০৭:০০ পি.এম
চট্টগ্রাম, ২৮ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম জেলা প্রশাসন জেলে পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি, নগরের আকমল আলী ঘাট এলাকায় জেলে সম্প্রদায়ের শিশুদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, শিশুদের চাহিদা অনুযায়ী ক্রীড়া সামগ্রী প্রদান করা হবে।
শনিবার, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
জেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তরের তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের জন্য দুধ, ডিম এবং চকলেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসক বলেন, গত ৩০ থেকে ৫০ বছরে দেশের বিভিন্ন জনগণের জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন হলেও জেলে সম্প্রদায়ের জীবনমানে কাঙ্খিত পরিবর্তন আসেনি। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের জীবনমানের উন্নয়ন এবং পেশাগত ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
জেলে পরিবারের সন্তানদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই শিশুরাই একদিন জেলে সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করবে- এটাই তাদের প্রত্যাশা।
জাহিদুল ইসলাম মিঞা জানান, স্বপ্ন ফাউন্ডেশনের সহযোগিতায় আকমল আলী ঘাট এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। তবে, বিদ্যালয় প্রতিষ্ঠা কিংবা সুন্দর বেঞ্চের ব্যবস্থা করলেই উদ্দেশ্য সফল হবে না। অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব নিতে হবে।
আরও পড়ুন: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে সুন্দরীর অস্তিত্ব সংকট, আগামরা কমলেও বাড়ছে লবণাক্ততার হুমকি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন