প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়া গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, যা ইউটিউবে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগে করা হয়েছে। দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা গুগলের কাছে ৬০০ কোটি রিঙ্গিত বা প্রায় ১৪৬ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে।
বুধবার মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। কমিশনের অভিযোগ, গুগল ইউটিউবে অনলাইন জুয়া, প্রতারণা ও জালিয়াতিসংক্রান্ত ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। এছাড়া, একজন পরিচিত ব্লগারের প্রকাশ করা বিভিন্ন বিতর্কিত কনটেন্টের বিরুদ্ধে আগাম পদক্ষেপ নিতে গুগল ব্যর্থ হয়েছে।
এমসিএমসি জানিয়েছে, গুগলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও মোকাবিলায় সংস্থাটিকে ৫০ হাজারের বেশি অনলাইন কনটেন্ট নিয়ে কাজ করতে হয়েছে। এই কাজের জন্য ব্যয় হওয়া অর্থ ও জনবলের ক্ষতিপূরণ হিসেবেই ৬০০ কোটি রিঙ্গিত দাবি করা হয়েছে।
কমিশনের ভাষ্য অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে এবং ক্ষতিকর কনটেন্টের বিস্তার রোধ করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
গুগলের প্রতিক্রিয়া জানতে রয়টার্স প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে গুগল কোনো মন্তব্য করেনি।
মালয়েশিয়ার এই পদক্ষেপ এমন এক সময় এসেছে, যখন গুগল দেশটিতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে। চলতি মাসের শুরুতে গুগল জানিয়েছে, ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে মালয়েশিয়ায় ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে। এই অর্থ ডেটা সেন্টার নির্মাণ, পরিচ্ছন্ন জ্বালানি, পানির নিরাপত্তা এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে ব্যয় হবে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর সঙ্গে মালয়েশিয়া সরকারের বিরোধ নতুন নয়। এর আগে টিকটক ও মেটার মালিকানাধীন ফেসবুকের বিরুদ্ধে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলেছে দেশটির সরকার। কর্তৃপক্ষ এসব প্ল্যাটফর্ম থেকে আপত্তিকর ও ক্ষতিকর কনটেন্ট সরানোর দাবিও জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন