০৭:২৫ পি.এম
চীনে আবাসন খাতের নজিরবিহীন সংকটের মধ্যে নতুন এক সমস্যা হিসেবে দেখা দিয়েছে—স্থানীয় সরকারের মালিকানাধীন বৃহত্তম শিল্পগোষ্ঠীর আটকে থাকা ঋণ। এই প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ৪১৩ বিলিয়ন ইউয়ানে, যা প্রায় ৬২ বিলিয়ন ডলার।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের মাধ্যমে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশভিত্তিক প্রতিষ্ঠান ঝুহাই হুয়াফা সম্প্রতি দুটি ট্রাস্ট পণ্যের অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে, যেগুলোর পরিশোধের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ৩৩০ মিটার উচ্চতার ঝুহাই টাওয়ার নির্মাণে ভূমিকা রাখা প্রতিষ্ঠানটি অন্তত তিনটি ব্যাংকের কাছ থেকে ঋণের মেয়াদ বাড়ানোর অনুরোধও করেছে।
চীনের আবাসন খাতের ঋণসংকট কয়েক বছর ধরে চলমান, এবং এটি এখন ছড়িয়ে পড়ছে। যদিও সম্প্রতি দেশটির আবাসন বাজারে কিছু স্থিতিশীলতার লক্ষণ দেখা গেছে। ব্লুমবার্গ জানাচ্ছে, হুয়াফা চীনে ২০০টিরও বেশি আবাসিক প্রকল্প নির্মাণ করেছে। প্রতিষ্ঠানটির অক্টোবরে প্রকাশিত নথি অনুযায়ী, গত মার্চ পর্যন্ত ব্যাংক ও ট্রাস্ট ঋণ এবং বন্ডসহ সুদযুক্ত দায়ের পরিমাণ ছিল ৪১৩ বিলিয়ন ইউয়ান (৬১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার)।
আরও পড়ুন: ভারতের ব্যাংক ও আর্থিক খাতে এআইনির্ভর সাইবার হামলার ঝুঁকি
ঋণ গবেষণাকারী প্রতিষ্ঠান রেটিংডগের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়াও ইউ মন্তব্য করেন, হুয়াফা চীনের অন্যান্য আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের মতো চ্যালেঞ্জের সম্মুখীন। তবে স্থানীয় অর্থনীতিতে এই প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্থানীয় সরকারের সহায়তা পাওয়ার সম্ভাবনা বেশি।
তিনি আরও জানান, হুয়াফার বন্ডের শেষ পর্যন্ত ঋণ পরিশোধের সম্ভাবনা নিয়ে অতিরিক্ত হতাশ হওয়ার কারণ নেই। কিন্তু এই খবরের পরও প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট বন্ড ও শেয়ারের দামে তীব্র পতন ঘটে। মাত্র কয়েক দিন আগে প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ বাজারে এক বিলিয়ন ইউয়ানের একটি ঋণপত্র তুলনামূলক কম ২ দশমিক ০৭ শতাংশ সুদে ছেড়েছিল। মঙ্গলবার হুয়াফার অফশোর বাজারে ইউয়ান-নির্ধারিত একটি বন্ডের দাম রেকর্ড ১৭ শতাংশ কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়, ফলে বন্ডটির দাম অভিহিত মূল্যের প্রায় ৭৪ শতাংশে নেমে আসে।
ব্লুমবার্গ জানাচ্ছে, হুয়াফার আবাসন খাতের সহযোগী প্রতিষ্ঠান ঝুহাই হুয়াফা প্রপার্টিজের শেয়ারের দাম মঙ্গলবার সাংহাইয়ে সর্বোচ্চ ৮ দশমিক ৯ শতাংশ কমে যায়। এতে লেনদেন চলাকালে শেয়ারটির দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
শেনঝেনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আংশিক মালিকানাধীন ভ্যাঙ্ক কোং লিমিটেডের সঙ্গে হুয়াফার পার্থক্য হলো, হুয়াফার সম্পূর্ণ মালিক গুয়াংডং প্রাদেশিক সরকার। প্রতিষ্ঠানের প্রায় ৯৩ দশমিক ৫ শতাংশ মালিকানা ঝুহাইয়ের রাষ্ট্রায়ত্ত সম্পদ তদারকি ও প্রশাসন কমিশনের হাতে। বাকি অংশের মালিক প্রাদেশিক অর্থ বিভাগ। ঋণের ভার, মুনাফা অর্জনের সক্ষমতা কমে যাওয়া এবং বহিরাগত অর্থায়নের ওপর উচ্চ নির্ভরশীলতা সত্ত্বেও চীনের স্থানীয় ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান চায়না লিয়ানহে ক্রেডিট রেটিং চলতি বছরের শুরুতে হুয়াফার ‘এএএ’ ঋণমান বহাল রাখে।
আরও পড়ুন: হরমুজে মাইন বিস্ফোরণে ২ ট্যাংকার ও ১ টাগবোটে আগুন লাগল
প্রতিষ্ঠানটি জানায়, ঝুহাইয়ের একটি প্রধান শিল্পগোষ্ঠী হিসেবে হুয়াফার অবস্থানের কারণে স্থানীয় সরকারের কাছ থেকে শক্তিশালী সহায়তা পাওয়ার প্রত্যাশা রয়েছে।
এদিকে, পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে দরপতনের পর গত মাসে চীনে বাড়ির দাম কমার গতি কিছুটা ধীর হয়েছে। এতে আবাসন বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে আশা তৈরি হয়েছে। অর্থনীতিকে সহায়তা করার প্রচেষ্টা জোরদার করতে সম্প্রতি চীন সরকার বন্ধকী ঋণে ভর্তুকি এবং ব্যাংকঋণ নীতিতে পরিবর্তনের পদক্ষেপ নিয়েছে।
২০২৫ সালে হুয়াফা তার মোট আয়ের প্রায় অর্ধেক আবাসন উন্নয়ন ও নগর পরিচালনা কার্যক্রম থেকে অর্জন করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি আর্থিক সেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতেও ব্যবসা পরিচালনা করে। মুনাফার ওঠানামার প্রধান কারণ হিসেবে প্রতিষ্ঠানটি আবাসন খাতের মন্দাকে দায়ী করেছে। গত বছর প্রতিষ্ঠানটি মোট ১৬ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান লোকসানের কথা জানায়। চলতি বছরের মার্চ পর্যন্ত এর মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৭৬৫ বিলিয়ন ইউয়ান।
ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের ঋণ বিশ্লেষক অ্যান্ড্রু চ্যান বলেন, বাড়ি ক্রেতাদের মধ্যে দুর্বল আগ্রহ, আবাসন বিক্রি কমে যাওয়া এবং অনেক আঞ্চলিক সরকারের সীমিত আর্থিক সক্ষমতার কারণে স্থানীয় সরকার-সমর্থিত চীনা আবাসন নির্মাতারা চাপের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সমর্থনপুষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বিপরীতে এসব প্রতিষ্ঠানের অর্থায়ন পাওয়ার সুযোগ এবং পুনঃঅর্থায়নের ক্ষেত্রে সহায়তা তুলনামূলকভাবে দুর্বল।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মায়ামিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন