ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

সাপাহারে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ : নিহত-১


সাপাহারে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ : নিহত-১

নওগাঁর সাপাহারে ভাড়ায় চালিত মোটরসাইকেল ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত চারজনের মধ্যে মো: জামান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইসলামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সামনের অংশে সরাসরি আঘাত করে মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেল ও ভ্যানে থাকা চারজন আহত হন। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: আসাদুল হ*ত্যা*র ঘটনায় জড়িতদের ফাঁ*সির দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন

পরদিন চিকিৎসাধীন অবস্থায় মো: জামানের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টায় নিজ গ্রাম নওপাড়ার বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রাব্বানী (১৫) ও রাফিউল (১৪) নামে দুই কিশোরের পরিচয় পাওয়া গেছে। তাঁদের বাড়ি সাপাহার উপজেলার মাস্টারপাড়া এলাকায়। নিহত মো: জামানের স্ত্রী মোসা: ফেরদৌস আক্তারও এ দুর্ঘটনায় আহত হন। তিনি চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।

এদিকে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি ভাড়ায় চালিত হওয়ায় এবং অপ্রাপ্তবয়স্কদের কাছে মোটরসাইকেল ভাড়া দেওয়ার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মোটরসাইকেল মালিকপক্ষের এক ব্যক্তি অভিযোগ করেন, নূরুল ইসলামের কাছ থেকে অর্থের বিনিময়ে মোটরসাইকেলটি ভাড়া নেওয়া হয়েছিল। তাঁর দাবি, নূরুল ইসলাম অপ্রাপ্তবয়স্ক কিশোরদের কাছেও টাকার বিনিময়ে মোটরসাইকেল ভাড়া দিয়ে থাকেন। এ বিষয়ে তাঁরা একাধিকবার সতর্ক করলেও কার্যকর কোনো পরিবর্তন দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। প্রায় এক মাস আগেও একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটেছিল বলেও দাবি করেন ওই ব্যক্তি।

আরও পড়ুন: গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি নিয়োগ

এ বিষয়ে মোটরসাইকেলের মালিক নূরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, রেজিস্ট্রেশনবিহীন, হেলমেটবিহীন এবং অপ্রাপ্তবয়স্ক মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাপাহার থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

সচেতন মহলের মতে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখা এবং ভাড়ায় মোটরসাইকেল দেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন ও নিয়মনীতি অনুসরণ করা জরুরি। পাশাপাশি এ ঘটনায় ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: ‎ত্রিশালের কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবায় হাসি ফুটেছে প্রান্তিক খামারিদের মুখে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’: আসিফ মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


‘না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যদি এই পরিস্থিতি ঠিক করতে ব্যর্থ হন, তবে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, "না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।"

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার মতো ঘটনা ঘটছে। এসব ঘটনার ফলে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা মেলায় ছোট ছোট স্টলে বড় স্বপ্নের হাতছানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা মেলায় ছোট ছোট স্টলে বড় স্বপ্নের হাতছানি

কেউ হাতে তৈরি গয়নার পসরা সাজিয়েছেন, আবার কারো স্টলে বাহারি খাবারের সমাহার দেখা যাচ্ছে। কোথাও হস্তশিল্পের প্রদর্শনী রয়েছে, আবার কোথাও জুতা, মানিব্যাগ কিংবা পোশাকের সংগ্রহ। প্রতিটি স্টলের পেছনে রয়েছে একজন শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং নিজের কিছু একটা করার প্রত্যয়। পরিচিত ক্যাম্পাসের চেনা পরিবেশে এটি কেবল কেনাবেচার আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের উদ্যোগ, সৃজনশীলতা ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তুলে ধরছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলায়’ এমনই এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এখানে শিক্ষার্থীরা শুধু পণ্য নিয়ে বসেননি, বরং নিজেদের উদ্যোগকে অন্যদের সামনে তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে সরাসরি সাড়া পাচ্ছেন। সহপাঠী, সিনিয়র কিংবা জুনিয়রদের আগ্রহ তাদের উদ্যোগকে নতুন করে সাহস জোগাচ্ছে সামনে এগিয়ে নেওয়ার জন্য।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা নেটওয়ার্কের উদ্যোগে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। এই দুই দিনব্যাপী আয়োজন চলবে সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল হাসান এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হোসনে জাহান চৌধুরী। কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা হয়।

মেলার প্রতিটি স্টল যেন একেকটি স্বতন্ত্র উদ্যোগের গল্প বলে। কেউ নিজের তৈরি পণ্য নিয়ে এসেছেন, আবার কেউ ব্যবসায়িক উদ্যোগকে পরিচিত করার চেষ্টা করছেন। খাবার, জুয়েলারি, হস্তশিল্প থেকে শুরু করে নিত্যব্যবহার্য নানা পণ্যের সমাহার বসেছে এই মেলায়। তবে পণ্যের প্রদর্শনী ও বিক্রির বাইরেও উদ্যোক্তাদের কাছে এ আয়োজনের গুরুত্ব ভিন্ন। ক্রেতাদের সরাসরি প্রতিক্রিয়া থেকে তারা জানতে পারছেন নিজেদের পণ্যের কোন দিকটি বেশি আকর্ষণ করছে এবং কোথায় উন্নতির সুযোগ রয়েছে।

এমন একজন উদ্যোক্তা সানজানা তালুকদার বুশরা। মেলায় সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া সাড়া তাকে আনন্দিত করেছে, তেমনি নিজের পণ্য সম্পর্কে নতুন করে ভাবার সুযোগও তৈরি করেছে। তিনি বলেন, ‘আজকের এই উৎসবমুখর পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। সহপাঠী ও সিনিয়র-জুনিয়রদের থেকে এত সাড়া পেয়ে সত্যি অবাক লাগা কাজ করছে। পাশাপাশি নিজের প্রোডাক্টগুলোর স্ট্রং ও উইক পয়েন্টগুলো ধরতে পারছি। আমি আশা করি এগুলো আমার প্রোডাক্ট ও আমাকে আরো সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’

শুধু পণ্য বিক্রি নয়, নিজেদের উদ্যোগকে আরো বেশি মানুষের কাছে পরিচিত করাও উদ্যোক্তাদের অন্যতম লক্ষ্য। শোভা ইসলামের কাছে এ মেলা সেই সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতে নিজের পণ্য নিয়েই এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। শোভা ইসলাম বলেন, ‘এই আয়োজনটির মাধ্যমে আমার পরিচিতি বাড়াতে পারছি। যেহেতু আগামীতে আমি আমার প্রোডাক্ট নিয়েই এগোতে চাই, সেহেতু আজকের আয়োজনটি আমার জন্য একটি সুযোগ হিসেবে আমি মনে করছি।’

অন্যদিকে ছেলেদের জুতা, লোফার, স্টেপ, মানিব্যাগ ও বেল্ট নিয়ে মেলায় অংশ নিয়েছেন পারভেজ সরকার। তার মতে, আগে বিভিন্ন বিভাগ নিজেদের উদ্যোগে এ ধরনের আয়োজন করলেও এবার কেন্দ্রীয়ভাবে উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের জন্য নিজেদের পণ্য তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

পারভেজ সরকার বলেন, ‘আগে বিভিন্ন বিভাগ কর্তৃক এসব আয়োজন করা হইত কিন্তু এবারে প্রথম কেন্দ্রীয়ভাবে উদ্যোক্তাদের নিয়ে একটা আয়োজন করা হয়েছে। আমার কাছে মূলত ছেলেদের জুতা, লোফার, স্টেপ, মানিব্যাগ, বেল্ট ইত্যাদি পাওয়া যাচ্ছে এবং ক্রেতাদেরও বেশ সাড়া পাচ্ছি। এমন আয়োজন নিয়মিত করা হলে আমাদের মতো তরুণ উদ্যোক্তারা আরো অনুপ্রাণিত হবে।’

উদ্যোক্তাদের এই স্বপ্নের পসরা দেখতে মেলায় ভিড় করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও। কেউ পছন্দের পণ্য কিনছেন, কেউ ঘুরে দেখছেন স্টল, আবার কেউ সহপাঠীদের উদ্যোগকে উৎসাহ দিতে হাজির হয়েছেন। কেনাকাটার পাশাপাশি বাহারি খাবারের স্বাদ নেওয়ার সুযোগও মেলার আকর্ষণ বাড়িয়েছে।

মেলায় ঘুরতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান লুনার কাছে পুরো আয়োজনটিই ছিল উপভোগ্য। তিনি বলেন, ‘এখানে বিভিন্ন স্টল উঠেছে। কেউ জুয়েলারি বা কেউ খাবারের স্টল। আমি বিভিন্ন জিনিস কিনলাম, সাথে নানা ধরনের খাবার খেয়েছি। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে।’

একইভাবে মেলায় পণ্যের বৈচিত্র্য ও মানের বিষয়টি তুলে ধরেন অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী জয়ন্ত কর্মকার। তার মতে, বাইরের বাজারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে তৈরি পণ্য দেখার সুযোগ তৈরি হয়েছে এ আয়োজনে।

জয়ন্ত কর্মকার বলেন, ‘এখানে মেয়েদের অর্নামেন্টসের পাশাপাশি ছেলেদেরও বেশ কালেকশন রয়েছে। আর প্রত্যেকটি প্রোডাক্ট এবং স্টলের কোয়ালিটি খুবই ভালো। একই সঙ্গে সহপাঠীদের উদ্যোগকে উৎসাহিত করতে পারছি। বাইরের বাজারের তুলনায় এখানে শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে তৈরি পণ্য দেখার সুযোগ পাচ্ছি। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।’

বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি নিজের একটি পরিচয় তৈরি করার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। কারো আগ্রহ সৃজনশীল কাজে, কেউ চান ব্যবসার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে। তবে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে প্রয়োজন হয় পরিচিতি, ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ এবং নিজের উদ্যোগের গ্রহণযোগ্যতা যাচাইয়ের ক্ষেত্র। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোক্তা মেলা শিক্ষার্থীদের জন্য তেমন একটি পরিসর তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়িয়ায় গণপরিবহনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


ফুলবাড়িয়ায় গণপরিবহনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় গণপরিবহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাসমালিক ও শ্রমিকদের উদ্যোগে।

রবিবার (১৫ নভেম্বর) ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক ও শ্রমিক ঐক্য জোটের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন টার্মিনালের সাধারণ বাসমালিক ও শ্রমিকেরা।

সমাবেশে বক্তারা গণপরিবহনে অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনার প্রতি উদ্বেগ প্রকাশ করেন। তারা মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বক্তারা উল্লেখ করেন, গণপরিবহন সাধারণ মানুষের যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাজনৈতিক কর্মসূচি বা অন্য কোনো কারণে পরিবহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে এবং পরিবহন খাতের ওপর ব্যাপক ক্ষতি হয়। তাই নাশকতা প্রতিরোধে মালিক ও শ্রমিকদের সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি এ এস এম আহমেদ খোকন, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (১৭৭৬) সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী জুবায়ের মাসুদ।

বক্তারা গণপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে মালিক ও শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইসে ২৭৩ পদে চাকরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইসে ২৭৩ পদে চাকরি

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর অধীনে ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ২৭৩ জন সেবাকর্মী অস্থায়ী ভিত্তিতে নেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা ২৬ নভেম্বর বিকেল ৪টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা ও মাসিক সেবামূল্য

ব্যানবেইস, ঢাকা (মোট ২৩টি পদ)

১. ইলেকট্রিশিয়ান সেবা (ক্যাটাগরি-১): ২ জন। মাসিক সেবামূল্য: ২০,২১২ টাকা।

২. এসি মেকানিক সেবা (ক্যাটাগরি-১): ১ জন। মাসিক সেবামূল্য: ২০,২১২ টাকা।

৩. সার্ভার টেকনিশিয়ান সেবা (ক্যাটাগরি-১): ১ জন। মাসিক সেবামূল্য: ২০,২১২ টাকা।

৪. গাড়িচালক সেবা (ক্যাটাগরি-২): ২ জন। মাসিক সেবামূল্য: ১৯,৬৩৬ টাকা।

৫. লিফটম্যান সেবা (ক্যাটাগরি-৫): ১ জন। মাসিক সেবামূল্য: ১৮,১৮০ টাকা।

৬. ডেসপাচ রাইডার সেবা (ক্যাটাগরি-৫): ১ জন। মাসিক সেবামূল্য: ১৮,১৮০ টাকা।

৭. বার্তাবাহক সেবা (ক্যাটাগরি-৫): ২ জন। মাসিক সেবামূল্য: ১৮,১৮০ টাকা।

৮. নিরাপত্তা প্রহরী সেবা (ক্যাটাগরি-৫): ৪ জন। মাসিক সেবামূল্য: ১৮,১৮০ টাকা।

৯. পরিচ্ছন্নতাকর্মী সেবা (ক্যাটাগরি-৫): ৮ জন। মাসিক সেবামূল্য: ১৮,১৮০ টাকা।

১০. ফরাশ সেবা (ক্যাটাগরি-৫): ১ জন। মাসিক সেবামূল্য: ১৮,১৮০ টাকা।

দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এর জন্য মোট ২৫০টি পদ রয়েছে।

১. নিরাপত্তা প্রহরী সেবা (ক্যাটাগরি-৫): ১২৩ জন। মাসিক সেবামূল্য: ১৬,৬৭৩ টাকা।

২. নিরাপত্তা প্রহরী সেবা, সিটি করপোরেশন/পৌর এলাকার জন্য (ক্যাটাগরি-৫): ২ জন। মাসিক সেবামূল্য: ১৭,১৭৫ টাকা।

৩. পরিচ্ছন্নতাকর্মী সেবা (ক্যাটাগরি-৫): ১২৩ জন। মাসিক সেবামূল্য: ১৬,৬৭৩ টাকা।

৪. পরিচ্ছন্নতাকর্মী সেবা, সিটি করপোরেশন/পৌর এলাকার জন্য (ক্যাটাগরি-৫): ২ জন। মাসিক সেবামূল্য: ১৭,১৭৫ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক, সার্ভার টেকনিশিয়ান, গাড়িচালক, লিফটম্যান, ডেসপাচ রাইডার ও বার্তাবাহক।

স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিশিয়ান পদে ইলেকট্রিক্যাল সার্টিফিকেট/ডিপ্লোমা/লাইসেন্স, এসি মেকানিক পদে এসি সার্ভিসিং বিষয়ে সার্টিফিকেট, সার্ভার টেকনিশিয়ান পদে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং গাড়িচালক পদে লাইট/মিডিয়াম ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়িচালক পদে ৫ বছরের এবং অন্যান্য পদগুলোতে সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও ফরাশের জন্য স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা সমমান পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং পরিচ্ছন্নতাকর্মী পদে স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। প্রতিটি পদে সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ও চুক্তির মেয়াদ

বয়সসীমা: ১৮ থেকে ৬০ বছর।

চুক্তির মেয়াদ: ১ জানুয়ারি ২০২৭ হতে ২ বছর (অর্থ বিভাগের সম্মতি প্রাপ্তি সাপেক্ষে)।

শর্তাবলি ও অগ্রাধিকার

একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। পূর্বে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা প্রদানকারী সেবাকর্মী এবং একাধিক বিষয়ে কারিগরি দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতাকর্মী সেবা ক্রয়ে হরিজন সম্প্রদায়ের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগকৃত সেবাকর্মীরা ব্যানবেইসের কোনো স্থায়ী পদে নিয়োগের জন্য অগ্রাধিকার পাবেন না।

আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি

ব্যানবেইসের ওয়েবসাইটে নির্ধারিত আবেদনপত্রের নমুনা কপি ও ১২৫টি ইউআইটিআরসিই-এর তালিকা পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ এনআইডি দ্বারা নিবন্ধিত মোবাইল নম্বর, নাগরিকত্ব সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি এবং নিজ নামীয় ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করতে হবে। খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম এবং সংশ্লিষ্ট ইউআইটিআরসিইর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) স্পষ্টভাবে লিখতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১, জহির রায়হান রোড (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫।

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত (সরাসরি অথবা ডাকযোগে)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%