মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৬:৩২ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও চোলাই মদ।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পর্যন্ত জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পুলিশ জানায়, অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে একজনকে ২১ দিন এবং অপরজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে উদ্ধার করা হয় ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে তরুণদের একটি নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি—সিজেপি রাস্তায় নেমেছে। এর ফলে দেশটির রাজধানী নয়াদিল্লি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। এই বিক্ষোভে অংশ নিয়েছেন বলিউডের “থ্রি ইডিয়টস” সিনেমার কেন্দ্রীয় চরিত্র এবং সমাজকর্মী সোনম ওয়াংচুক, যাকে শিক্ষামন্ত্রী করার দাবিতে স্লোগান তুলেছেন বিক্ষোভকারীরা।
শনিবার (৬ জুন) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে যে, নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে ‘তেলাপোকা পার্টি’র কর্মী ও সমর্থকরা। এই অবস্থান কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফিরেছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
হিন্দুস্তান টাইমসের তথ্যে বলা হয়েছে, শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে যোগ দেন লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। এ সময় বিক্ষোভকারীরা ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবিতে স্লোগান তুলেন।
বিক্ষোভে অংশ নিয়ে ওয়াংচুক বলেছেন, পদত্যাগের দাবিটি কেবল শুরু। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁস অনেক গভীর সমস্যার একটি লক্ষণ। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পুরো শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার প্রয়োজন।
বিক্ষোভকারীদের উদ্দেশে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, বন্ধুরা, এটা একটি দীর্ঘ সংগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানোর পর এক মাস পার হয়ে গেছে; তবে এই ব্যক্তিরা এতটাই নির্লজ্জ যে, ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তারা আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে এবং পোস্ট মুছে ফেলার অন্যান্য বিষয় নিয়ে মনোযোগ দিচ্ছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় এই তরুণ বলেছেন, আপনারা হয়তো আমাদের পোস্ট মুছে ফেলতে পারবেন। কিন্তু এই জায়গা থেকে আমাদের মুছে ফেলতে পারবেন না। আরশোলারা ভয় পায় না। তারা মরেও না। আমাদের এই লড়াই চলতে থাকবে। আমি এখানে এসেছি সেই সকল ভাই-বোনদের জন্য, যারা এখনো স্কুলে পড়ছে।
সিজেপির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে শনিবার দিল্লির যন্তর মন্তর এলাকায় শত শত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জড়ো হয়েছেন। তারা সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও সীমান্তে ১ হাজারেরও বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মূলত, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক মামলার শুনানিতে বেকার তরুণদের একটি অংশকে ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেন। তার ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নামে এক ব্যঙ্গধর্মী অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেন। এটি কোনও প্রচলিত রাজনৈতিক দল নয়; তবে গত ১৬ মে আত্মপ্রকাশের পর থেকে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে এবং প্রতিদিনই এর অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গ্রামবাসীর সাহসী প্রতিরোধের মুখে মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ৬ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
এই ঘটনায় শনিবার (৫ জুন) ভোর থেকে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান রয়েছে। তেঁতুলবাড়ীয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য তাদের কর্তব্য পালনের জন্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র এবং বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের মেইল পিলার ১০৪-এর সাব পিলার ৫-এর কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া দিয়ে বিএসএফ ৬ জনকে পুশইন করার চেষ্টা করেছে। কিন্তু বিজিবি ও গ্রামবাসীর প্রতিবাদের কারণে বিএসএফ তাদের ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়েছে। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা কাঁটাতারের বেড়ার পাশে এখন ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। সেখানে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ শিশু রয়েছে।
স্থানীয়রা জানান যে, বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। তারা ৬ জন পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের কারণে তারা কাঁটাতারের বেড়ার পাশে ফিরে আসে। বিএসএফ কাঁটাতারের ওপারে শক্ত অবস্থান রেখেছে। এদিকে, এখানে বিজিবি ও গ্রামবাসী নিজেদের অবস্থান নিয়েছে।
এদিকে, বিজিবি হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পুশইন প্রতিরোধ করছে। তারা বারবার আহ্বান জানাচ্ছে যে, কাঁটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নেওয়ার জন্য বিএসএফের কাছে সাড়া মিলছে না।
অবৈধ কোনো অনুপ্রবেশ কিংবা পুশইন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবি তেঁতুলবাড়ীয়া ক্যাম্প কমান্ডার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুয়েতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন, হাশিশ, গাঁজা এবং মাদকজাত ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের পরিচালিত একটি অভিযানে মাদক ব্যবসার অভিযোগে ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এই অভিযানটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ নজরদারি ও তদন্তের পরে তার অবস্থান শনাক্ত করে বাসভবনে চালানো হয়।
অভিযানে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে প্রায় ৬৬ গ্রাম ওজনের ১৮২টি হেরোইনের প্যাকেট, ১৪৪ গ্রাম ওজনের ৬৮টি হাশিশের প্যাকেট, প্রায় ১৬০ গ্রাম গাঁজা, ২৬৫ প্যাকেট সাইকোট্রপিক (মাদকজাত) ট্যাবলেট এবং অতিরিক্ত ১ হাজার ৭৫০টি মাদক ট্যাবলেট। এছাড়া, মাদক সংরক্ষণ এবং বিক্রির জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি উদ্ধার হওয়া মাদক বিক্রি এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিন্তু অভিযানে আটক বাংলাদেশি নাগরিকের নাম কিংবা ছবি প্রকাশ করেনি কুয়েত কর্তৃপক্ষ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক ব্যবসা ও চোরাচালানের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান বজায় রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চারজনের মধ্যে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামে বুরুঙ্গির কাছে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে এবং সেখান থেকে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যাওয়ার বিষয়টি জানা গেছে।
পুলিশ জানায়, তরুণী যখন রাতে ঘর থেকে বের হয়ে মোবাইলে কথা বলছিলেন, ঠিক তখনই স্থানীয় যুবক লাবু, নিরব, রহমত এবং স্বাধীন তাকে ধরে পাশে জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনা জানতে পেরে স্থানীয়রা তিনজনকে আটক করলেও একজন পালিয়ে যায়।
শনিবার সকালে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে আরও জানানো হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ভিকটিমের চাচা এই ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেছেন। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ