১১:২৭ এম
সরকার কার্যবণ্টন বিধিমালা, ১৯৯৬-এর তৃতীয় তফসিল (কার্যবণ্টন) সংশোধনের উদ্যোগ নিয়েছে।
এ উদ্যোগে সরকারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের বিধি অধিশাখার উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
পরিপত্রে বলা হয়েছে, কার্যবণ্টন বিধিমালা, ১৯৯৬-এর ৩ নম্বর বিধি অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব এবং কার্যাবলি নির্ধারিত রয়েছে।
একই সঙ্গে বিধিমালার দ্বিতীয় তফসিলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সরকারি কার্যাবলির দায়িত্ব বণ্টনের বিষয়গুলো উল্লেখ রয়েছে।
এতে আরও বলা হয়েছে, যদি কোনো বিষয়ে দায়িত্ব নির্ধারণ নিয়ে মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে মতপার্থক্য বা সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়, তবে বিষয়টি নিষ্পত্তির জন্য মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পাঠাতে হবে।
পাশাপাশি, ১০ নম্বর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ক্ষমতা অর্পণ এবং ১১ নম্বর বিধি অনুযায়ী বিধিমালা সংশোধনের প্রয়োজন হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন
পরিপত্রে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের নিজ নিজ দায়িত্ব ও কার্যাবলি পর্যালোচনা করে তৃতীয় তফসিল (কার্যবণ্টন) হালনাগাদের উদ্যোগ নিতে বলা হয়েছে।
এ ছাড়া বিদ্যমান এবং প্রস্তাবিত কার্যবণ্টনের একটি তুলনামূলক বিবরণী প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর এই বিষয়ক পূর্ববর্তী পরিপত্রের আলোকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নির্দেশনাটি সকল সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন