মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৮ পি.এম
ব্রাজিল একটি বিশাল সাত গোলের জয় অর্জন করেছে। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিরুদ্ধে ৭-০ গোলে পরাজিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র অসাধারণ একটি হ্যাটট্রিক করেছেন। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম হ্যাটট্রিক।
ম্যাচের শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। একের পর এক আক্রমণে সিঙ্গাপুরের রক্ষণকে ব্যস্ত রাখেন ভিনিসিয়ুস ও তার সতীর্থরা। প্রথমার্ধেই সিঙ্গাপুরকে চার গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেও গোলের জন্য তাদের আক্রমণ অব্যাহত থাকে। ৬৫ মিনিটে রায়ান ও এস্তেভাও-র গোলে ব্যবধান ৬-০ হয়ে যায়। গ্যালারিতে বসে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির প্রতিক্রিয়াও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। দলের বড় ব্যবধানের জয় সত্ত্বেও তাকে খুব একটা উচ্ছ্বসিত মনে হয়নি। ভিআইপি বক্সে বসে হাত নেড়ে কিছু একটা বলতে দেখা যায় ইতালিয়ান এই কোচকে।
এরপর ৭৪ মিনিটে সিঙ্গাপুর একটি আত্মঘাতী গোল করে। এর ফলে ব্রাজিলের জয় আরও বড় হয়। শেষ পর্যন্ত ম্যাচটি ৭-০ গোলের ব্যবধানেই শেষ হয়।
এদিকে, জাপানের বিরুদ্ধে হারের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলের রাফিনহা। তবে এবার তারা মাঠে শৃঙ্খলা বজায় রেখেই বড় জয় অর্জন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ভালুকায় ১৯ বছর বয়সী গৃহবধূ আঁখি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী জাহিদুলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জাহিদুলের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আঁখি আক্তার উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের চাঁন মিয়ার কন্যা। তিনি একই ইউনিয়নের বহুলী আকন্দবাড়ি এলাকার আলাউদ্দিনের ছেলে জাহিদুল ইসলামের স্ত্রী ছিলেন।
ভালুকা মডেল থানার পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, আঁখি আক্তারের বিয়ে এক বছর আগে একই ইউনিয়নের বহুলি গ্রামের আলাউদ্দিনের ছেলে জাহিদুলের সঙ্গে হয়। আঁখি উপজেলার ভরাডোবা এলাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার সকালে স্বামীর বাড়ি থেকে ফোন করে আঁখির মৃত্যুর খবর তার বাবার বাড়িতে জানানো হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই মুহাম্মদ ওয়াছিম উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : দেশের নদী ও সমুদ্রপথে উদ্ধার কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার ন্যূনতম ২ হাজার টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন দুটি উচ্চক্ষমতার উদ্ধারকারী জাহাজ কেনার পরিকল্পনা গ্রহণ করেছে। এই জাহাজগুলির পাশাপাশি সহায়ক নৌযান, সরঞ্জাম এবং প্রয়োজনীয় অবকাঠামোও সংগ্রহ ও নির্মাণ করা হবে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের (দিনাজপুর-২) এক লিখিত প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য প্রকাশ করেন।
মন্ত্রী উল্লেখ করেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ‘দুটি উচ্চক্ষমতার উদ্ধারকারী জাহাজ, সহায়ক নৌযান ও সংশ্লিষ্ট সরঞ্জাম সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পের প্রস্তাব করেছে।
তিনি জানান, প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) দ্বারা সম্পন্ন হয়। চুক্তির শর্ত অনুযায়ী, পরামর্শক প্রতিষ্ঠান একই বছরের ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দেয়।
নৌপরিবহনমন্ত্রী আরও জানান, বিআইডব্লিউটিএ ২০২১ সালের ২১ ডিসেম্বর পুনর্গঠিত প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাবটি ভৌত অবকাঠামো বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) প্রেরণ করে।
তিনি বলেন, তৎকালীন পরিকল্পনামন্ত্রী ২০২২ সালের ২৭ মার্চ প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পের জন্য বৈদেশিক সহায়তার সম্ভাবনা যাচাইয়ের জন্য ইআরডি একই বছরের ১০ এপ্রিল বৈদেশিক সহায়তা অনুসন্ধান কমিটির সভা আয়োজন করে।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন চেয়ে ২০২২ সালের ১৮ এপ্রিল ইআরডি পিডিপিপিটি সংশ্লিষ্ট অনুবিভাগ ও শাখায় পাঠায়। এই প্রক্রিয়ায় জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর সহায়তা পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, প্রস্তাবিত প্রকল্পের জন্য বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন সংগ্রহে ইআরডির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, প্রকল্পটি পরিকল্পনা কমিশনের ‘গ্রিন পেজেস’-এ অন্তর্ভুক্ত করার প্রস্তাবও জমা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের (ইডিসিএফ) আওতায় ২০২৫-২০২৭ মেয়াদে অনুমোদনের অপেক্ষায় থাকা পাইপলাইন প্রকল্পের তালিকায়ও এটি অন্তর্ভুক্ত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানিয়েছেন যে, চলতি বছরে ডেঙ্গু সংক্রমণের সর্বোচ্চ মৌসুম শুরু হওয়ার তিন থেকে চার মাস আগে থেকেই সরকার সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে।
তিনি উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে লার্ভা শনাক্তকরণ ও ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪১-এর বিরোধীদলীয় সংসদ সদস্য মাহফুজা হান্নানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য প্রদান করেন।
এম এ মুহিত আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য লার্ভা খুঁজে বের করা ও ধ্বংস করার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হচ্ছে। এই প্রতিরোধমূলক কার্যক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় নেতৃত্ব দিচ্ছে।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোগীদের ডেঙ্গু পরীক্ষার সব ব্যবস্থা বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া, হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে দুই মাস আগে দুই হাজার চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
তিনি বলেন, পরিচ্ছন্নতা অভিযান, লার্ভা নির্মূল কার্যক্রম এবং হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সমন্বিতভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন পরিচালনা করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি), যা দেশব্যাপী কৃমি সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়। ১৫ ও ১৬ নভেম্বর এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নারী, শিশু ও কিশোর-কিশোরীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
১৫ নভেম্বর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ায় কৃষি ক্লাব সংলগ্ন রাজেদুল ইসলামের বাড়ির প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের (এসএমসি ইএল) পরিচালনা পর্ষদের পরিচালক ও সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান। এ সময় এসএমসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করার জন্য এসএমসির স্টার নেটওয়ার্কের আওতাভুক্ত প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রিন-স্টার ও গোল্ড-স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং অন্যান্য সেবাদানকারী দেশব্যাপী কাজ করেন। তাঁরা কৃমি সংক্রমণের কারণ, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি এসএমসির কৃমিনাশক ট্যাবলেট ‘ভারমিসিড’ (Albendazole 400 mg) সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ দেন। অংশগ্রহণকারীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয় এবং কৃমিমুক্ত সুস্থ পরিবার গঠনে ছয় মাস পরপর কৃমিনাশক ওষুধ সেবনের বিষয়ে পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, ‘বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় পর্যায়ে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচির ফলে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। এ অর্জন ধরে রাখতে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। এসএমসি তার বিস্তৃত স্টার নেটওয়ার্কের মাধ্যমে সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে কৃমি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।’
তছলিম উদ্দিন খান বলেন, ‘বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগের ফলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এখনো বিপুলসংখ্যক মানুষের মধ্যে কৃমি সংক্রমণের ঝুঁকি রয়েছে। বিশেষ করে শিশুদের পুষ্টি, শারীরিক বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশে কৃমি সংক্রমণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদি সংক্রমণের ফলে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।’
তিনি আরও বলেন, কৃমি সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা জরুরি। এসএমসি এ লক্ষ্যেই দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসির স্ট্র্যাটেজিক রিসার্চ কনসালট্যান্ট ড. মিজানুর রহমান, এসএমসি ইএল-এর বিক্রয় মহাব্যবস্থাপক চন্দ্রনাথ মণ্ডল, এসএমসির প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, প্রোগ্রাম মার্কেটিং অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং ফিল্ড অপারেশন বিভাগের উপমহাব্যবস্থাপক রেজাউল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএমসি জানিয়েছে, সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে জনস্বাস্থ্য উন্নয়ন ও কৃমিমুক্ত পরিবার গঠনে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ