মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৫ পি.এম
নামাজের প্রতিটি অঙ্গভঙ্গির বিশেষ গুরুত্ব রয়েছে। রুকু, সেজদা, বসা কিংবা দাঁড়ানো—প্রতিটি অবস্থায় রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করা একজন মুমিনের জন্য কাম্য। কিন্তু নামাজের কিছু ছোট ছোট সুন্নত সম্পর্কে অনেকেরই যথেষ্ট ধারণা নেই। বিশেষ করে সেজদার সময় পায়ের আঙুল কোন দিকে থাকবে, আঙুলের নিচের অংশ মাটিতে লাগানো জরুরি কি না এবং দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখতে হবে, নাকি পৃথক—এসব বিষয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।
সেজদা কেবল কপাল ও নাক মাটিতে রাখার নাম নয়; বরং রাসুলুল্লাহ (সা.) যেভাবে সেজদা করেছেন, সেভাবে সেজদা করার চেষ্টা করাও সুন্নাহর অনুসরণের অংশ। হানাফি মাজহাবের আলোকে সেজদায় পায়ের আঙুল কিবলামুখী রাখার বিধান, এ বিষয়ে হাদিসের প্রমাণ এবং পায়ের সঠিক অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা যাক।
সেজদায় পায়ের আঙুল কিবলামুখী রাখার বিধান
হানাফি মাজহাব অনুযায়ী, সেজদার সময় পায়ের আঙুলের নিচের অংশ মাটিতে রেখে আঙুলের অগ্রভাগ কিবলার দিকে ফেরানো সুন্নতে মুয়াক্কাদা। অর্থাৎ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত; তবে ফরজ বা ওয়াজিব নয়। তাই কেউ এভাবে সেজদা না করলে তার নামাজ নষ্ট হবে না। কিন্তু বিনা কারণে নিয়মিত এ সুন্নত পরিত্যাগ করা উচিত নয়।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা কিবলামুখী হওয়ার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে—
فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ
‘অতএব আপনি মসজিদুল হারামের দিকে আপনার মুখমণ্ডল ফেরান। আর তোমরা যেখানেই থাকো, তোমাদের মুখমণ্ডল সেদিকেই ফেরাও।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৪৪)
এ আয়াতে নামাজে কিবলামুখী হওয়ার সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে। আর সেজদায় পায়ের আঙুল কিবলামুখী রাখার বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-এর আমল ও হাদিস থেকে জানা যায়।
পায়ের আঙুল কিবলামুখী রাখার হাদিস
হজরত বারা ইবনে আজিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন রুকু করতেন, তখন পিঠ সোজা রাখতেন। আর যখন সেজদা করতেন, তখন পায়ের আঙুলগুলো কিবলার দিকে ফেরাতেন এবং দুই পায়ের মাঝে কিছুটা ফাঁকা রাখতেন।
كَانَ النَّبِيُّ ﷺ إِذَا رَكَعَ بَسَطَ ظَهْرَهُ، وَإِذَا سَجَدَ وَجَّهَ أَصَابِعَهُ قِبَلَ الْقِبْلَةِ فَتَفَاجَّ
‘নবীজি (সা.) যখন রুকু করতেন, তখন পিঠ সোজা রাখতেন। আর যখন সেজদা করতেন, তখন পায়ের আঙুলগুলো কিবলার দিকে ফেরাতেন এবং দুই পায়ের মাঝে ফাঁক রাখতেন।’ (বায়হাকি ২/১১৩)
এ হাদিস থেকে বোঝা যায়, সেজদার সময় পায়ের আঙুল কিবলামুখী রাখা এবং দুই পায়ের মাঝে স্বাভাবিক ফাঁকা রাখা রাসুলুল্লাহ (সা.)-এর সেজদার বর্ণিত পদ্ধতির অন্তর্ভুক্ত।
এ ছাড়া সাহাবি হজরত আবু হুমাইদ সায়িদি (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর নামাজের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে তাঁর সেজদার সময় পায়ের আঙুলের অগ্রভাগ কিবলামুখী রাখার কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে সহিহ বুখারিতেও বর্ণনা রয়েছে।
সেজদায় দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখবেন, নাকি পৃথক?
সেজদার সময় দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখা হবে, নাকি কিছুটা পৃথক রাখা হবে—এ বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। উভয় মতের পক্ষে হাদিসের বর্ণনা পাওয়া যায়।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.)-এর সেজদার সময় দুই গোড়ালি মিলিয়ে রাখার কথা এসেছে—
فَوَجَدْتُهُ سَاجِدًا رَاصًّا عَقِبَيْهِ مُسْتَقْبِلًا بِأَطْرَافِ أَصَابِعِهِ الْقِبْلَةَ
‘আমি তাকে সেজদারত অবস্থায় পেলাম। তিনি তার দুই গোড়ালি মিলিয়ে রেখেছিলেন এবং পায়ের আঙুলের অগ্রভাগ কিবলামুখী করে রেখেছিলেন।’ (ইবনে খুজাইমা ৬৫৪)
অন্যদিকে, হজরত বারা ইবনে আজিব (রা.)-এর বর্ণনায় সেজদার সময় দুই পায়ের মাঝে ফাঁক রাখার কথা এসেছে। এ বর্ণনার ভিত্তিতে হানাফি মাজহাবের প্রসিদ্ধ আলেমরা সেজদায় দুই পায়ের গোড়ালি পৃথক রাখাকে অগ্রাধিকার দিয়েছেন।
তবে এ বিষয়ে উভয় ধরনের বর্ণনা থাকায় গোড়ালি মিলিয়ে রাখা বা পৃথক রাখার বিষয়টি নিয়ে পরস্পরকে দোষারোপ করা উচিত নয়। বরং দলিল ও অনুসৃত ফিকহি মত অনুযায়ী আমল করার ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা প্রয়োজন।
সেজদার সময় পায়ের সঠিক অবস্থান কেমন হবে?
সেজদার সময় পায়ের অবস্থান ঠিক রাখার জন্য কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি। তাহলো—
সেজদায় পা মাটিতে রাখা কি ওয়াজিব?
হানাফি ফিকহ অনুযায়ী, সেজদার সময় পায়ের অন্তত একটি আঙুল মাটিতে রাখা ওয়াজিব। কোনো ব্যক্তি সেজদার পুরো সময় দুই পা মাটি থেকে তুলে রাখলে তার সেজদা শুদ্ধ হবে না।
এ ক্ষেত্রে অন্তত একটি পায়ের একটি আঙুল সেজদার মধ্যে এক তাসবিহ (সুবহানা রব্বিয়াল আ'লা একবার পড়তে যে সময় লাগে) পরিমাণ সময় মাটিতে থাকা জরুরি। তবে সেজদার পুরো সময় পায়ের আঙুলগুলো মাটিতে রেখে সঠিকভাবে সেজদা করাই উত্তম। (মারাকিল ফালাহ, রদ্দুল মুহতার ১/৪৪৭; আহসানুল ফাতাওয়া ৩/৩৯৮)
নামাজ আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সম্পর্ক স্থাপনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। তাই নামাজের ফরজ, ওয়াজিব ও সুন্নত—প্রতিটি বিষয় যথাযথভাবে আদায়ের চেষ্টা করা উচিত। বিশেষ করে সেজদার মতো গুরুত্বপূর্ণ ইবাদতে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো পদ্ধতি অনুসরণ করা প্রত্যেক মুসল্লির কাম্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে সুন্দর ও শুদ্ধভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের নগরকান্দায় ওষুধের দোকানে অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধ ক্রয়ের বৈধ ইনভয়েস না পাওয়ার কারণে এই জরিমানা কার্যকর করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নগরকান্দা উপজেলা সদর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠান তিনটি হলোরায় ফার্মেসি, নিউ রত্না ফার্মেসি ও ঠাকুর ড্রাগ হাউস।
অভিযান সূত্রে জানা যায়, বাজারের ওই তিনটি ফার্মেসিতে তল্লাশি চালানোর সময় নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া, প্রতিষ্ঠানগুলো ওষুধ ক্রয়ের বৈধ পাকা ইনভয়েসও দেখাতে ব্যর্থ হয়। এসব অনিয়মের কারণে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান তিনটিকে বিভিন্ন অঙ্কে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফরিদপুর জেলার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। ভেজাল, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা চলমান থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত গানের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে অনলাইন সংগীত প্ল্যাটফর্মগুলোর মধ্যে। প্রতিদিন হাজার হাজার নতুন এআই গান যুক্ত হচ্ছে এসব প্ল্যাটফর্মে। এই প্রবণতার মধ্যে শ্রোতাদের জন্য নতুন সুবিধা নিয়ে আসছে ফরাসি সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজার। আগামী মাস থেকে প্ল্যাটফর্মটিতে একটি নতুন ফিচার চালু হবে, যার মাধ্যমে শ্রোতারা সার্চের ফলাফল থেকে সম্পূর্ণ এআই দ্বারা তৈরি গান বাদ দিতে সক্ষম হবেন।
সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালেক্সিস লান্তেরনিয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এআই দ্বারা তৈরি গানগুলো স্পষ্টভাবে চিহ্নিত করার পক্ষে রয়েছেন অধিকাংশ শ্রোতা।
ডিজারের উদ্যোগের পেছনে শ্রোতাদের মতামতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটি গবেষণা সংস্থা ইপসোসের সহযোগিতায় আটটি দেশের ৯ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর একটি জরিপ পরিচালনা করে। জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ উত্তরদাতা মনে করেন, এআই দ্বারা তৈরি গান স্পষ্টভাবে চিহ্নিত করা উচিত। এছাড়া, ৭২ শতাংশ সংগীত স্ট্রিমিং ব্যবহারকারী চান, যদি কোনো প্ল্যাটফর্ম তাঁদের এআই দ্বারা তৈরি গান সুপারিশ করে, তবে সে বিষয়েও যেন জানানো হয়।
প্রতিদিন আপলোড হচ্ছে ৯০ হাজার এআই গান। ডিজারের তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে প্রতিদিন প্রায় ৯০ হাজার সম্পূর্ণ এআই দ্বারা তৈরি গান জমা পড়ছে। প্রতিদিন আপলোড হওয়া মোট গানের অর্ধেকেরও বেশি এই ধরনের গান। এক বছর আগে প্রতিদিন এ ধরনের গানের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার।
এদিকে, জরিপে অংশ নেওয়া ৭৪ শতাংশ সংগীত স্ট্রিমিং ব্যবহারকারী মনে করেন, তাদের প্লেলিস্টে সম্পূর্ণ এআই দ্বারা তৈরি কোনো গান নেই। তবে ডিজারের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, অক্টোবরে অন্যান্য সংগীত প্ল্যাটফর্ম থেকে আসা ৫৩ হাজারের বেশি নতুন গ্রাহকের মধ্যে ৫৭ শতাংশের লাইব্রেরিতে অন্তত একটি সম্পূর্ণ এআই দ্বারা তৈরি গান ছিল। এই পরিসংখ্যান শুধুমাত্র অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আসা নতুন গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য।
সব এআই গান বাদ দেওয়ার সুযোগ নেই। ডিজারের নতুন ফিচারটি কেবল সম্পূর্ণ এআই দ্বারা তৈরি গানের ক্ষেত্রে কার্যকর হবে। যদি কোনো গানের কিছু অংশ তৈরিতে এআইয়ের সহায়তা নেওয়া হয়, তবে সেটি এই ফিল্টারের আওতায় আসবে না। কারণ, আংশিকভাবে এআইয়ের সহায়তায় তৈরি গান শনাক্ত করা তুলনামূলকভাবে কঠিন বলে জানিয়েছেন ডিজারের প্রধান নির্বাহী।
এছাড়া, ডিজার ইতোমধ্যে তাদের সুপারিশব্যবস্থা, প্লেলিস্ট ও চার্ট থেকে সম্পূর্ণ এআই দ্বারা তৈরি গান বাদ রেখেছে।
এআই শিল্পীদের সঙ্গে শ্রোতাদের সম্পর্ক কেমন? ডিজারের প্রধান নির্বাহী অ্যালেক্সিস লান্তেরনিয়ের মতে, এআই দ্বারা তৈরি গান পছন্দ হলে শ্রোতারা সেটি অন্য যেকোনো গানের মতোই শুনতে পারেন, এমনকি বারবারও শুনতে পারেন। তবে এআই শিল্পীদের সঙ্গে শ্রোতাদের আবেগের সম্পর্ক তুলনামূলকভাবে দুর্বল থাকে।
তবে এআই দ্বারা তৈরি গানের স্ট্রিমিংয়ের জন্য শিল্পী বা স্বত্বাধিকারীদের অর্থপ্রদানের পক্ষে অবস্থান নিয়েছে ডিজার। লান্তেরনিয়ে বলেন, যদি কোনো গান শ্রোতাদের কাছে মূল্য তৈরি করে এবং তাঁরা সেটি শুনতে চান, তবে প্ল্যাটফর্মে গানটির উপস্থিতির জন্য যথাযথ পারিশ্রমিক দেওয়া প্রয়োজন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এআই দ্বারা তৈরি গানের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো শনাক্ত করা, চিহ্নিত করা এবং শ্রোতাদের পছন্দ অনুযায়ী নিয়ন্ত্রণের বিষয়টিও সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি উল্লেখ করেন, জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে উচ্চশিক্ষা খাতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ গবেষণার পরিসর বৃদ্ধি অপরিহার্য।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অধ্যাপক মামুন আহমেদ জানান, ইউজিসি আগামী দুই বছরে প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এ কার্যক্রম বাস্তবায়নে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় মাস্টার ট্রেইনার ও জাতীয় পর্যায়ের প্রশিক্ষক তৈরি করা হয়েছে। তিনি বলেন, শিক্ষক প্রশিক্ষণকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। ইতিমধ্যে নবীন শিক্ষকদের জন্য তিন মাসের বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতি ও সমাজকে এগিয়ে নিতে জ্ঞানকে উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকদের মধ্যে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, এ প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হলো শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও বোঝাপড়ার ক্ষেত্র তৈরি হওয়া। এই সম্পর্ক ও নেটওয়ার্ক কাজে লাগিয়ে দেশের উচ্চশিক্ষার রূপান্তরে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিনদের সঙ্গে প্রশাসন, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মতবিনিময়ের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতায় গড়ে তোলার পাশাপাশি তাদের ভবিষ্যৎ, প্রত্যাশা ও উদ্বেগের বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, পরিবর্তিত শিক্ষণপদ্ধতি ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষকদের পেশাজীবনের প্রতিটি পর্যায়ে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা সহকর্মী এবং শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়ে অংশগ্রহণকারী শিক্ষকেরা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক বলেন, শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরো জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পে শিল্প খাতের বিনিয়োগ বাড়ানো গুরুত্বপূর্ণ। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে কাজের সুযোগ তৈরি করাও এ প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।
গত ১০ নভেম্বর শুরু হওয়া প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক অংশ নেন। আরডিএতে সাত দিনের প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে আরো তিন দিনের অ্যাটাচমেন্ট কার্যক্রম সম্পন্ন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ