শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫৮ পি.এম
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ : ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে এক যাত্রীর কাছ থেকে ২৪ ক্যারেটের ৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয় স্থলবন্দরের ইমিগ্রেশন পার হয়ে জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে যাত্রীর শরীর তল্লাশি করার মাধ্যমে।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা। চোরাচালান সংক্রান্ত তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বেনাপোল সার্কেল আজ শনিবার এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ভারতগামী সন্দেহভাজন যাত্রী আল মামুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তার কাছে স্বর্ণ পাওয়া না গেলেও সন্দেহজনক আচরণের কারণে পরবর্তীতে তার শরীর এক্স-রে করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এক্স-রে পরীক্ষায় তার মলদ্বারে স্বর্ণ সদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। তার শরীরের অভ্যন্তর থেকে ২৪ ক্যারেটের ৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, উদ্ধার করা স্বর্ণ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম হাউস বেনাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে।
শরীরের অভ্যন্তরে স্বর্ণ লুকিয়ে সীমান্ত অতিক্রমের এই ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১৯ সেপ্টেম্বর রোজ শনিবার, শ্রীনগর মুন্সিগঞ্জ বাংলাদেশ দলিল লেখক সমিতির উদ্যোগে, সাত দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়,
আলহাজ্ব এম এ রশিদ চেয়ারম্যান,ও এম মুক্তার আহমেদ ভাইস চেয়ারম্যান এর নেতৃত্বে, মানববন্ধনটি অনুষ্ঠিত হয়, সাত দফার দাবি,
বক্তব্য রাখেন, হাবিবুর রহমান হাবিব, দলিল লেখক, জানান যে দলিল লেখকরা কোন বেতনভোগী কর্মচারী নয়, সরকার তাদের কোন প্রকার সুযোগ সুবিধা প্রদান করেন না, তাই তাদের অতীত পরিশ্রমের বিনিময়ে জমি বিক্রেতা ও কেতাগণ সেবা পেয়ে থাকেন, অথচ এত কষ্ট করে সকল প্রকার কাগজপত্র যাচাই-বাছাই করারপর ও সরকারের কোন প্রকার সুবিধা তারা পান না, তাই তারই ধারাবাহিকতায়,
নির্মেস৭ দফার দাবির আদায়ের লক্ষ্যে আজ তারা মানববন্ধন করেছেন।
১, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচু্্যত করা যাবে না,
২, দলিল প্রতি সম্মানি ভাতা নুন্যতম ৫০০০ টাকা বাস্তবায়ন করতে হবে,
৩, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল দিতে পারবেনা মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে,
৪, থানা জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না, মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে,
৫, থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে,
৬, যেহেতু পক্ষগনের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/ মুসাবিদি কারক হিসাবে দলিল লেখকদের আসামী করা যাবে না,
৭, দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কুনিহাড়ি গ্রামে ১৩ মিটার প্রশস্ত একটি খালের ওপর নির্মাণ করা হচ্ছে ১৮ মিটার দৈর্ঘ্যের একটি গার্ডার সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মাণাধীন এ সেতুর নির্মাণব্যয় ধরা হয়েছে আড়াই কোটি টাকারও বেশি।
ইতোমধ্যে পুরোনো কালভার্টটি ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য পাইল বসানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজের জন্য সাইটে বালু ও পাথরসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রীও আনা হয়েছে। তবে কাজ শুরুর আগেই এসব নির্মাণসামগ্রীর মান নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রশ্ন তোলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে নতুন সেতুটির স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে তাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
তবে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাইয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, পরীক্ষায় নির্মাণসামগ্রীর ফলাফল সন্তোষজনক পাওয়ার পরই কাজ পুনরায় চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে এলজিইডি ঝালকাঠি সদর উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, “সাংবাদিকদের মাধ্যমে নির্মাণসামগ্রীর মান নিয়ে অভিযোগের বিষয়টি জানতে পেরে আমি নিজেই বিষয়টি তদারকি করি। এ সময় জেলা এলজিআরডির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ নিজেও উপস্থিত ছিলেন এবং নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাইয়ের বিষয়টি সরেজমিনে তদারকি করেন।
সাইটে থাকা বালু ও পাথরসহ নির্মাণসামগ্রীর ম্যাটেরিয়াল টেস্ট, Sieve Analysis/Grading, Fineness Modulus (FM), Silt Content Test, Aggregate Crushing Value (ACV), Aggregate Impact Value (AIV) এবং Los Angeles Abrasion Test-সহ প্রয়োজনীয় যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষাগুলোর ফলাফল সন্তোষজনক এসেছে।
পরীক্ষার ফল সন্তোষজনক পাওয়ায় নির্ধারিত মান অনুযায়ী নির্মাণকাজ পুনরায় চালিয়ে যাওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কাজের প্রতিটি ধাপে আমাদের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। সর্বোচ্চ মানের নির্মাণসামগ্রী এবং অনুমোদিত প্রকৌশলগত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা নিশ্চিত করেই কাজ বুঝে নেওয়া হবে।”
এলজিইডি ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ এ সময় নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই এবং নির্ধারিত প্রকৌশলগত স্পেসিফিকেশন অনুসরণ করে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি সরেজমিনে নির্মাণস্থল পরিদর্শন করে কাজের বিভিন্ন দিকও পর্যবেক্ষণ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পুরোনো কালভার্টটি দিয়ে এলাকার মানুষ ও যানবাহন চলাচল করে আসছিল। নতুন সেতু নির্মাণ শুরু হওয়ায় এলাকায় যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন হলে স্থানীয় মানুষের চলাচল ও পণ্য পরিবহনে আরও সুবিধা হবে বলে আশা করছেন তারা।
এলজিইডির পক্ষ থেকে বলা হয়েছে, সেতুর নির্মাণকাজের বিভিন্ন পর্যায়ে প্রকৌশলীদের তদারকি অব্যাহত থাকবে এবং নির্ধারিত নকশা ও প্রকৌশলগত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখায় একটি অজ্ঞাত পরিচয়ের শিশুর মরদেহ পড়ে থাকার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তের ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান।
স্থানীয়দের মতে, সীমান্তের শূন্যরেখার নিকট শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তবে, শিশুটির পরিচয় এবং মরদেহটি সেখানে কীভাবে এসেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানিয়েছেন, শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশের পাশাপাশি বিজিবিও কাজ করছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে জনবল নেওয়ার জন্য আবেদন গ্রহণ করা হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা।
পদের নাম: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)।
পদসংখ্যা: ২টি।
চাকরির ধরন: স্থায়ী (ফুলটাইম, সপ্তাহে ৪০ ঘণ্টা)।
কর্মস্থল: ঢাকা।
বেতন: মাসে ৭২,২০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস। প্রার্থীদের কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে।
অভিজ্ঞতা
বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস বা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় জেনারেটরে কাজ করার অন্তত ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
ভাষাদক্ষতা
ইংরেজিতে সীমিত জ্ঞান (বলা, পড়া ও লেখা) এবং বাংলায় ভালো কাজের জ্ঞান (বলা, পড়া ও লেখা) প্রার্থীদের থাকতে হবে।
অন্যান্য যোগ্যতার শর্ত
নির্বাচিত প্রার্থীকে সিকিউরিটি সার্টিফিকেট ও ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে। ছাড়পত্র পাওয়ার ৪ সপ্তাহের মধ্যে যোগদানে সক্ষম হতে হবে।
প্রধান দায়িত্বগুলো
ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মেইনটেন্যান্স ফোরম্যান ও মেইনটেন্যান্স সুপারভাইজারের অধীন দায়িত্ব পালন করতে হবে। চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়া নেওয়া আবাসিক ভবনগুলোতে পাওয়ার জেনারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামত করা হবে। গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম (জিএমএমএস) থেকে প্রাপ্ত প্রসেস অনুযায়ী নির্ধারিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনের (ERA) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের নির্দেশনাবলি ও বিস্তারিত মার্কিন দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে (https://bd.usembassy.gov/jobs/) পাওয়া যাবে। আবেদনের সঙ্গে এসএসসি সনদ, ট্রেড কোর্স সনদ, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ