০৮:২৭ পি.এম
রাজশাহী মহানগরীর পবা থানার তালগাছি এলাকার ঘটনাস্থলে এক নারী যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের কুকীর্তিতে সিএনজি (মাহিন্দ্রা) চালকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগর পবা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান আসামি ও মাহিন্দ্রা চালক মোঃ ফরহাদ হোসেন (২৬) রয়েছে, যে নগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকার বাসিন্দা। অপর আসামি মোঃ তরিকুল ইসলাম (২৫) পবা থানার বায়া (পালপাড়া) এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ,
পুলিশ জানায়, বাগমারা উপজেলার বাসিন্দা মনি বেগম (৩৮) গত ১২ জুলাই শরীয়তপুরে বাবার বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হন। ১৩ জুলাই সকাল ৭টার দিকে রাজশাহী রেলস্টেশনে পৌঁছে তিনি মাহিন্দ্রাযোগে বাগমারার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে, পবা থানার বড়গাছি ইউনিয়নের তালগাছি ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে, যাত্রীর ছদ্মবেশে থাকা ছিনতাইকারী ও চালক মিলে তাকে চলন্ত গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পিঠে আঘাত করে।
এর পর তার কাছে থাকা নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি কালো ট্রাভেল ব্যাগ, কাপড়-চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল ছিনিয়ে নিয়ে গুরুতর আহত অবস্থায় পাশের একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় পবা থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়।
ফরহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোবাইল ফোন, কাপড়-চোপড়, এবং ছিনতাইয়ে ব্যবহৃত মাহিন্দ্রা (সিএনজি) উদ্ধার করা হয়। এছাড়া, হামলায় ব্যবহৃত একটি চাকুও ফরহাদের দেখানো স্থান থেকে জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহর নেতৃত্বে বিশাল গণমিছিল
একই মামলার অপর আসামি তরিকুল ইসলামকে নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে পবা থানায় মামলা দায়ের করেছেন এবং মামলায় ফরহাদ হোসেন ও তরিকুল ইসলামকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন