০৯:৪৫ পি.এম
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্যসম্পদ রক্ষায় চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিষখালী নদীর আমুয়া থেকে আওরাবুনিয়ার জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারের নেতৃত্বে থানা পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
কাঁঠালিয়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন জানান, অভিযানে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার কঠোরহস্তে দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জালগুলো কাঁঠালিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়াম ভবনের পাশের মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কাঁঠালিয়ার সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বলের উপস্থিতি ও তদারকিতে জাল ধ্বংসের কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত অভিযান ও জাল ধ্বংসের কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনসহ প্রশাসন ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন