০৪:০৪ পি.এম
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই হুমকি ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে হুমকির ইমেইলটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। '[email protected]' ইমেইল আইডি থেকে পাঠানো ওই বার্তায় উল্লেখ করা হয়েছে যে, আগামী মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানো হবে।
ইমেইলে বিশ্ববিদ্যালয়ের সকলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।’
আরও পড়ুন: রাশেদ খাঁন: হাজার ডিসেম্বর গেলেও হাসিনা ফিরবেন না
এই ঘটনার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে। বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার ইউনিট বিষয়টি তদন্ত করছে।
ডিএমপির গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম সমকালকে জানিয়েছেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন