনেতা বিষ্ণু মাঞ্চুসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। বিষ্ণু তাঁর চলচ্চিত্রের প্রতি ভালোবাসা তৈরিতে এই নির্মাতার কাজের প্রভাবের কথা স্মরণ করে বলেন, সিঙ্গিতম কখনো প্রচলিত চলচ্চিত্র নির্মাণের ধারা বা নির্দিষ্ট কোনো ঘরানার মধ্যে নিজেকে আটকে রাখেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বিষ্ণু মাঞ্চু লেখেন, ‘এই শোক আমার কাছে ব্যক্তিগতভাবে খুব গভীর। বড় হওয়ার সময় সিঙ্গিতম শ্রীনিবাস রাও ছিলেন আমার প্রিয় পরিচালকদের একজন। চলচ্চিত্র নির্মাণের কারিগরি দিক পুরোপুরি বোঝার অনেক আগে থেকেই বিস্ময় নিয়ে তাঁর সিনেমা দেখতাম।’
তিনি আরও লেখেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং নিজে চলচ্চিত্রের অংশ হওয়ার পর তাঁর প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়েছে। তিনি ছিলেন সত্যিকারের চলচ্চিত্রপ্রেমী। কল্পনায় ছিলেন নির্ভীক, সব সময় নতুন কিছু করার চেষ্টা করতেন। কখনো নিজেকে কোনো নির্দিষ্ট ঘরানা বা ছকের মধ্যে আটকে রাখেননি। তাঁর নির্মিত প্রতিটি চলচ্চিত্রই আমাদের কিছু না কিছু শেখায়। প্রতিটি চলচ্চিত্রই যেন একটি পাঠ্যবই।’
সিঙ্গিতমকে নিজের চলচ্চিত্রপ্রেমের অন্যতম অনুপ্রেরণা উল্লেখ করে বিষ্ণু লেখেন, ‘আমার কাছে তিনি সব সময় সেই নির্মাতাদের একজন হয়ে থাকবেন, যাঁরা আমাকে সিনেমার জাদুর প্রেমে পড়তে শিখিয়েছেন। আমরা একজন সত্যিকারের কিংবদন্তিকে হারালাম। তবে তাঁর সিনেমা বেঁচে থাকবে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
‘আদিত্য ৩৬৯’ থেকে ‘পুষ্পক বিমান’
১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর জন্ম নেওয়া সিঙ্গিতম শ্রীনিবাস রাও ছিলেন পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক, সুরকার ও অভিনেতা। তিনি তেলুগু, কন্নড়, তামিল, হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমায় কাজ করেছেন। প্রায় ৬০টি চলচ্চিত্র পরিচালনা করেছেন এই নির্মাতা। ভিন্নধর্মী ভাবনা ও প্রচলিত ধারার বাইরে গিয়ে গল্প বলার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
তাঁর সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘আদিত্য ৩৬৯’। এই বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ছবিটি সময় ভ্রমণের গল্প তুলে ধরে তেলুগু সিনেমায় নতুন ধরনের অভিজ্ঞতা তৈরি করেছিল। ‘ভৈরব দ্বীপম’ ছিল লোককথানির্ভর ফ্যান্টাসি সিনেমা।
আরেকটি উল্লেখযোগ্য সিনেমা ‘পুষ্পক বিমান’। কমল হাসান অভিনীত এই ছবিতে প্রায় পুরো গল্পই কোনো সংলাপ ছাড়াই বলা হয়েছিল। সিনেমাটির এই ব্যতিক্রমী নির্মাণশৈলী সিঙ্গিতমের সৃষ্টিশীলতার অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত হয়।
কে ভি রেড্ডির সহকারী থেকে নির্মাতা
চলচ্চিত্রে সিঙ্গিতম শ্রীনিবাস রাওয়ের যাত্রা শুরু হয়েছিল কিংবদন্তি পরিচালক কে ভি রেড্ডির সহকারী হিসেবে। সেই সময় তিনি ‘মায়াবাজার’ (১৯৫৭) ও ‘জগদেকা বীরুনী কথা’ (১৯৬১)-এর মতো সিনেমায় কাজ করেন।
১৯৭২ সালে তেলুগু চলচ্চিত্র ‘নীতি নিজায়িতি’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তাঁর। এরপর একের পর এক ভিন্নধর্মী সিনেমা নির্মাণ করে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
সামাজিক বাস্তবতাকেও তাঁর সিনেমায় গুরুত্ব পেয়েছে। ‘দিক্কাত্র পার্বতী’ (১৯৭৪) তামিল ভাষার সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। ‘থারাম মারিন্দি’ (১৯৭৭) অর্জন করে নন্দী পুরস্কারের সেরা ফিচার ফিল্মের সম্মাননা।
নব্বই পেরিয়েও ছিলেন চলচ্চিত্রে
দীর্ঘ ক্যারিয়ারে সিঙ্গিতম শ্রীনিবাস রাও দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাঁচটি নন্দী পুরস্কার ও তিনটি কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১১ সালে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া তাঁকে আজীবন সম্মাননা দেয়।
নব্বইয়ের কোঠায় পৌঁছেও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন এই নির্মাতা। তাঁর সর্বশেষ পরিচালিত সিনেমা ‘সিঙ্গিতম’। ছবিটি প্রযোজনা করেছেন ‘কল্কি ২৮৯৮ এডি’খ্যাত নির্মাতা নাগ অশ্বিন।
সিঙ্গিতম শ্রীনিবাস রাওয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করেছেন তাঁর ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা। একজন লিখেছেন, ‘এক কিংবদন্তি আমাদের ছেড়ে চলে গেলেন। ভারতীয় সিনেমার অন্যতম সৃষ্টিশীল নির্মাতা সিঙ্গিতম শ্রীনিবাস রাও আর নেই। তাঁর সিনেমা চিরকাল অমর হয়ে থাকবে।’ অন্য একজন লিখেছেন, ‘কিংবদন্তি, শান্তিতে থাকুন। আপনি আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ