ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জ্যাকি ই-রু ইং ইসলাম গ্রহণ করলেন


বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জ্যাকি ই-রু ইং ইসলাম গ্রহণ করলেন

বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জ্যাকি ই-রু ইং, যিনি তাইওয়ানে জন্মগ্রহণ করেন, ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ সাফল্যের পাশাপাশি, তার ব্যক্তিগত জীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ইসলাম গ্রহণ। তিনি ৩৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। শৈশব থেকেই জীবন ও জগতের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে তার মনে নানা প্রশ্ন ছিল। ইসলাম সম্পর্কে জানার আগ্রহও তার ছোটবেলায় তৈরি হয়।

১৯৬৬ সালে তাইপেতে জন্মগ্রহণকারী জ্যাকি ইং, সাত বছর বয়সে তার পরিবারসহ সিঙ্গাপুরে চলে যান। তার বাবা-মা সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে আগ্রহী ছিলেন, যার ফলে তিনি শৈশবে সানডে স্কুল ও খ্রিষ্টান কিন্ডারগার্টেনে পড়াশোনা করেন।

সিঙ্গাপুরে স্কুলজীবনে মুসলিম সহপাঠীদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের জীবনযাপন এবং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানার মাধ্যমে ইসলামের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা ও অনুসন্ধান শুরু করেন। এক পর্যায়ে ইসলামের শিক্ষার সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেন জ্যাকি ইং এবং ৩৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন।

আরও পড়ুন: প্রভিডেন্ট ফান্ড থেকে অতিরিক্ত দিলে সুদ হবে, বললেন আহমাদুল্লাহ

এক সাক্ষাৎকারে পবিত্র কোরআন সম্পর্কে তার অভিজ্ঞতা তুলে ধরেন এই বিজ্ঞানী। তিনি বলেন, "কোরআন একটি অসাধারণ গ্রন্থ। এতে জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা রয়েছে। বিভিন্ন ধর্মীয় অনুশীলনের গুরুত্ব, মানুষের সমতা এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়েও এতে দিকনির্দেশনা পাওয়া যায়।"

জ্যাকি ইং জানান, জীবনের অর্থ ও উদ্দেশ্য নিয়ে শৈশব থেকেই তার আগ্রহ ছিল। ধর্ম সম্পর্কে জানার আগ্রহ এবং ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তার এই অনুসন্ধান ব্যক্তিগত এক যাত্রায় পরিণত হয়।

বিজ্ঞানের জগতে জ্যাকি ইংয়ের অর্জনও উল্লেখযোগ্য। ১৯৯১ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরের বছর তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) যোগ দেন।

২০০১ সালে, মাত্র ৩৫ বছর বয়সে, তিনি এমআইটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পূর্ণ অধ্যাপক হন। ২০০৩ সালে সিঙ্গাপুরে ফিরে তিনি ইনস্টিটিউট অব বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানোটেকনোলজি প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠানটির নেতৃত্বও দেন।

আরও পড়ুন: যাদের সালাম দেওয়া অনুচিত: ইসলামী দৃষ্টিকোণ

ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে তার গবেষণা, অসংখ্য বৈজ্ঞানিক প্রকাশনা এবং আন্তর্জাতিক পুরস্কার তাকে নিজ ক্ষেত্রে বিশ্বের অন্যতম পরিচিত বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সূত্র: হুমানিস্তান

এএম

আরও পড়ুন: শুধু মেয়ে সন্তান থাকলে বাবার সম্পত্তি কীভাবে ভাগ হবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ, বকেয়া পাওনার দাবিতে কর্মবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ, বকেয়া পাওনার দাবিতে কর্মবিরতি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চিটাগং কনটেইনার টার্মিনালসহ (সিসিটি) বিভিন্ন টার্মিনালে সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে পাঁচ শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেছেন।

বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন পাওনার পরিশোধের দাবিতে তারা এই কর্মবিরতি পালন করছেন। এর ফলে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালে পণ্য ওঠানামার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

শ্রমিকদের অভিযোগ, সাইফ পাওয়ারটেক গত কয়েক মাস ধরে তাদের বেতন এবং অন্যান্য পাওনা পরিশোধ করছে না। তারা দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছেন। সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষকে একাধিকবার আলটিমেটাম দেওয়া হলেও তাদের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক পাওনা।

সাইফ পাওয়ারটেকের একজন শ্রমিক মো. ফারুক জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।

অন্যদিকে, শ্রমিক সোহেল জানান, বন্দর কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে আন্দোলনরত শ্রমিকেরা জানান, বন্দর চেয়ারম্যান ঘটনাস্থলে না আসা পর্যন্ত কোনো আলোচনা হবে না। তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ডিইআইবিরোধী নীতিতে সুপ্রিম কোর্টের ধাক্কা, গবেষণা অনুদান বাতিলের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


ট্রাম্পের ডিইআইবিরোধী নীতিতে সুপ্রিম কোর্টের ধাক্কা, গবেষণা অনুদান বাতিলের আবেদন খারিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন (ডিইআই) বা বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির বিরুদ্ধে নেওয়া নীতিতে একটি বড় আইনি বাধা সৃষ্টি হয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য বরাদ্দ কোটি কোটি ডলারের সরকারি অনুদান বাতিলের সিদ্ধান্ত পুনর্বহালের আবেদন শুনতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা বহাল থাকছে এবং ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা গবেষণা প্রকল্পগুলোর অর্থায়ন বন্ধ করার ক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছে।

সোমবার সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের করা আপিল গ্রহণ না করার সিদ্ধান্ত জানায়। এর ফলে নবম সার্কিট আপিল আদালতের (নাইনথ সার্কিট কোর্ট অব আপিলস) পূর্বের রায় বহাল থাকল। ওই আদালত বলেছিল, গবেষকদের অনুদান বাতিলের ক্ষেত্রে প্রশাসন তাদের গবেষণার বিষয়বস্তু ও দৃষ্টিভঙ্গিকে বিবেচনায় নিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে নিশ্চিত করা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী হতে পারে।

বর্তমানে এই মামলায় প্রায় ৫ কোটি ৯০ লাখ ডলারের গবেষণা অনুদান নিয়ে বিরোধ চলছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭২০ কোটি টাকার সমপরিমাণ। তবে এটি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বাতিল হওয়া মোট অনুদানের পরিমাণ নয়; বরং মামলার বর্তমান পর্যায়ে আলোচ্য অবশিষ্ট অনুদান।

ট্রাম্পের নির্বাহী আদেশ থেকেই বিরোধের সূত্রপাত ঘটেছে। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডিইআই কর্মসূচির বিরুদ্ধে একাধিক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তার প্রশাসনের দাবি ছিল, সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থায় জাতিগত ও লিঙ্গভিত্তিক অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে ডিইআই কর্মসূচি মেধাভিত্তিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

এসব নির্বাহী আদেশের মাধ্যমে ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থাকে ডিইআই এবং ডিইআইএ (বৈচিত্র্য, সমতা, অন্তর্ভুক্তি ও প্রবেশগম্যতা) সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এ ধরনের কর্মসূচিতে সরকারি অর্থায়ন বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ), ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য হিউম্যানিটিজ (এনইএইচ) এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের অনুদান বাতিল করে।

গবেষকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, তাদের প্রকল্পগুলো আর সংশ্লিষ্ট সংস্থার অগ্রাধিকার বা কর্মসূচির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে গবেষকদের অভিযোগ, প্রকল্পগুলোর প্রকৃত মান কিংবা অগ্রগতি বিবেচনা না করে সেগুলোর বিষয়বস্তুতে বৈচিত্র্য, পরিবেশগত ন্যায়বিচার ও সমতার মতো শব্দ থাকায় অর্থায়ন বন্ধ করা হয়েছে।

কিছু গবেষণা প্রকল্পের সঙ্গে ডিইআই কর্মসূচির সরাসরি কোনো সম্পর্কও ছিল না। শুধু গবেষণার বিবরণে ‘ডাইভারসিটি’ বা বৈচিত্র্য শব্দটি থাকায় সেগুলো বাতিলের তালিকায় পড়েছিল বলে অভিযোগ করেন গবেষকেরা।

আদালতের দ্বারস্থ হন ছয় গবেষক

অনুদান বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছয় গবেষক ২০২৫ সালে আদালতের শরণাপন্ন হন। তাদের নেতৃত্ব দেন চিকিৎসা গবেষক নিতা ঠাকুর। অন্যদের মধ্যে ছিলেন কেন অ্যালেক্স, নেল গ্রিন নাইলেন, রবার্ট হার্স্ট, ক্রিস্টিন ফিলিও এবং জেডা ফোরম্যান।

গবেষকদের অভিযোগ ছিল, তাদের গবেষণা প্রকল্পের বিষয়বস্তু ও দৃষ্টিভঙ্গি পছন্দ না হওয়ায় ট্রাম্প প্রশাসন অর্থায়ন বন্ধ করেছে। এর মাধ্যমে সরকার সংবিধানপ্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে।

মামলাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা আদালতে ওঠে। ২০২৫ সালের জুনে বিচারক রিটা লিন গবেষকদের পক্ষে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন। এতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বাতিল করা অনুদান পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

আদালত গবেষকদের দুটি শ্রেণিতে ভাগ করেন। এক শ্রেণির অনুদান বাতিল করা হয়েছিল কোনো প্রকল্পভিত্তিক ব্যাখ্যা ছাড়াই সাধারণ চিঠির মাধ্যমে। অন্য শ্রেণির গবেষকদের অনুদান সরাসরি ডিইআইবিরোধী নির্বাহী আদেশের ভিত্তিতে বাতিল করা হয়েছিল।

নবম সার্কিট আদালতেও ধাক্কা খায় প্রশাসন। জেলা আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আপিল করে। বিষয়টি যায় যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালতে।

২০২৬ সালের ২৬ মে দেওয়া রায়ে আদালত জেলা আদালতের সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ বহাল রাখেন। বিচারকেরা বলেন, ডিইআইবিরোধী নির্বাহী আদেশের কারণে যেসব গবেষকের অনুদান বাতিল করা হয়েছে, তাদের পক্ষে প্রথম সংশোধনী লঙ্ঘনের অভিযোগে মামলা জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সরকার শুধু কোন গবেষণা প্রকল্পে অর্থায়ন করবে, সেই সাধারণ নীতিগত সিদ্ধান্ত নেয়নি। বরং আগে থেকেই অনুমোদিত বিভিন্ন কর্মসূচির আওতায় নির্দিষ্ট গবেষকদের অনুদান তাদের গবেষণার কথিত দৃষ্টিভঙ্গির কারণে বাতিল করেছে।

আদালতের ভাষ্য অনুযায়ী, ডিইআই, ডিইআইএ কিংবা পরিবেশগত ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার কারণে গবেষকদের প্রকল্প বেছে বেছে বাতিল করা হয়ে থাকলে তা মতাদর্শগত বৈষম্যের শামিল এবং প্রথম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

তবে সাধারণ চিঠির মাধ্যমে অনুদান বাতিল হওয়া গবেষকদের ক্ষেত্রে জেলা আদালতের নিষেধাজ্ঞার একটি অংশ বহাল রাখেনি আপিল আদালত। অর্থাৎ সব ধরনের অনুদান বাতিলের সিদ্ধান্ত একই আইনি ভিত্তিতে আটকে দেওয়া হয়নি।

সুপ্রিম কোর্টে গিয়ে থামল ট্রাম্প প্রশাসনের চেষ্টা। নবম সার্কিট আদালতের রায়ের পরও হাল ছাড়েনি ট্রাম্প প্রশাসন। ২০২৬ সালের ১৮ আগস্ট যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিলের আবেদন করে তারা। মামলাটির নাম ‘ট্রাম্প বনাম ঠাকুর’, যার নম্বর ২৬-২১০।

প্রশাসনের যুক্তি ছিল, কোন গবেষণা প্রকল্পে সরকারি অর্থ ব্যয় করা হবে, তা নির্ধারণের ব্যাপক ক্ষমতা সরকারের রয়েছে। কোনো প্রকল্প প্রেসিডেন্টের প্রশাসনিক ও নীতিগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে সেটিতে অর্থায়ন বন্ধ করার অধিকারও সরকারের থাকা উচিত।

অন্যদিকে গবেষকদের আইনজীবীরা বলেন, সরকার চাইলে নতুন কোনো প্রকল্পে অর্থায়ন না-ও করতে পারে। কিন্তু প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় অনুমোদিত ও চলমান গবেষণা প্রকল্পের অনুদান গবেষকদের মতাদর্শ বা দৃষ্টিভঙ্গির কারণে বাতিল করতে পারে না।

শেষ পর্যন্ত ১৬ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসনের আবেদন শুনতে অস্বীকৃতি জানায়। আদালতের সরকারি নথি অনুযায়ী, কোনো বিচারপতি প্রকাশ্যে ভিন্নমতও জানাননি। তবে আদালত কেন আবেদনটি গ্রহণ করেনি, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে নবম সার্কিট আদালতের রায় বহাল থাকলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। নিম্ন আদালতে আইনি প্রক্রিয়া চলবে।

গবেষণার স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক

এই রায়ের গুরুত্ব কেবল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের অনুদান ফিরে পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণার স্বাধীনতা এবং সরকারের নীতিগত ক্ষমতার সীমা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

গবেষকদের পক্ষের যুক্তি হলো, কোনো প্রশাসন ক্ষমতায় আসার পর আগের সরকারের সময় অনুমোদিত গবেষণা প্রকল্পগুলোকে রাজনৈতিক বা আদর্শিক কারণে বাতিল করতে শুরু করলে দীর্ঘমেয়াদি গবেষণার ধারাবাহিকতা নষ্ট হবে। এতে গবেষকদের পাশাপাশি শিক্ষার্থী, গবেষণা সহকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হবে।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অবস্থান হলো, জনগণের করের অর্থ কোন খাতে ব্যয় হবে, তা নির্ধারণের অধিকার নির্বাচিত সরকারের রয়েছে। প্রশাসনের নীতিগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য না থাকলে নির্দিষ্ট গবেষণায় অর্থায়ন অব্যাহত রাখার বাধ্যবাধকতা নেই।

এদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মামলার পাশাপাশি দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের অনুদান বাতিল নিয়েও একাধিক আইনি বিরোধ চলছে। ফলে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ভবিষ্যতে একই ধরনের মামলায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

সব মিলিয়ে ডিইআই কর্মসূচি বন্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের বিপরীতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে। সরকারের অর্থ ব্যয়ের নীতিগত স্বাধীনতা থাকলেও সেই ক্ষমতা ব্যবহার করে ভিন্নমত বা অপছন্দের গবেষণাকে দমন করা যাবে কি না, সেই প্রশ্নই এখন দেশটির আইনি ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সিবিএস নিউজ, লস অ্যাঞ্জেলেস টাইমস, ক্যালম্যাটার্স, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ও নবম সার্কিট আপিল আদালত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেনিফারের চার বিয়ের জবাবে ভক্তকে বললেন, ‘এখনো ছয়টি আঙুল বাকি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


জেনিফারের চার বিয়ের জবাবে ভক্তকে বললেন, ‘এখনো ছয়টি আঙুল বাকি’

হলিউডের তারকা জেনিফার লোপেজ চারবার বিয়ে করেছেন। এ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলও রয়েছে। সম্প্রতি, চারটি বিয়ের প্রসঙ্গে এক ভক্তের মজার মন্তব্যে হাসতে হাসতে জবাব দিয়েছেন এই গায়িকা ও অভিনেত্রী।

নিউইয়র্কে ‘দ্য জেএলও শো’-এর বিশেষ প্রদর্শনীতে জেনিফার লোপেজ উপস্থিত ছিলেন। সেখানে অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে কথোপকথনের সময় এক ভক্ত তাকে বলেন, ‘আপনার তো আরো ছয়টি আঙুল আছে।’ মূলত দুই হাতের ১০টি আঙুলের সঙ্গে জেনিফারের চারটি বিয়ের হিসাব মিলিয়ে ওই ভক্ত এমন রসিকতা করেন।

ভক্তের মন্তব্য শুনে জেনিফার বলেন, ‘হ্যাঁ, আছে।’ এরপর তিনি এটিকে তার শোনা সবচেয়ে মজার কথা বলে উল্লেখ করেন। এমনকি মন্তব্যটি টি-শার্টে ছাপানোর কথাও বলেন তিনি। ভবিষ্যতে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি মজা করে বলেন, ‘আমার আরো ছয়টি আঙুল বাকি’—এমন উত্তর দেবেন।

তবে পরে কিছুটা গম্ভীর হয়ে জেনিফার বলেন, ‘আমার মনে হয় না, আমার মধ্যে আর সেই শক্তি আছে।’

জেনিফারের প্রথম বিয়ে ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে হয়। সেই সংসার এক বছরও টেকেনি। এরপর ২০০১ সালে তিনি নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাদের যমজ সন্তান ম্যাক্স ও এমি। ২০১১ সালে তারা আলাদা হয়ে যান। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

এরপর অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে পুরনো সম্পর্ক নতুন করে শুরু করেন জেনিফার। ২০২২ সালে তারা বিয়ে করেন। তবে সেই সংসারও টেকেনি। ২০২৪ সালে বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৫ সালের জানুয়ারিতে বিচ্ছেদ চূড়ান্ত হয়।

এদিকে, আগামী ২৬ নভেম্বর থেকে লাস ভেগাসে শুরু হচ্ছে জেনিফারের ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিতে ভর্তির জিপিএ শর্ত শিথিল, আবেদন ২২ নভেম্বর থেকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


জাবিতে ভর্তির জিপিএ শর্ত শিথিল, আবেদন ২২ নভেম্বর থেকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য ন্যূনতম জিপিএর শর্ত শিথিল করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে, যা চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে, এবং পরীক্ষার্থীরা ২৫ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ছাত্রদের জন্য ৯২৪টি এবং ছাত্রীদের জন্য ৯২৪টি আসন সমানভাবে বরাদ্দ রয়েছে।

মোট আসনের এই বিন্যাসের মধ্যে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধীন ‘এ’ ইউনিটে ৪২৪টি আসন রয়েছে। কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের অধীন ‘সি’ ইউনিটে ৪০২টি, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের অধীন ‘বি’ ইউনিটে ৩৯৬টি এবং জীববিজ্ঞান অনুষদের অধীন ‘ডি’ ইউনিটে ৩১৬টি আসন রাখা হয়েছে।

এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘ই’ ইউনিটে ১৭৬টি, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ-জেইউ) ৭০টি এবং নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের অধীন ‘সি১’ ইউনিটে ৬৪টি আসন রয়েছে।

আবেদনের যোগ্যতা হিসেবে ২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ইউনিটভেদে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পৃথক এবং মোট জিপিএর শর্ত নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ইউনিটে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। অন্যদিকে ‘ডি’ ইউনিটে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৮.০০ প্রয়োজন। ‘বি’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ থাকতে হবে।

‘সি’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ এবং বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে পৃথক জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ নির্ধারণ করা হয়েছে। ‘সি১’ ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ প্রয়োজন। ‘ই’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ চাওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য ৮০০ টাকা, ‘ই’ ইউনিটের জন্য ৭০০ টাকা এবং ‘সি১’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার মানবণ্টন অনুযায়ী সব ইউনিটে ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের বিপরীতে মোট ৯০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার জন্য সময় থাকবে ৫৫ মিনিট।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট admission.juniv.edu থেকে জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%