প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সালমান শাহর আকস্মিক মৃত্যু ঢাকাই চলচ্চিত্রে শোকের ছায়া ফেলেছিল, পাশাপাশি তাঁর হাতে থাকা অসমাপ্ত সিনেমাগুলোর ভবিষ্যৎ নিয়েও সৃষ্টি হয়েছিল অনিশ্চয়তা। প্রয়াত এই অভিনেতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য বিনা পারিশ্রমিকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন চিত্রনায়ক আমিন খান। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি সেই সময়ের স্মৃতি ও নিজের সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেছেন।
সালমান শাহর মৃত্যুর দিনটি স্মরণ করে আমিন খান বলেন, সেদিন সকালে তিনি এফডিসিতে উপস্থিত ছিলেন। সেখানে প্রযোজক ও পরিচালকদের কান্না এবং আহাজারির দৃশ্য তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাঁর ভাষায়, "তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল, ‘সবকিছুই শেষ হয়ে গেল।’"
সালমানের অসমাপ্ত সিনেমাগুলোর কারণে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকদের আর্থিক ক্ষতি না হওয়ার বিষয়টি তখন আমিন খানের মনে এসেছিল। তিনি জানান, গল্পের প্রয়োজন অনুযায়ী সালমানের চরিত্র রেখে যদি সিনেমাগুলোর কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়, তাহলে তিনি বিনা পারিশ্রমিকে অভিনয় করতে প্রস্তুত ছিলেন।
আমিন খান বলেন, "আমার কাছে তখন মনে হয়েছিল, সালমানকে রেখে যদি গল্পের মোড় ঘুরিয়ে কোনোভাবে কাজগুলো করা সম্ভব হয়, তবে আমি বিনামূল্যে তা করে দিতে প্রস্তুত। অন্তত এতে করে ক্ষতিগ্রস্ত মানুষগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।"
সালমান শাহর সঙ্গে কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করার সুযোগ না থাকলেও, তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে জানান আমিন খান। একসঙ্গে আড্ডা দেওয়ার এবং পথচলার স্মৃতিও তাঁর সিদ্ধান্তের পেছনে কাজ করেছিল। তিনি বলেন, প্রয়াত বন্ধুর প্রতি ভালোবাসা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই ওই প্রস্তাব দিয়েছিলেন।
আমিন খানের ভাষ্য, "এমনটা করতে পারলে হয়তো আমার বন্ধুর আত্মাও শান্তি পেত এবং প্রযোজক-পরিচালকদের মনের কষ্টটাও কিছুটা লাঘব হতো।"
তবে সালমান শাহর অসমাপ্ত সব সিনেমায় কাজ করার সুযোগ পাননি আমিন খান। গল্পের কাঠামো পরিবর্তনের সুযোগ থাকায় শুধুমাত্র ‘স্বপ্নের নায়ক’ সিনেমাতেই তাঁর যুক্ত হওয়া সম্ভব হয়েছিল। অন্য সিনেমাগুলোর গল্পে সেই সুযোগ ছিল না বলে তিনি জানান।
সালমান শাহর স্মৃতিচারণ করে আমিন খান বলেন, "বন্ধু যেখানেই থাকুক, ভালো থাকুক—সবসময় এটাই আমার চাওয়া।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন