প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর সাপাহারে ভাড়ায় চালিত মোটরসাইকেল ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত চারজনের মধ্যে মো: জামান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইসলামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সামনের অংশে সরাসরি আঘাত করে মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেল ও ভ্যানে থাকা চারজন আহত হন। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরদিন চিকিৎসাধীন অবস্থায় মো: জামানের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টায় নিজ গ্রাম নওপাড়ার বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রাব্বানী (১৫) ও রাফিউল (১৪) নামে দুই কিশোরের পরিচয় পাওয়া গেছে। তাঁদের বাড়ি সাপাহার উপজেলার মাস্টারপাড়া এলাকায়। নিহত মো: জামানের স্ত্রী মোসা: ফেরদৌস আক্তারও এ দুর্ঘটনায় আহত হন। তিনি চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।
এদিকে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি ভাড়ায় চালিত হওয়ায় এবং অপ্রাপ্তবয়স্কদের কাছে মোটরসাইকেল ভাড়া দেওয়ার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মোটরসাইকেল মালিকপক্ষের এক ব্যক্তি অভিযোগ করেন, নূরুল ইসলামের কাছ থেকে অর্থের বিনিময়ে মোটরসাইকেলটি ভাড়া নেওয়া হয়েছিল। তাঁর দাবি, নূরুল ইসলাম অপ্রাপ্তবয়স্ক কিশোরদের কাছেও টাকার বিনিময়ে মোটরসাইকেল ভাড়া দিয়ে থাকেন। এ বিষয়ে তাঁরা একাধিকবার সতর্ক করলেও কার্যকর কোনো পরিবর্তন দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। প্রায় এক মাস আগেও একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটেছিল বলেও দাবি করেন ওই ব্যক্তি।
এ বিষয়ে মোটরসাইকেলের মালিক নূরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, রেজিস্ট্রেশনবিহীন, হেলমেটবিহীন এবং অপ্রাপ্তবয়স্ক মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাপাহার থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
সচেতন মহলের মতে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখা এবং ভাড়ায় মোটরসাইকেল দেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন ও নিয়মনীতি অনুসরণ করা জরুরি। পাশাপাশি এ ঘটনায় ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন