ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই


গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই

ফিলিস্তিনের গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে বাস্তুচ্যুত মানুষের সামনে শীতকাল নতুন একটি দুর্যোগ হিসেবে হাজির হয়েছে। ভারী বৃষ্টি, বন্যা এবং ভূমিধসে তাঁবুতে বসবাসকারী লাখো মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। আশ্রয়হীন পরিবারগুলোর অনেকের তাঁবু পানিতে ডুবে গেছে, এবং তাদের সামান্য সম্বলটুকুও নষ্ট হয়ে গেছে। ত্রাণকর্মীরা আশঙ্কা করছেন, শীতের মাসগুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে।

চলতি মাসের শুরুতে গাজার দক্ষিণ উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় এক ঝড়ো ও বৃষ্টিভেজা রাতে বালুর একটি বাঁধ ধসে চারজন নিহত হন। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী আবদুল করিম আল-সাহার জানান, ধসে পড়া বালুর নিচে চাপা পড়েছিলেন তার মা। তাকে জীবিত উদ্ধার করা গেলেও আশপাশে চাপা পড়া অন্যদের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পাশের একটি তাঁবু ধসের পর পুরোপুরি মাটির নিচে হারিয়ে যায়।

আল-সাহারের বাড়ি উত্তর গাজার বেইত হানুনে। দুই বছরের যুদ্ধের প্রথম দিকেই শহরটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বর্তমানে এর ধ্বংসাবশেষ ইসরাইল-নিয়ন্ত্রিত ‘ইয়েলো লাইন’-এর পাশে পড়ে আছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে তিনি এখন পরিবার নিয়ে আল-মাওয়াসির একটি তাঁবুতে থাকছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে হামের প্রকোপ: ‘অক্সিজেনের জন্য ছটফট করছে শিশুরা’

আল-সাহার বলেন, তার পরিবার ভীষণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। ভাড়া বাসার খরচও তাদের সামর্থ্যের বাইরে। যুদ্ধের সময় আহত হওয়ার পর থেকে তিনি কাজ করতে পারছেন না। নেই কোনো আয় বা সঞ্চয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বৃষ্টিতে গাজায় ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নষ্ট হয়েছে ৪০ হাজারের বেশি আশ্রয়স্থল। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত প্রায় ২০ লাখ মানুষের একটি বড় অংশ এখন আল-মাওয়াসির মতো ঘনবসতিপূর্ণ তাঁবুশিবিরে বসবাস করছেন। এসব এলাকায় পর্যাপ্ত পয়োনিষ্কাশন, বিশুদ্ধ পানি ও অন্যান্য মৌলিক সুবিধার ঘাটতি রয়েছে।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের আঞ্চলিক পরিচালক ওয়াধাহ হুবাইশি বলেন, গাজায় প্রতি শীতেই এমন দুর্যোগ দেখা দেয়। শীতকাল সেখানে অত্যন্ত কঠিন সময়। এটি যেন প্রতি বছর ফিরে আসা একটি প্রাকৃতিক বিপর্যয়।

ত্রাণ কর্মকর্তারা বলছেন, দরিদ্র পরিবার, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়বেন। তবে আসন্ন শীতের দুর্ভোগ থেকে বাস্তুচ্যুত মানুষের খুব কম অংশই রেহাই পাবেন।

আরও পড়ুন: ওমান উপকূলে ২ তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত হামলা

যুদ্ধবিরতি হলেও থামেনি প্রাণহানি

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে বড় ধরনের সংঘাত কিছুটা কমলেও গাজায় সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রের সমর্থনে গঠিত ‘বোর্ড অব পিস’ গত সপ্তাহে অভিযোগ করেছে, যুদ্ধবিরতির শর্ত পূরণে ইসরাইল ও হামাস—উভয় পক্ষই ব্যর্থ হচ্ছে। দৃশ্যমান কোনো অগ্রগতি ছাড়া যুদ্ধবিরতি দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও সতর্ক করেছে সংস্থাটি।

যুদ্ধবিরতি চুক্তির বৃহত্তর পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ, ইসরাইলি সেনা প্রত্যাহার এবং গাজা পুনর্গঠনের কথা রয়েছে। কিন্তু এসব বিষয়ে অগ্রগতি থমকে আছে। হামাস গত জুলাইয়ে অস্ত্র সমর্পণ এবং গাজার শাসনভার একটি বেসামরিক অন্তর্বর্তী কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের রূপরেখায় সম্মতি দিয়েছিল। তবে ইসরায়েলের বক্তব্য, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা সেনা প্রত্যাহার করবে না।

বর্তমানে গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গত সপ্তাহে ইয়েলো লাইনের ওপারে ইসরাইলি বাহিনী বড় ধরনের স্থল অভিযান চালায়। হামাসের একটি সন্দেহভাজন সুড়ঙ্গ লক্ষ্য করে চালানো ওই অভিযানের কারণে কয়েক ডজন বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে তাদের তাঁবু ছেড়ে পালাতে হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন: মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান, মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কা

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রতি মাসে গাজায় ১৮ হাজার ট্রাক পণ্য প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের হাতে আসা তথ্য অনুযায়ী, গত মার্চের পর থেকে কোনো মাসেই এ সংখ্যা ১৩ হাজার ছাড়ায়নি। কোনো কোনো মাসে ট্রাক প্রবেশের সংখ্যা ৫ হাজারেরও নিচে ছিল। বেসরকারি ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, গাজায় প্রবেশ করা অনেক ত্রাণবাহী যানেও পূর্ণ পরিমাণ পণ্য থাকে না।

জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি নীতির কারণে প্রয়োজনীয় পণ্য গাজায় প্রবেশ এবং উপকূলের বাইরের তুলনামূলক কম বন্যাপ্রবণ এলাকায় পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে। পণ্য প্রবেশের ক্ষেত্রে একাধিক অনুমোদন, সীমিত সীমান্ত পারাপার সক্ষমতা এবং অনিশ্চিত সময়সূচির কারণে সরবরাহে বিলম্ব হচ্ছে।

ত্রাণকর্মীরা জানিয়েছেন, ইসরাইলি কর্তৃপক্ষের বাধার কারণে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জামও নিয়মিতভাবে গাজায় প্রবেশ করতে পারছে না। দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত জরুরি সরঞ্জামগুলো মেরামত ও সচল রাখার সক্ষমতা প্রায় শেষ হয়ে আসছে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও ইতালি ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে, শীত আসার আগেই সীমান্তে আটকে থাকা ১ লাখ ৫০ হাজার তাঁবু এবং অন্যান্য জরুরি সরঞ্জাম গাজায় প্রবেশের অনুমতি দিতে হবে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত

অন্যদিকে ইসরাইলি কর্মকর্তাদের দাবি, গাজায় এরই মধ্যে ৯৩ হাজারের বেশি তাঁবু এবং শীতকালীন সরঞ্জামসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যবাহী ৮ হাজার ৬০০-এর বেশি ট্রাক প্রবেশ করেছে। এসব সরঞ্জামের মধ্যে পরীক্ষাগারের উপকরণ, ইঞ্জিন অয়েল ও নবজাতকের ইনকিউবেটরের যন্ত্রাংশও রয়েছে।

গাজায় পণ্য প্রবেশ করলেও সাধারণ মানুষের বড় অংশের কাছে সেগুলো কেনার মতো অর্থ নেই। অধিকাংশ পণ্য অল্প কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাজারে আসছে। ফলে বাজারে তাজা মাংস, সবজি, চকলেট ও বিভিন্ন ধরনের খাবার পাওয়া গেলেও সেগুলো অধিকাংশ ফিলিস্তিনির নাগালের বাইরে।

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত গাজার মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ তীব্র খাদ্যসংকটে থাকবে। ২০২৫ সালের শেষ দিকে এ হার ছিল ৭৭ শতাংশ। অর্থাৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সংকটের মাত্রা এখনো ভয়াবহ।

গাজার অন্যতম পুরোনো রেস্তোরাঁ শাফুত রেস্তোরাঁর মালিক মোহাম্মদ শাফুত জানান, যুদ্ধবিরতির পরপরই তার ব্যবসায় কিছুটা গতি ফিরেছিল। কিন্তু এখন মূলত আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কর্মী, ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্যরাই রেস্তোরাঁয় খেতে আসেন। তিনি বলেন, এখন সমস্যা শুধু বাজারে পণ্য পাওয়া না-পাওয়া নয়; অনেক মানুষের প্রয়োজনীয় খাবার কেনার বা রেস্তোরাঁয় খাওয়ার মতো অর্থও নেই।

আরও পড়ুন: ইরানে যুদ্ধের জন্য অর্থায়ন বন্ধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ

উত্তর গাজার চেম্বার অব কমার্সের মহাসচিব ইমাদ আল-ঘুল বলেন, যুদ্ধবিরতির পর বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তার হিসাবে, স্থানীয় শিল্পকারখানার প্রায় ৯৫ শতাংশই বন্ধ হয়ে গেছে। ব্যবসা-বাণিজ্যও অল্প কয়েকজন ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত হওয়ায় বাজারে প্রতিযোগিতা কমেছে এবং পণ্যের দাম বেড়েছে। শেষ পর্যন্ত এর বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

জাতিসংঘের আগস্টের ভূস্থানিক মূল্যায়ন অনুযায়ী, গাজার মাত্র ৩ শতাংশ কৃষিজমি এখন ব্যবহারযোগ্য ও অক্ষত রয়েছে। বাকি জমির বড় অংশ ইসরায়েলি দখলকৃত এলাকায় পড়েছে।

প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করতে ত্রাণ সংস্থাগুলোও সীমিত সামর্থ্য নিয়ে কাজ করছে। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীরা খাবারের কাঠের বাক্স ভেঙে তাঁবুর খুঁটি তৈরি করছেন। পুরোনো খাবারের বস্তা দিয়ে বানাচ্ছেন বালুর বস্তা, আর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া ধাতব হাঁড়ি দিয়ে তৈরি করছেন বন্যা প্রতিরোধের ব্যবস্থা।

তবে এসব উদ্যোগে সাময়িকভাবে কিছুটা সুরক্ষা মিললেও প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসের মুখে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

আরও পড়ুন: মেয়র মামদানি রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা

নুসেইরাত শরণার্থীশিবিরে ধ্বংসস্তূপের পাশে বসে ৪৪ বছর বয়সী আবদ আলিউয়া বলেন, তারা আর এই দুর্ভোগ সহ্য করতে পারছেন না। তাদের জন্য কেউ একটি সমাধান খুঁজে দিক—এটাই তাদের চাওয়া। তাঁবুতে থাকা মানুষ পানিতে ডুবে যাচ্ছেন, রাস্তায় থাকা মানুষ আহত হচ্ছেন, আবার আশ্রয় নেওয়া মানুষও নিরাপদ নন।

তৃতীয় শীতও কাটছে ছেঁড়া তাঁবুতে

খান ইউনিস শহরের বাসিন্দা ৩৯ বছর বয়সী মোহাম্মদ আবু দাক্কা স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে আল-কারারার উপকূলীয় এলাকায় একটি জীর্ণ তাঁবুতে বসবাস করছেন। যুদ্ধ শুরুর পর থেকে সাবেক এই কৃষিশ্রমিক কোনো আয় করতে পারেননি। যুদ্ধে তার বাবা, ভাই ও দুই ভাতিজা নিহত হয়েছেন। তাঁর মেয়েও পায়ে বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছে।

আবু দাক্কা বলেন, শীত তাদের জন্য বারবার ফিরে আসা এক কঠিন লড়াই। একই জায়গায় পরিবার নিয়ে এটি তাদের তৃতীয় শীত। প্রতিবছর একইভাবে ঠান্ডা, বৃষ্টি ও প্রবল বাতাসের মুখোমুখি হতে হচ্ছে। তাদের তাঁবুটি এতটাই জীর্ণ হয়ে গেছে যে আবহাওয়ার সঙ্গে লড়াই করার সামর্থ্য নেই। বাতাসে তাঁবু উড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া ঠেকাতে সন্তানদের তাঁবুর কিনারা ধরে রাখতে হয়।

পরিবারটি তাঁবুর চারপাশে অগভীর নালা খুঁড়েছে, যাতে বৃষ্টির পানি কিছুটা ঠেকানো যায়। কিন্তু সমুদ্রের পানি বেড়ে গেলে এ ব্যবস্থা কোনো কাজে আসবে না বলে জানেন তারা। কমিউনিটি রান্নাঘর ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন থেকে কিছু খাবার পেলেও সাবান কিংবা কাপড় ধোয়ার গুঁড়া কেনার সামর্থ্য নেই তাদের। এসব প্রয়োজনীয় জিনিসের জন্য তার স্ত্রীকে অন্য বাস্তুচ্যুত পরিবারের কাছে হাত পাততে হয়।

আবু দাক্কার একটাই চাওয়া—এই দুর্ভোগের অবসান এবং এমন একটি স্থায়ী আশ্রয়, যেখানে পরিবারের নিরাপত্তা ও মানুষের মতো বেঁচে থাকার মর্যাদা থাকবে।

৭৪ হাজার ছাড়িয়েছে নিহতের সংখ্যা

২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলায় ইসরাইলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজারে পৌঁছেছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

প্রতিবেদনে বলা হয়েছে, জুনে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন জানায়, ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরাইল গণহত্যা অব্যাহত রেখেছে।

যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার মানুষের জীবনে নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের সংকট কাটেনি। বরং শীতের বৃষ্টি ও বন্যা নতুন করে তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। ত্রাণ প্রবেশের বাধা, কর্মসংস্থানের অভাব এবং ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোর কারণে পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও সীমিত।

গাজার বাস্তুচ্যুত মানুষের আশঙ্কা, যুদ্ধের ধ্বংসযজ্ঞের পর এবার শীতের প্রকোপ তাদের জন্য আরও বড় বিপর্যয় নিয়ে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক সুজন মিয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক সুজন মিয়ার মৃত্যু

বগুড়া, ২১ নভেম্বর, ২০২৬ : জেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে গতকাল শুক্রবার রাতে।

গতকাল রাত ১১টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুজন মিয়া জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আব্দুল আলিমের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুনট থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলতলী যাওয়ার সময় গোপীনাথপুর মোড়ে একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, দুর্ঘটনায় আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সুজনকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমান উপকূলে ২ তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


ওমান উপকূলে ২ তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত হামলা

দু’টি তেলবাহী ট্যাংকার ওমান উপকূলের নিকটে হামলার শিকার হয়েছে। অজ্ঞাত বস্তুর আঘাতে এই ট্যাংকার দু’টি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটি জানায়, হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার সময় একটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষে অজ্ঞাত বস্তু আঘাত করে। এই ঘটনা ওমানের খাসাব উপকূল থেকে ১৭ নটিক্যাল মাইল (প্রায় ৩১ কিলোমিটার) পূর্বে ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।

ইউকেএমটিও এর আগে জানিয়েছিল, খাসাবের ১১ নটিক্যাল মাইল (প্রায় ২০ কিলোমিটার) উত্তরে আরেকটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।

সংস্থাটি আরও জানায়, এ বিষয়ে অতিরিক্ত তথ্য পাওয়া গেলে তা শীঘ্রই জানানো হবে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে অনলাইন জুয়া চক্র নিয়ে পুলিশের তুঘলকি কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


যশোরে অনলাইন জুয়া চক্র নিয়ে পুলিশের তুঘলকি কাণ্ড

পুলিশকে মোটা অংকের টাকা প্রদান করে অপরাধী নিজেই গ্রেফতার হন। তদন্তের নাটক এবং জামিন মঞ্জুরে কাজ করেন তদন্তকারী কর্মকর্তা। সময় সংবাদের অনুসন্ধানে যশোর জেলা পুলিশের এই তুঘলকি কাণ্ডের তথ্য প্রকাশ পেয়েছে।

অপরাধ বিশেষজ্ঞদের মতে, যখন রক্ষক নিজেই ভক্ষকের ভূমিকায় প্রবেশ করেন, তখন অপরাধ দমন করা সম্ভব হয় না।

এক হাতে প্রতিরোধ, অন্য হাতে রক্ষা

পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন। একদিকে গ্রেফতার দেখিয়ে জুয়া চক্রের ৪ সদস্যকে আদালতে তুলছেন, অন্যদিকে তাদের জামিন ও রিমান্ড ঠেকাতে আইনজীবী নিজেই ঠিক করছেন। সময় সংবাদে প্রকাশিত একাধিক অডিওতে এর প্রমাণ পাওয়া গেছে।

শুধু জামিন নয়, গ্রেফতার হতে মামুনকে লাখ লাখ টাকা দেয় জুয়া চক্রের সদস্যরা। তবে কেনো? এবং কার নির্দেশে মামুন কাজ করছেন? অনুসন্ধানে মাঠে নামে সময় সংবাদ।

মামুনের নাটকীয় গ্রেফতারের অন্যতম আসামি তুষার ও তাপসকে ধরতে ওইদিনই যশোরে অভিযান চালায় ঢাকার ডিবি সাইবার দক্ষিণ।

মামলায় উল্লেখ করা হয়েছে, সেদিন রাতে দেশের অনলাইন জুয়া চক্রের অন্যতম হোতা সাগর সিকদার মাদারীপুর থেকে ডিবির হাতে গ্রেফতার হন। তবে ভিপিএন ও প্রক্সি সাইটের নিয়ন্ত্রণ ডিভাইস ছিলো যশোরে তুষার ও তাপসের কাছে। তাই যশোর জেলা পুলিশকে অবহিত করে ডিবি যশোরের উদ্দেশ্যে রওনা দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে জননিরাপত্তায় পাঁচ প্লাটুন আনসার মোতায়েন, দায়িত্বে জেলা কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


ফরিদপুরে জননিরাপত্তায় পাঁচ প্লাটুন আনসার মোতায়েন, দায়িত্বে জেলা কমান্ডার

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে আনসার সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে সমবেত হন। এরপর তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন।

ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে- ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসন পয়েন্ট। এছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও তারা দায়িত্ব পালন করছেন।

জেলা কমান্ডার আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে নিয়মিত টহল পরিচালনা করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%