০৭:২৮ পি.এম
চীনের সাবেক নেতা মাও সে-তুংকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরও, দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা সিসিটিভি রিয়াল মাদ্রিদের ম্যাচ সম্প্রচার করেনি। গত রবিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ও রেসিং ক্লাব সান্তাদার মুখোমুখি হয়েছিল।
বিতর্কিত মন্তব্যের কারণে এমবাপ্পে ক্ষমা চেয়েছেন। ফরাসি তারকা দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, এবং তার ক্লাব রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ লিগ কর্তৃপক্ষও একইভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু চীনের অবস্থান পরিবর্তিত হয়নি।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এমবাপ্পে সম্প্রতি একটি মিমের বিষয়ে মন্তব্য করেছিলেন, যা তাকে তীব্র সমালোচনার সম্মুখীন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিমটিতে দেখা যায়, মাও সেতুং-এর মতো দেখতে একজন ‘চীনা স্বৈরশাসক’-এর মুখের ওপর এমবাপ্পের মুখ বসানো হয়েছিল। এই মন্তব্যের পর থেকেই ফুটবল বিশ্বে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
আরও পড়ুন: পিএসজির গোল উৎসবে ভিয়ারিয়ালকে ৬-০ ব্যবধানে হারাল
এই বিতর্কের ফলস্বরূপ, সিসিটিভির মূল সংস্থা চায়না মিডিয়া গ্রুপ স্প্যানিশ ফুটবল লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি, বেশ কয়েকটি বড় চীনা ব্র্যান্ড এমবাপ্পেকে তাদের বিজ্ঞাপনের তালিকা থেকে বাদ দিয়ে চুক্তি বাতিল করেছে। এই একটি মন্তব্যের কারণে ফুটবল মাঠের বাইরে এমবাপ্পে বড় ধরনের আর্থিক ও বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমবাপ্পের ক্ষমা প্রার্থনাকে ‘গুরুত্ব সহকারে’ বা ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।
এদিকে, চায়না মিডিয়া গ্রুপ এর আগে তিন পক্ষের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল এবং ঘটনাটি থেকে বেরিয়ে আসার জন্য এটিকে ‘একটি অপরিহার্য পূর্বশর্ত’ বলে অভিহিত করেছিল।
সিসিটিভির স্পোর্টস ওয়েবসাইট পরে জানায়, সিএমজি ক্ষমা প্রার্থনার বিষয়টি গ্রহণ করেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: দুই গোলে পিছিয়ে পড়েও রোমার বিরুদ্ধে ইউনাইটেডের নাটকীয় জয়
রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক চায়না মোবাইলের মালিকানাধীন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিগুতে লা লিগার কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হয়েছে। শনিবার বার্সেলোনার আলাভেসের বিপক্ষে ৬-১ গোলের জয়ও সেখানে দেখানো হয়। তবে রবিবার রেসিংয়ের বিপক্ষে রিয়ালের ম্যাচটি মিগুতেও সম্প্রচারিত হতে দেখা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন