প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে তরুণদের একটি নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি—সিজেপি রাস্তায় নেমেছে। এর ফলে দেশটির রাজধানী নয়াদিল্লি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। এই বিক্ষোভে অংশ নিয়েছেন বলিউডের “থ্রি ইডিয়টস” সিনেমার কেন্দ্রীয় চরিত্র এবং সমাজকর্মী সোনম ওয়াংচুক, যাকে শিক্ষামন্ত্রী করার দাবিতে স্লোগান তুলেছেন বিক্ষোভকারীরা।
শনিবার (৬ জুন) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে যে, নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে ‘তেলাপোকা পার্টি’র কর্মী ও সমর্থকরা। এই অবস্থান কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফিরেছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
হিন্দুস্তান টাইমসের তথ্যে বলা হয়েছে, শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে যোগ দেন লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। এ সময় বিক্ষোভকারীরা ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবিতে স্লোগান তুলেন।
বিক্ষোভে অংশ নিয়ে ওয়াংচুক বলেছেন, পদত্যাগের দাবিটি কেবল শুরু। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁস অনেক গভীর সমস্যার একটি লক্ষণ। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পুরো শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার প্রয়োজন।
বিক্ষোভকারীদের উদ্দেশে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, বন্ধুরা, এটা একটি দীর্ঘ সংগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানোর পর এক মাস পার হয়ে গেছে; তবে এই ব্যক্তিরা এতটাই নির্লজ্জ যে, ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তারা আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে এবং পোস্ট মুছে ফেলার অন্যান্য বিষয় নিয়ে মনোযোগ দিচ্ছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় এই তরুণ বলেছেন, আপনারা হয়তো আমাদের পোস্ট মুছে ফেলতে পারবেন। কিন্তু এই জায়গা থেকে আমাদের মুছে ফেলতে পারবেন না। আরশোলারা ভয় পায় না। তারা মরেও না। আমাদের এই লড়াই চলতে থাকবে। আমি এখানে এসেছি সেই সকল ভাই-বোনদের জন্য, যারা এখনো স্কুলে পড়ছে।
সিজেপির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে শনিবার দিল্লির যন্তর মন্তর এলাকায় শত শত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জড়ো হয়েছেন। তারা সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও সীমান্তে ১ হাজারেরও বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মূলত, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক মামলার শুনানিতে বেকার তরুণদের একটি অংশকে ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেন। তার ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নামে এক ব্যঙ্গধর্মী অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেন। এটি কোনও প্রচলিত রাজনৈতিক দল নয়; তবে গত ১৬ মে আত্মপ্রকাশের পর থেকে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে এবং প্রতিদিনই এর অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন