ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

অনলাইন ভ্যাট রিটার্নের আওতায় ১১ খাতের প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত


অনলাইন ভ্যাট রিটার্নের আওতায় ১১ খাতের প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট আদায় বৃদ্ধির লক্ষ্যে নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেছে। নতুন প্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের আওতায় অন্তর্ভুক্ত করা, বড় ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা, ডিজিটাল ব্যবস্থায় নজরদারি বৃদ্ধি এবং ভ্যাট ফাঁকি ধরার জন্য অভিযান জোরদার করা হচ্ছে। পাশাপাশি, ভ্যাট রিটার্ন দাখিলের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে এনবিআর করদাতার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত ভ্যাট আদায়কে আরো সহজ করার চেষ্টা করছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, মোট ভ্যাট আদায়ের প্রায় ৪০ শতাংশ আসে ১১টি খাত থেকে। এই কারণে এসব খাতের প্রতিষ্ঠানগুলোকে অনলাইন রিটার্নের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে সিগারেট, মোবাইল ফোন, ওষুধ, পানীয়, সিমেন্ট, এমএস পণ্য, টাইলস এবং রং ও বার্নিশ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে। সেবার মধ্যে রয়েছে বীমা, ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং মোবাইল আর্থিক সেবা।

গত ২০ সেপ্টেম্বর এনবিআরের এক আদেশে জানানো হয়েছিল যে, সিগারেট, ওষুধ, মোবাইল ফোন এবং ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। খাতগুলো হলো সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী খাত এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

এনবিআরের আদেশে আরও বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক) অনুযায়ী বর্ণিত খাতগুলোর ক্ষেত্রে পণ্যের উৎপাদনকারীদের এবং বর্ণিত সেবা খাতগুলোর ক্ষেত্রে সরবরাহকারীদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো নিবন্ধিত ব্যক্তি উপরোল্লিখিত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহ কার্যক্রমের সঙ্গেও জড়িত থাকেন, তবে তার ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবে।

আদেশে আরও বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক-সংক্রান্ত পূর্ববর্তী কোনো আদেশ জারি করা হয়ে থাকলে, এই আদেশ জারির পর ওই আদেশগুলো বাতিল বলে গণ্য হবে।

এনবিআর জানিয়েছে, বর্তমানে মোট ভ্যাট রিটার্নের প্রায় ৬০ শতাংশ অনলাইনে জমা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে অনলাইন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যেসব খাত থেকে বড় অঙ্কের ভ্যাট আসে, সেসব প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য অনলাইনে পাওয়া গেলে রাজস্ব কর্মকর্তাদের জন্য তথ্য যাচাই ও নজরদারি করা সহজ হবে।

এনবিআর শুধু বড় প্রতিষ্ঠানের ওপর নজরদারি নয়, নতুন করদাতা বাড়ানোর চেষ্টা করছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় মাসে ২৭ হাজার ৪০১টি নতুন প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিয়েছে। তবে নতুন নিবন্ধনের পর এসব প্রতিষ্ঠান নিয়মিত রিটার্ন দাখিল করছে কি না এবং যথাযথ ভ্যাট পরিশোধ করছে কি না সেটিও গুরুত্বপূর্ণ। কারণ, শুধুমাত্র নিবন্ধনের সংখ্যা বাড়লেই রাজস্ব বাড়বে না।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর প্রকৃত ব্যবসা ও লেনদেনের সঙ্গে তাদের দেওয়া ভ্যাটের হিসাব মিলিয়ে দেখা জরুরি। এজন্য নিবন্ধনের পর নিয়মিত রিটার্ন দাখিল ও ভ্যাট পরিশোধ নিশ্চিত করার ওপরও নজর দিচ্ছে এনবিআর।

এদিকে, ভ্যাট ফাঁকি ধরতে মাঠ পর্যায়ে অভিযানও বাড়ানো হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গোপন বিক্রয়, পণ্যের ভুল শ্রেণিবিন্যাস এবং কম ভ্যাট দেখানোর মতো অনিয়ম ধরা পড়ছে। এসব অভিযানের মাধ্যমে ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

তবে ভ্যাট আদায়ের ক্ষেত্রে পুরনো বকেয়া এখনো বড় বিষয়। নতুন প্রতিষ্ঠান নিবন্ধিত হলেও পুরনো করদাতাদের কাছ থেকে নিয়মিত ভ্যাট আদায় এবং দীর্ঘদিনের বকেয়া আদায় করা না গেলে মোট রাজস্বে বড় ধরনের প্রভাব পড়বে না।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়মেও পরিবর্তন এসেছে। জুলাই থেকে ত্রৈমাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন দাখিল ও অর্থ পরিশোধের ব্যবস্থা চালু হয়েছে। ফলে জুলাই ও আগস্ট মাসের লেনদেনের রিটার্ন দাখিল ও ভ্যাট পরিশোধের সময় সেপ্টেম্বর মাসে পড়েছে। নতুন এই ব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা পর্যালোচনা করছে এনবিআর। এরই মধ্যে আবার মাসিক রিটার্ন ও অর্থ পরিশোধের ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

ভ্যাট আদায়ের সাম্প্রতিক হিসাবেও কিছুটা কমতির চিত্র দেখা গেছে। চলতি অর্থবছরের জুলাই মাসে ভ্যাট আদায় হয়েছে ৯ হাজার ৩০১ কোটি টাকা। গত বছরের একই মাসে আদায় হয়েছিল ১১ হাজার ৫৪৭ কোটি টাকা। আগস্টে আদায় হয়েছে আট হাজার ৩৬২ কোটি টাকা, যা গত বছরের আগস্টে ছিল ১১ হাজার ৮১ কোটি টাকা।

তবে ত্রৈমাসিক ভিত্তিতে ভ্যাট আদায় শুরু হওয়ায় শুধু জুলাই ও আগস্টের হিসাব দিয়ে নতুন ব্যবস্থার প্রভাব বিচার করতে চাইছে না এনবিআর। এ বিষয়ে এনবিআরের সদস্য (ভ্যাট নীতি) মো. আজিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, “যেহেতু এবার ত্রৈমাসিক ভিত্তিতে ভ্যাট আদায় হচ্ছে, সেহেতু সেপ্টেম্বর শেষ হলে বিস্তারিত বলা যাবে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে ভ্যাট আদায়ের যে তথ্য আসছে, তা পজিটিভ।”

এনবিআরের এসব উদ্যোগের মূল লক্ষ্য এখন করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান করদাতাদের কাছ থেকে নিয়মিত ভ্যাট আদায় নিশ্চিত করা। অনলাইন রিটার্ন, ডিজিটাল নজরদারি ও মাঠ পর্যায়ের অভিযান—এই তিন দিকেই জোর দেওয়া হচ্ছে। এর সঙ্গে বকেয়া ভ্যাট আদায় করতে পারলে রাজস্ব আহরণ আরো বাড়ানোর সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরে ভ্যাট থেকে দুই লাখ ৫৭ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর। এই লক্ষ্য পূরণে নতুন করদাতা যুক্ত করার পাশাপাশি বড় খাতগুলোর লেনদেনের ওপর নজরদারি, নিয়মিত রিটার্ন দাখিল এবং বকেয়া ভ্যাট আদায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ত্রৈমাসিক রিটার্ন ব্যবস্থার অভিজ্ঞতা এবং ডিজিটাল নজরদারির পরিধি বাড়ানোর উদ্যোগ আগামী মাসগুলোতে ভ্যাট আদায়ের ওপর কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ কালের কণ্ঠকে বলেন, “উদ্যোগগুলো কতটা কার্যকর হচ্ছে, তা মাত্র দুই মাসের মাথায় বাইরে থেকে মন্তব্য করা সমীচীন হবে না। এনবিআর যে উদ্যোগ নিয়েছে, নিশ্চয়ই এর পেছনে তাদের যৌক্তিকতা রয়েছে। সময়ের সঙ্গে এর ফলাফল স্পষ্ট হবে এবং এনবিআরই এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে।”

তিনি বলেন, “সবাইকে ভ্যাটের আওতায় আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে আদায় করা ভ্যাট যাতে সঠিকভাবে ও সময়মতো সরকারি কোষাগারে জমা হয়, সেটিও নিশ্চিত করতে হবে। অটোমেশন হলে এই দুই কাজই সহজ হবে। তাই এই মুহূর্তে পুরো ভ্যাট ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনাই জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমানের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয়ের প্রস্তাব দেন আমিন খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


সালমানের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয়ের প্রস্তাব দেন আমিন খান

সালমান শাহর আকস্মিক মৃত্যু ঢাকাই চলচ্চিত্রে শোকের ছায়া ফেলেছিল, পাশাপাশি তাঁর হাতে থাকা অসমাপ্ত সিনেমাগুলোর ভবিষ্যৎ নিয়েও সৃষ্টি হয়েছিল অনিশ্চয়তা। প্রয়াত এই অভিনেতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য বিনা পারিশ্রমিকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন চিত্রনায়ক আমিন খান। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি সেই সময়ের স্মৃতি ও নিজের সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেছেন।

সালমান শাহর মৃত্যুর দিনটি স্মরণ করে আমিন খান বলেন, সেদিন সকালে তিনি এফডিসিতে উপস্থিত ছিলেন। সেখানে প্রযোজক ও পরিচালকদের কান্না এবং আহাজারির দৃশ্য তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাঁর ভাষায়, "তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল, ‘সবকিছুই শেষ হয়ে গেল।’"

সালমানের অসমাপ্ত সিনেমাগুলোর কারণে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকদের আর্থিক ক্ষতি না হওয়ার বিষয়টি তখন আমিন খানের মনে এসেছিল। তিনি জানান, গল্পের প্রয়োজন অনুযায়ী সালমানের চরিত্র রেখে যদি সিনেমাগুলোর কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়, তাহলে তিনি বিনা পারিশ্রমিকে অভিনয় করতে প্রস্তুত ছিলেন।

আমিন খান বলেন, "আমার কাছে তখন মনে হয়েছিল, সালমানকে রেখে যদি গল্পের মোড় ঘুরিয়ে কোনোভাবে কাজগুলো করা সম্ভব হয়, তবে আমি বিনামূল্যে তা করে দিতে প্রস্তুত। অন্তত এতে করে ক্ষতিগ্রস্ত মানুষগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।"

সালমান শাহর সঙ্গে কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করার সুযোগ না থাকলেও, তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে জানান আমিন খান। একসঙ্গে আড্ডা দেওয়ার এবং পথচলার স্মৃতিও তাঁর সিদ্ধান্তের পেছনে কাজ করেছিল। তিনি বলেন, প্রয়াত বন্ধুর প্রতি ভালোবাসা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই ওই প্রস্তাব দিয়েছিলেন।

আমিন খানের ভাষ্য, "এমনটা করতে পারলে হয়তো আমার বন্ধুর আত্মাও শান্তি পেত এবং প্রযোজক-পরিচালকদের মনের কষ্টটাও কিছুটা লাঘব হতো।"

তবে সালমান শাহর অসমাপ্ত সব সিনেমায় কাজ করার সুযোগ পাননি আমিন খান। গল্পের কাঠামো পরিবর্তনের সুযোগ থাকায় শুধুমাত্র ‘স্বপ্নের নায়ক’ সিনেমাতেই তাঁর যুক্ত হওয়া সম্ভব হয়েছিল। অন্য সিনেমাগুলোর গল্পে সেই সুযোগ ছিল না বলে তিনি জানান।

সালমান শাহর স্মৃতিচারণ করে আমিন খান বলেন, "বন্ধু যেখানেই থাকুক, ভালো থাকুক—সবসময় এটাই আমার চাওয়া।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাখাইনে বাজারে মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


রাখাইনে বাজারে মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৪৯

বাংলাদেশের সীমান্তের পাশে অবস্থিত মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি ব্যস্ত পাইকারি বাজারে বিমান হামলার ফলে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও ৫৮ জন, যাদের মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার, নিহত ও আহতের সংখ্যা ৪৯ ও ৫৮-তে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে আরাকান আর্মি ও স্থানীয় উদ্ধারকারী সূত্র।

আরাকান আর্মি (এএ) জানিয়েছে, মিয়ানমারের একটি যুদ্ধবিমান কিয়াউকতাও শহরের ব্যস্ত বাজারে পরপর দুটি বোমা ফেলে। হামলার সময় বাজারে ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের ভিড় ছিল। এই হামলায় ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তারাও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

রাখাইনের জ্যেষ্ঠ উদ্ধারকর্মী ওয়াই হুন অং বলেন, কিয়াউকতাওয়ের বাজারটি রাজ্যের অন্যতম প্রধান পাইকারি কেন্দ্র। এখানে রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী, খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতারা কেনাকাটা করতে আসেন। হামলার সময় বাজারটিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। তিনি এই হামলাকে রাখাইনে সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম ভয়াবহ বিমান হামলা হিসেবে উল্লেখ করেছেন।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বাজার এবং আশপাশের এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা যায়। কয়েকটি ভবন ও যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়। বিমান হামলায় বাজারসংলগ্ন একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ছবি ও ভিডিওর সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মিয়ানমারের সামরিক বাহিনী হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে পূর্বে বিভিন্ন হামলার ক্ষেত্রে সামরিক কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের বিমান হামলা নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত হয় এবং বেসামরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়।

বর্তমানে কিয়াউকতাও শহরটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসা এই সশস্ত্র গোষ্ঠী ২০২৩ সালের নভেম্বর থেকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে। এরপর তারা রাখাইনের বিস্তীর্ণ এলাকা দখলে নেয় এবং বর্তমানে ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী স্থলপথে নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি বিমান হামলার ওপরও বেশি নির্ভর করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কিয়াউকতাও, ম্রাউক-উ ও পন্নাগুনসহ আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় এর আগে বেশ কয়েকটি বিমান হামলার ঘটনা ঘটেছে।

গত বছরের ডিসেম্বরে রাখাইনের ম্রাউক-উ এলাকায় একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩৪ জন নিহত ও ৮০ জন আহত হওয়ার খবর জানিয়েছিল এপি। চলমান সংঘাতের পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন নিষেধাজ্ঞায় রাখাইনে বাণিজ্য ও পণ্য পরিবহণও ব্যাহত হচ্ছে। এতে খাদ্যসংকট ও মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিয়ানমারে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশজুড়ে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে। এরপর গণতন্ত্রপন্থি ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। রাখাইন রাজ্যে আরাকান আর্মির সাম্প্রতিক অগ্রযাত্রা সেই সংঘাতকে আরও জটিল করে তুলেছে।

বর্তমানে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে, কিয়াউকফিউ ও মানাউং—এই তিনটি টাউনশিপ মূলত মিয়ানমারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিপরীতে রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে কিয়াউকতাওয়ের মতো আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় সামরিক বাহিনীর বিমান হামলা অব্যাহত থাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেড়ায় বিষাক্ত কেমিক্যাল দিয়ে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


বেড়ায় বিষাক্ত কেমিক্যাল দিয়ে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

পাবনা বেড়ায় গভীর রাতে একটি নকল দুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল দুধ এবং ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮ টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার পেঁচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতির বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পলি ঘোষকে (৩৫) নকল দুধ তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। এ সময় স্থানীয় থানা পুলিশ সহযোগিতা করেন।

আভিযানিক দলের তথ্যমতে, উত্তম ঘোষ ও তার স্ত্রী পলি ঘোষ দীর্ঘকাল ধরে নিজেদের বাড়িতে কেমিক্যাল এবং ক্ষতিকারক উপকরণ ব্যবহার করে ভেজাল ও নকল দুধ তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পুলিশ এবং উপজেলা প্রশাসন সেখানে উপস্থিত হয়। পরে উত্তম ঘোষের ঘর থেকে বড় আকৃতির ডেগে বিপুল পরিমাণ কৃত্রিম নকল দুধ জব্দ করা হয়। একইসাথে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত পাম ওয়েল, ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলা দুধ এবং ব্লেন্ডার মেশিন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে মূল হোতা উত্তম ঘোষকে পাওয়া না গেলেও তার স্ত্রী পলি ঘোষকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পলি ঘোষ স্বীকার করেন যে, তিনি এবং তার স্বামী নিয়মিতভাবে এসব ক্ষতিকর উপকরণ মিশিয়ে নকল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। পরবর্তীতে সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত আলামত এবং স্বীকারোক্তির ভিত্তিতে পলি ঘোষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান জানান, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে নকল দুধ তৈরি হচ্ছিল। অভিযুক্ত নারী তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। তার ঘরে থাকা অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধ শ্বাশুড়ির মানবিক দিক বিবেচনা করে তাকে কারাদণ্ড না দিয়ে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং নকল দুধ উৎপাদন ও বিক্রি বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিগার সুলতানা জ্যোতির ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে চলমান জল্পনার অবসান ঘটিয়েছে। অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন জ্যোতি।

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে জ্যোতির সরে দাঁড়ানোর পর তাঁর ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বিশেষ করে, বিসিবি অপ্রস্তুত হয়ে পড়েছিল মাঝপথে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কারণে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সফরের আগে ওয়ানডে অধিনায়ক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়ায়।

সোমবার বিসিবি কার্যালয়ে নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। বৈঠকের পর রফিকুল জ্যোতির নেতৃত্ব নিয়ে স্পষ্ট অবস্থান জানান।

তিনি বলেন, "বৈঠকেই জ্যোতিকে জানানো হয়েছে, তিনি অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন এবং অধিনায়ক হিসেবেই অস্ট্রেলিয়া সফরে যাবেন।" ২০২১ সাল থেকে ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন জ্যোতি।

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে। ওই সিরিজে জ্যোতির নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে, সিনিয়র কোচ সারওয়ার ইমরানের সাম্প্রতিক মন্তব্য নিয়েও কথা বলেছেন রফিকুল। এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক জিততে না পারার পর অধিনায়কত্ব ও কোচিং পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বিসিবির সমালোচনা করে মন্তব্য করেছিলেন ইমরান।

রফিকুল জানান, ইমরানের বিরুদ্ধে এখনো কোনো শোকজ নোটিশ দেওয়া হয়নি। তবে তাঁর মন্তব্যকে বোর্ড অনভিপ্রেত এবং আচরণবিধির সীমা অতিক্রম করার মতো বলে মনে করছে।

রফিকুলের ভাষ্য অনুযায়ী, ইমরান বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় তাঁর এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি। তিনি বলেন, "ইমরান একজন সিনিয়র কোচ এবং বোর্ড তাঁর কাছ থেকে এমন মন্তব্য আশা করেনি।" ইতোমধ্যে তিনি গণমাধ্যমে বলেছেন, কোচটি ভুল করেছেন এবং সেটি গুরুতর ভুল।

অতএব, একদিকে অস্ট্রেলিয়া সফরের আগে জ্যোতির ওয়ানডে অধিনায়কত্ব নিশ্চিত হলো, অন্যদিকে এশিয়ান গেমসের পর কোচিং ও অধিনায়কত্ব ঘিরে তৈরি হওয়া আলোচনাতেও বিসিবির অবস্থান স্পষ্ট করল বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%