০২:০৯ পি.এম
জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে।
এ সাক্ষাৎ বুধবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন মারিয়া স্মিরনোভা, কাজী মোস্তাকিম আহমেদ, মো. সালায়ে মোস্তফা ও আহমেদ ইমতিয়াজ সামাদ।
আরও পড়ুন: এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রতিনিধিদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি উল্লেখ করেন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন বৃত্তি কর্মসূচি, পাঠদান ও শেখার পদ্ধতি এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্পর্কে প্রতিনিধিদলকে ধারণা দেন উপাচার্য। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কর্মসূচি পরিচালনার কথা। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সাক্ষাতে ফরিদা শহীদ বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রশংসা করেন। উপাচার্য অতিথিদের বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রমে আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জানান।
শিক্ষার অধিকার বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে ফরিদা শহীদ বর্তমানে বাংলাদেশ সফর করছেন। জাতিসংঘের বর্তমান দায়িত্বে এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি শিক্ষা খাতে অর্থায়ন, ডিজিটালাইজেশন এবং মানসম্মত সরকারি শিক্ষায় সবার জন্য বৈষম্যহীন প্রবেশাধিকারের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। তিনি ঢাকা, বান্দরবান ও সিলেটে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও করেছেন।
আরও পড়ুন: ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো, ফি কমে ৪ হাজার টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন