ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ ৮০ শতাংশ কম, মৃতপ্রায় ১০ নদী


ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ ৮০ শতাংশ কম, মৃতপ্রায় ১০ নদী

উজানে ফারাক্কা বাঁধ চালুর পূর্ববর্তী অবস্থার তুলনায় বর্তমানে পদ্মার পানির প্রবাহ ৮০ শতাংশ কমে গেছে। প্রায় মৃত দশটি নদীও রয়েছে। নদী বিষয়ক কাজ করা সংগঠন রিভারাইন পিপলের গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে আন্তঃসীমান্ত নদীর গতিপথে নির্মিত ফারাক্কা বাঁধ পদ্মা ও এর শাখা নদ-নদীর ওপর বিরূপ প্রভাব ফেলেছে। ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি সরিয়ে নেয়ায় পদ্মায় চর জেগেছে। শুকিয়ে গেছে নদীর উৎস থেকে সৃষ্ট পাগলা, মহানন্দা, পুনর্ভবা ও বড়াল নদী। মৃতপ্রায় কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা ও কুমার নদ। কপোতাক্ষ নদের কোথাও হাঁটু পানি, কোথাও পানিই নেই। যে হাঁটু পানি দেখা যায়, সেটি বৃষ্টির পানি, গঙ্গা থেকে আর আসে না।

পানি সংকটের কারণে পদ্মার যে শাখা নদীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে একটি বড়াল। রাজশাহী থেকে ভাটিতে চারঘাটে বড়াল নদীর উৎসমুখ। বড়ালের উৎসমুখে বিশাল চর জেগেছে, যেখানে পানির প্রবাহ নেই। বড়ালের দুই পাশে চর পড়ে উঁচু হয়ে গেছে, মাঝখানে সরু নালার মতো।

আরও পড়ুন: গাজীপুরে দুর্যোগ মোকাবিলায় নাগরিক স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ

পদ্মা থেকে রাজশাহী, নাটোর হয়ে বড়াল নদীর গতিপথ যমুনা পর্যন্ত বিস্তৃত। এ নদীর জীবন মৃত্যুর সাক্ষী চারঘাট এলাকার শিক্ষক মোহাম্মদ রেজাউল করীম। তিনি জানান, এ নদীতে বড় বড় নৌকা চলতে দেখেছেন।

নদী গবেষকরা বলছেন, বাংলাদেশের দীর্ঘতম এ নদীর গতিপথ থেকে শুরু করে এর শাখা নদনদীর প্রবাহে মারাত্মক ক্ষতি করেছে ফারাক্কা বাঁধ।

পানি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফারাক্কা বাঁধের নির্মাণকাজ ১৯৬১ সালে শুরু হয়ে ১৯৭৫ সালে শেষ হয়। ২ হাজার ২৪০ মিটার লম্বা এ বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক পরিবেশগত ও সামাজিক পরিবর্তন ঘটেছে। বিতর্কিত এ বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্র্যের ক্ষতিসহ বহুমাত্রিক প্রভাব বিবেচনায় বাংলাদেশ এমনকি ভারতের কিছু অংশেও এর বিরুদ্ধে জোরালো বিরোধিতা রয়েছে।

অর্ধশতাব্দী ধরে ফারাক্কা নিয়ে বাংলাদেশের প্রধান অভিযোগ হলো—এ বাঁধের ফলেই প্রমত্তা পদ্মার বুকে বিশাল চর জেগেছে। সংকীর্ণ হয়ে গেছে নদীর গতিপথ। শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে ভারত পানি সরিয়ে নেয়ায় পদ্মায় মারাত্মক পানি সংকট তৈরি হচ্ছে। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের প্রধান এ নদী।

আরও পড়ুন: দিনাজপুরে বন বিভাগের জমি দখলমুক্ত করেছে প্রশাসন

অন্যদিকে ভারত বরাবর যুক্তি দিয়ে এসেছে, কলকাতা বন্দরকে রক্ষার জন্য ফারাক্কা ছাড়া কোনো উপায় ছিল না। কয়েক বছর আগে ফারাক্কা ব্যারাজ ভেঙে দেয়ার দাবি তুলেছিল বিহার সরকারও। রাজ্যটির অভিযোগ, ফারাক্কার কারণে প্রতি বছর তাদের বন্যায় ভুগতে হয়। ফারাক্কার উজানে ও ভাটিতে গঙ্গার ভাঙনও ওই এলাকার মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

স্প্রিঙ্গার নেচারের ডিসকাভার ওয়াটার জার্নালে প্রকাশিত মো. ইমরান হোসেনের (জুন ২০২৬) গবেষণায় উল্লেখ করা হয়েছে, উজানের পানি প্রত্যাহার বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ডের কৃষি কার্যক্রম, মাটির উর্বরতা ও মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বৃহত্তর কৃষি খাতে বছরে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির হিসাব এতে উল্লেখ করা হলেও, এর পুরোটাই এককভাবে ফারাক্কার কারণে ঘটছে এমন নয়, এর সঙ্গে অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও জড়িত।

এছাড়া নিউজিল্যান্ডের গবেষক এম এম কিউ মির্জার (১৯৯৮) গবেষণায় গঙ্গার পানি প্রত্যাহারের ফলে গড়াই অববাহিকায় লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। গবেষণার সূত্রে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের পানি আগ্রাসন ও ফারাক্কা বাঁধের কারণে লবণাক্ততায় ধানের আঞ্চলিক ফলন সর্বোচ্চ হ্রাস পেয়েছে বোরো ৮৬% এবং আমন ৭১%।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১৯৭১-৭২ অর্থবছরে দেশে ধান উৎপাদন ছিল প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে ১ কোটি ৫৯ লাখ টন, যা পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে প্রায় ৪ কোটি ৬ লাখ টনে উন্নীত হয়েছে। এর অর্থ হলো, দেশের সামগ্রিক ধান উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। আধুনিক বীজ, সার ও সেচ ব্যবস্থার কারণে এ উৎপাদন বেড়েছে।

আরও পড়ুন: চরফ্যাশনে বিদ্যালয়ের নৈশপ্রহরীর রুমে দুই নারী, নিয়োগ বাতিলের নির্দেশ

তবে গবেষকদের মতে, মূল প্রশ্নটি তা নয়, বরং উজানের পানিপ্রবাহের অস্বাভাবিক হ্রাস ও লবণাক্ততা না ঘটলে এই উৎপাদন আরও কত বেশি হতে পারত, সেই সম্ভাবনাময় ঘাটতির বিষয়টি।

এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউট এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান অধ্যাপক নজরুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, এ যাবৎ অভিন্ন নদ-নদী নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে আলোচনা হয়েছে, তা হয়েছে নদ-নদীর প্রতি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির আলোকে। এ দৃষ্টিভঙ্গিতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকা গুরুত্ব পায় না। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বিপরীত হলো নদ-নদীর প্রতি প্রকৃতিসহায়ক দৃষ্টিভঙ্গি। এতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

দ্বিতীয় হলো, প্রতিটি নদ-নদী স্বীয় উপত্যকায় একটি নিজস্ব বাস্তুতন্ত্রের জন্ম দেয় এবং তাকে জায়মান রাখে। সামগ্রিকভাবে পৃথিবীর বাস্তুতান্ত্রিক ভারসাম্যের জন্য এই উভয় ভূমিকা অপরিহার্য। অভিজ্ঞতা দেখায়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি অদূরদর্শী। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকা ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘ মেয়াদে নদ-নদীর বাণিজ্যিক ও অর্থনৈতিক ভূমিকাও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে প্রকৃতিভিত্তিক দৃষ্টিভঙ্গি দূরদর্শী। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকার সুরক্ষা করা গেলে নদী তার অর্থনৈতিক ভূমিকাও পালন করতে সক্ষম থাকে।

পদ্মা নদী তীরবর্তী অঞ্চলের প্রবীণদের ভাষ্য, আগে অনেক স্রোত ছিল, নদী বড় ছিল। এখন তো পুরো চর। যখন বাঁধ ছিল না তখন পানির খুব বেগ, ক্ষমতা আর স্রোত ছিল। এ নদীর একটি পাড়ে নৌকা ভেড়াতে চারজন লোকও ঘাবড়ে যেতো। কারণ পানির তীব্র স্রোত ছিল। এখন তো শুধু ডাঙা।

আরও পড়ুন: রাজশাহীতে এসএমসির উদ্যোগে দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন সম্পন্ন

পদ্মায় জেলেদের অভিযোগ, নদীর পানি কমে যাওয়ায় মাছও আগের মতো পাওয়া যায় না। এমনকি অতীতে তারা যেসব মাছ পেতেন, এখন আর তা ধরা পড়ে না। অনেকেই তাই মাছ ধরা পেশা ছেড়ে দিয়েছেন।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গড়াই নদী পদ্মার অন্যতম গুরুত্বপূর্ণ শাখানদী। এ নদী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদী ও সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, আমাদের গড়াই নদীতে টোটাল ৪৪ কিলোমিটার চর পড়ে গিয়েছিল। বর্তমানে আমরা গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে সচল রাখছি। আর আমাদের কুষ্টিয়ায় ১১টি নদী আছে। এই নদীগুলো পদ্মা এবং গড়াই নদীর সঙ্গে লিংকআপ (যুক্ত)। এখন যদি টোট্যালি পদ্মায় পানি না পাওয়া যায় তাহলে এই নদীগুলো মৃতপ্রায় হয়ে যাবে।

নদ-নদীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের একটি বড় দুশ্চিন্তা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় এই সেচ প্রকল্প সম্পূর্ণ পদ্মার পানির ওপর নির্ভরশীল। চারটি জেলার প্রায় এক লাখ হেক্টর জমিতে সেচের জন্য ষাটের দশকে এই সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়। ফারাক্কা বাঁধের কারণে বিভিন্ন সময়ে পানি সংকটে সেচ প্রকল্প বন্ধ রাখতে হচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও লার্ভা নির্মূলে অভিযান জোরদার করেছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নতুন সম্পদের সন্ধান পেল দুদক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নতুন সম্পদের সন্ধান পেল দুদক

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নতুন সম্পদের সন্ধান পেয়েছে, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। এই সম্পদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি প্রেরণ করেছে সংস্থাটি।

এছাড়া, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে দুদক।

আজ দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এসব তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করা হয়েছে এবং সাতটি মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে দেশে ও বিদেশে মোট ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।

সচিব আরও বলেন, দুদক আদালতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতির বিচার নিশ্চিত করতে তথ্য ও প্রমাণের ভিত্তিতে কাজ করতে চায়, সংখ্যা নয়।

গণ-অভ্যুত্থানের পর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুর্নীতি ও অর্থ পাচার, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ এবং সিআরআই ও সূচনা ফাউন্ডেশনকে ঘিরে অনিয়মের মতো বিভিন্ন অভিযোগ উঠে এসেছে।

দুদক সচিব আরও জানান, এসব দুর্নীতির মামলায় আসামিদের বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, জয়, পুতুল এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, ১৭ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


আশুলিয়ায় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, ১৭ জন আটক

আশুলিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতি চলাকালীন ১৭ জনকে আটক করেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ১৭ জনের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আজ বেলা ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়ার বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং মাঠ থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ২০/২৫ জনের একটি দল আশুলিয়ার কাঠগড়ার বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং মাঠে জড়ো হয়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় ছাত্রদল নেতারা তাদের আটক করেন। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি ব্যানার ও লাঠিসোঁটা জব্দ করা হয়।

আশুলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, "কিছু পোলাপান জোরপূর্বক হাউজিংয়ের ভিতর গাড়ি ঢোকানোর চেষ্টা করছিল। আমাদের দেখে অনেকে পালিয়ে যায়। ওরা ২০/২৫ জন ছিল। তাদের মোবাইল চেক করার পর দেখি, ‘দুর্দিনের সৈনিক লীগ’ এ ধরনের বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপ পাই। সবগুলোর নাম আমার মনে নেই। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন দিই। সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী আসে। এ সময় তাদের হেফাজত থেকে ব্যানার, এক ব্যাগ লাঠি পাওয়া যায়। লাঠির ওপর লেখা ‘জিরাবো’।"

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, "ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। আটকদের মধ্যে কিছু কম বয়সী তরুণও রয়েছে। সার্বিক বিষয় খতিয়ে দেখে এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


পীরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হলো

রংপুরের পীরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় ইটভাটা দুটির মালিককে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গুঁড়িয়ে দেওয়া ইটভাটা দুটি হলো ফারুক মিয়ার এফএমএফ (FMF) এবং মোয়াজ্জেম হোসেনের এমইউএন (MUN) ইটভাটা।

রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযানটি পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, ইটভাটা দুটিতে পরিবেশ আইন লঙ্ঘন করে কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছিল। এছাড়া, ইটভাটা পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন ছিল না। প্রায় ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনিবিশিষ্ট ইটভাটা দুটির স্থাপনা অভিযান চালিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় মালিকদের মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

এদিকে, স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে প্রায় ৩৮টি অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। এসব ইটভাটার মালিকদের একটি প্রভাবশালী দালালচক্রের মাধ্যমে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত অর্থ দিয়ে ইটভাটা চালানোর সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়নে ১০টি এবং কুমেদপুর ইউনিয়নে ৮টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার অধিকাংশের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন নেই বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু দু-একটি ইটভাটায় অভিযান চালিয়ে দায়িত্ব শেষ না করে উপজেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি অবৈধ ইটভাটা পরিচালনায় সহযোগিতার অভিযোগে জড়িত কর্মকর্তা-কর্মচারী ও দালালচক্রকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল সীমান্তে যুবদলের আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


বেনাপোল সীমান্তে যুবদলের আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরের বেনাপোল সীমান্তে যুবদল প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

বেনাপোল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রায় ৫ হাজার নেতাকর্মী নিয়ে বেনাপোল চেকপোস্টে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং সদস্য নাজমুল হাসান বাবুল।

পথসভায় বক্তারা উল্লেখ করেন, "ভারতে বসে শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছেন। তার নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও ও লুটপাট করে দেশের মানুষকে আতঙ্কিত করতে চাইছে। কিন্তু শেখ হাসিনাকে কখনো আর এদেশের মানুষ গ্রহণ করবে না। তার কথা শুনে আপনারা যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়াচ্ছেন, তারাই বিপদে পড়বেন।"

যুবদল নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের গণতন্ত্র ও শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকে প্রতিহত করা হবে। তারা নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলার বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%