০৫:২০ এম
ইসরাইলি সামরিক অভিযানের ক্ষত কাটিয়ে উঠতে এবং যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জরুরি মানবিক সহায়তায় ইউরোপীয় কমিশন এক বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে।
‘টিম গাজা ইনিশিয়েটিভ’ নামক এই বিশেষ উদ্যোগের আওতায় ১৫টি অংশীদার দেশের সাথে মিলিত হয়ে ৮৮ কোটি ৩৬ লাখ ইউরো, যা মার্কিন ডলারে প্রায় ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার সমপরিমাণ, একটি সাহায্য তহবিল চালু করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ব্রাসেলসে অনুষ্ঠিত ফিলিস্তিন দাতা গোষ্ঠীর একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার স্বর্ণখনিতে আটকা ২৬ শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে
ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে জানায়, এই সুবিশাল তহবিলটি মূলত গাজাবাসীর জন্য চলমান এবং পরিকল্পিত প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্পগুলোতে সরাসরি অর্থায়ন করবে।
দীর্ঘদিনের সংঘাত ও ধ্বংসযজ্ঞের পর গাজার অবকাঠামো পুনর্গঠন, স্বাস্থ্যসেবা ও মানবিক সংকট মোকাবিলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আন্তর্জাতিক এই জোটে ইউরোপের ১২টি দেশ ও জাপানের পাশাপাশি বিশ্বব্যাংক এবং ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক সক্রিয় অংশীদার হিসেবে যুক্ত হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘস্থায়ী সামরিক অভিযানের কারণে গাজার একটি বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার এখনো বিধ্বস্ত ভবনগুলোর পাশে খোলা আকাশে তাঁবু খাটিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এই চরম মানবিক সংকটের মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বিশাল আর্থিক সহায়তা গাজার সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং ধ্বংসস্তূপ থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াকে গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ভারতে স্বামীর বন্ধুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ
সূত্র: আল-আরাবিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন