ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইকবাল মোহাম্মদ ব্রিটিশ পার্লামেন্টে ইসরাইলপন্থি গ্রুপের অর্থায়নের তদন্তের দাবি


ইকবাল মোহাম্মদ ব্রিটিশ পার্লামেন্টে ইসরাইলপন্থি গ্রুপের অর্থায়নের তদন্তের দাবি

ব্রিটিশ পার্লামেন্টের ইসরাইলপন্থি সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) অর্থায়ন নিয়ে তদন্তের দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ইকবাল মোহাম্মদ। তিনি পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন, যেখানে গ্রুপটির অর্থের উৎস এবং অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পার্লামেন্টে ইসরাইলের একটি প্রতিষ্ঠানের সঙ্গে এপিপিজির অর্থায়নের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশিত হয়েছে।

অর্থের উৎস নিয়ে প্রশ্ন

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সিডারসোক লিমিটেড এপিপিজি অন ইসরাইলকে অর্থায়ন করে আসছে। প্রতিষ্ঠানটির পরিচালকদের মধ্যে রয়েছেন লর্ড মেন্ডেলসন ও লর্ড পোলাক। মেন্ডেলসন লেবার ফ্রেন্ডস অব ইসরাইলের সাবেক চেয়ারম্যান এবং পোলাক কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরাইলের সাবেক পরিচালক।

আরও পড়ুন: অ্যাপলের বিচার প্যারিসের আদালতে জুনে শুরু হবে

২০২৪ সালে সিডার্স ওক ইসরাইল লিমিটেড সিডারসোককে ১ লাখ ৪৭ হাজার ৬৮৭ পাউন্ড ফেরত দেওয়ার পরিকল্পনা করেছে। এই অর্থ মূলত বিভিন্ন প্রতিনিধিদলের সফর ও প্রকল্পের ব্যয় বাবদ খরচের জন্য বরাদ্দ করা হয়েছে।

ইসরাইলি প্রতিষ্ঠানটির ২০২৪ সালের আর্থিক নথি অনুযায়ী, ওই বছরে তাদের একমাত্র অর্থদাতা ছিল জিব্রাল্টারভিত্তিক ট্রাস্ট প্রতিষ্ঠান লাইন ট্রাস্ট করপোরেশন লিমিটেড। প্রতিষ্ঠানটি ওই বছরে ১ লাখ ৬২ হাজার ৫০০ পাউন্ডের সমপরিমাণ অর্থ প্রদান করেছে। তবে লাইন ট্রাস্টের অর্থের প্রকৃত উৎস এখনও অস্পষ্ট।

সিডার্স ওক ইসরাইল তাদের নিবন্ধন সংক্রান্ত নথিতে উল্লেখ করেছে যে, তারা ব্রিটিশ পার্লামেন্টে আলোচনার ধারা প্রভাবিত করার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাজ্যে জনমত ও নীতিনির্ধারণী আলোচনায় ইসরাইল-সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রভাব বিস্তার করাও তাদের কার্যক্রমের অংশ।

প্রতিষ্ঠানটির ২০২৪ সালের প্রতিবেদনে হামাস, ইহুদিবিদ্বেষ, ইরান, নিষেধাজ্ঞা এবং অন্যান্য বিষয়ে ব্রিটিশ জনমত ও নীতিকে প্রভাবিত করার প্রচেষ্টার কথা উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: অস্ত্রোপচারের ২৪ দিন পর ১২ দিনের সফরে পোপ চতুর্দশ লিও

এপিপিজি অন ইসরাইল বিভিন্ন সময়ে ইসরাইল-সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৪ সালের ৭ অক্টোবরের হামলা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশংসা করেছিলেন। যুক্তরাজ্যে নিযুক্ত তৎকালীন ইসরাইলি রাষ্ট্রদূত তজিপি হোতোভেলিও প্রতিবেদনটির প্রকাশনা অনুষ্ঠানে এর প্রশংসা করেন।

তদন্তের দাবি ইকবাল মোহাম্মদের

ইকবাল মোহাম্মদ তার চিঠিতে উল্লেখ করেছেন যে, এপিপিজির অর্থায়নের প্রকৃত উৎস যথাযথভাবে প্রকাশ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি অভিযোগ করেছেন যে, সিডারসোক লিমিটেডকে অর্থদাতা হিসেবে দেখানো হলেও এর পেছনে থাকা লাইন ট্রাস্ট করপোরেশন বা প্রতিষ্ঠানটির অর্থের প্রকৃত উৎস প্রকাশ করা হয়নি। এতে পার্লামেন্টের অর্থায়ন সংক্রান্ত স্বচ্ছতার বিধি লঙ্ঘিত হয়ে থাকতে পারে।

মোহাম্মদ জানতে চেয়েছেন, এপিপিজি অর্থায়নের প্রকৃত উৎস গোপন করেছে কি না, বিদেশি সরকারের অর্থায়নসংক্রান্ত বিধি মানা হয়েছে কি না এবং গ্রুপটি বাধ্যতামূলক বার্ষিক প্রতিবেদন ও বিদেশি অর্থায়ন যাচাইসংক্রান্ত ঘোষণা প্রকাশ করেছে কি না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তরুণদের রাজনৈতিক আগ্রহ বাড়ছে, ১৮ বছরেই নির্বাচিত জনপ্রতিনিধি

তিনি বলেন, "অর্থায়ন ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিদেশি অর্থ কিংবা অস্বচ্ছ অর্থায়নব্যবস্থার কোনো স্থান ব্রিটিশ রাজনীতিতে থাকা উচিত নয়—অর্থের উৎস যে দেশ বা পক্ষই হোক না কেন। জনগণের জানার অধিকার রয়েছে, পার্লামেন্ট-সংশ্লিষ্ট কার্যক্রমের অর্থ কে জোগাচ্ছে।"

বিধি লঙ্ঘনের অভিযোগ, জবাব মেলেনি

ব্রিটিশ পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সর্বদলীয় সংসদীয় গ্রুপগুলোকে কোনো সুবিধা বা কার্যক্রমের অর্থায়নে শেষ পর্যন্ত যে তৃতীয় পক্ষ অর্থ দিয়েছে, তার নাম প্রকাশ করতে হয়। বিদেশি সরকার সরাসরি বা পরোক্ষভাবে এসব গ্রুপের সচিবালয়ের অর্থায়ন করতে পারে না।

২০১৫ সাল থেকে সিডারসোকের কাছ থেকে এপিপিজি অন ইসরায়েল অন্তত ২ লাখ ৪৭ হাজার ৫০০ পাউন্ডের সুবিধা পেয়েছে। তবে অর্থের চূড়ান্ত উৎস সম্পর্কে পার্লামেন্টের নথিতে শুধু সিডারসোকের নাম রয়েছে।

আরও পড়ুন: তুরস্কে বিরোধীদলীয় টেলিভিশনে পুলিশের অভিযানে আটক কয়েকজন

এ ছাড়া গ্রুপটির বাধ্যতামূলক বার্ষিক প্রতিবেদন ও বিদেশি সরকার থেকে অর্থায়ন হচ্ছে কি না, তা যাচাইসংক্রান্ত ঘোষণা প্রকাশের বিষয়েও প্রশ্ন ওঠেছে। তবে এসব অভিযোগ এখনো তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি।

এদিকে, গত সপ্তাহে ইন্টারন্যাশনাল সেন্টার অব জাস্টিস ফর প্যালেস্টিনিয়ানস (আইসিজেপি) বলেছে, এসব তথ্য ব্রিটিশ পার্লামেন্টে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রমের অর্থায়ন, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার হাতে—তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার এ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: মিডল ইস্ট আই, এপিপিজি অন ইসরাইল ও বাইলাইন টাইমস

আরও পড়ুন: মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ পদত্যাগের ঘোষণা দিলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমির বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা, গঠন হবে ৩ স্তরের কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


জমির বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা, গঠন হবে ৩ স্তরের কমিটি

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের জন্য নতুন বিধিমালা জারি করেছে সরকার। সম্পত্তির বাজারমূল্য নির্ধারণে শুধুমাত্র সর্বনিম্নমূল্য বিবেচনা করা হবে না, বরং এ জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক বাজার মূল্য নির্ধারণ কমিটি গঠন করা হবে। নির্ধারিত বাজারমূল্যের তালিকা কার্যকর থাকবে তিন বছর পর্যন্ত।

এ বিষয়ে ১১ নভেম্বর ‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ অধিকতর সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে নিবন্ধন অধিদপ্তর।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৯০৮ সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের ৬৯ ধারার উপধারা (১)-এর দফা (কে)-তে প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে এ সংশোধনী আনা হয়েছে।

সংশোধনের ফলে বিধিমালার নাম থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে এবং ‘বাজার মূল্য’ বলতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য বোঝানো হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, সিটি করপোরেশনভুক্ত এলাকার জমির বাজারমূল্য নির্ধারণের জন্য বিভাগীয় কমিটি, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য জেলা কমিটি এবং অন্যান্য স্থানের জন্য উপজেলা কমিটি কাজ করবে।

বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার। এ কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আয়কর বিভাগের প্রতিনিধি এবং প্রযোজ্য ক্ষেত্রে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। জেলা রেজিস্ট্রার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক। কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারসহ নির্ধারিত কর্মকর্তারা সদস্য হিসেবে থাকবেন। জেলা রেজিস্ট্রার এ কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমিটির সদস্য হবেন। উপজেলা সাব-রেজিস্ট্রার সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংশোধিত বিধিমালায় বাজারমূল্য নির্ধারণের মেয়াদ তিন বছর করা হয়েছে। কোনো এলাকার বাজারমূল্যের মেয়াদ যে পঞ্জিকাবর্ষে শেষ হবে, ওই বছরের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে নতুন বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুত করতে হবে। তালিকার একটি কপি ১৫ ডিসেম্বরের মধ্যে মহা-পরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে।

বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা, সরকারি সম্পত্তির নির্ধারিত বাজারমূল্য, বিভিন্ন সরকারি সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য বিবেচনায় নিতে হবে। স্থানীয় বাজারমূল্য অনুসন্ধান, গণশুনানিতে পাওয়া তথ্য, পূর্ববর্তী নিবন্ধিত দলিলের মূল্য এবং সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্যও বিবেচনা করতে হবে।

বিধিমালায় উল্লেখ করা হয়েছে, কোনো একটি বিষয়কে এককভাবে বিবেচনা করে বাজারমূল্য নির্ধারণ করা যাবে না। বরং সংগৃহীত সব তথ্য-উপাত্ত যাচাই ও বিশ্লেষণ করতে হবে। কোনো মৌজায় জমির অবস্থান ও বৈশিষ্ট্যের কারণে বাজারমূল্যে পার্থক্য থাকলে একাধিক ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক মূল্য নির্ধারণ করতে হবে।

কমিটিগুলোর কাছ থেকে তালিকা পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে মহা-পরিদর্শক, নিবন্ধন তা বিবেচনা করে চূড়ান্ত বাজারমূল্য তালিকা অনুমোদন ও আদেশ জারি করবেন। চূড়ান্ত তালিকার অনুলিপি নিবন্ধন অধিদপ্তর, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি) এবং সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠাতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তালিকা সংরক্ষণের পাশাপাশি নির্ধারিত কার্যালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে জানতে পারেন।

তবে আদালতের ডিক্রির মাধ্যমে সম্পাদিত দলিলের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে। চুক্তি প্রবলের মামলায় আদালতের ডিক্রিজারি কার্যক্রমের আওতায় আদালত কর্তৃক সম্পাদিত দলিল, দলিলে প্রদর্শিত মূল্যেই নিবন্ধন করতে হবে।

বায়নাপত্রের ক্ষেত্রেও মূল্য নির্ধারণের পৃথক নিয়ম রাখা হয়েছে। বায়নাপত্রে উল্লেখিত সম্পত্তির মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল সম্পাদনের সময় কার্যকর বাজারমূলকের ভিত্তিতে নিবন্ধন করতে হবে। আর বায়নাপত্রে উল্লেখিত মূল্য বাজারমূল্যের চেয়ে বেশি হলে বায়নাপত্রে প্রদর্শিত মূল্যেই বিক্রয় দলিল নিবন্ধন করতে হবে।

নতুন এ বিধিমালার মাধ্যমে জমির বাজারমূল্য নির্ধারণে স্থানীয় বাস্তবতা, সাম্প্রতিক ক্রয়-বিক্রয় এবং অবকাঠামোগত সুবিধাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বাস্তবভিত্তিক মূল্যায়নের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের শোভাযাত্রা ১ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের শোভাযাত্রা ১ ডিসেম্বর

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের আহ্বান জানানো হয়েছে। তাদেরকে ওই দিন সকাল পৌনে ৯টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হওয়ার জন্য বলা হয়েছে। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা শুরু হবে।

শোভাযাত্রায় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

শোভাযাত্রাটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে। এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে এই বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%