মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫১ পি.এম
পাবনার চাটমোহরে কেনা জমিতে দীর্ঘকাল ধরে বসবাসরত এক বিধবার পরিবারকে উচ্ছেদের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একাধিক সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। পরে আদালতে মামলা করার পর ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী জামেনা খাতুন ২০১৫ সালে একই গ্রামের মৃত নজির মোল্লার ছেলে মোক্তার মোল্লার কাছ থেকে ১১ শতক জমি ক্রয় করেন। জমির নামজারি ও খাজনা পরিশোধ করে সাত বছর আগে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি।
জামেনা খাতুন অভিযোগ করেছেন, কেনা জমির পাশ দিয়ে পাকা রাস্তা নির্মাণের পর জমি বিক্রেতা মোক্তার মোল্লার আত্মীয়স্বজনেরা তার পরিবারকে জমিটি ছেড়ে দিতে চাপ দিতে শুরু করেন। বিভিন্ন সময়ে বাড়িতে এসে হুমকি-ধমকি দেওয়া হয়। এ বিষয়ে থানায় একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা তা মানেননি। পরে পুলিশের পরামর্শে তারা আদালতে দুটি মামলা দায়ের করেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাহাপুর গ্রামের আমিন উদ্দিন, জাহিন, মজনু, ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মহির উদ্দিন, ইন্তাজ, আশরাফুলসহ আরও কয়েকজন।
জামেনা খাতুন বলেন, ‘আমার কেনা জমি, দলিলও আছে। কিন্তু এখন তারা জমি ছাড়তে বলছে। আমাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বিভিন্ন সময় বাড়িতে এসে হুমকি-ধমকি দিচ্ছে। এ নিয়ে থানায় কয়েকবার সালিস হয়েছে। কিন্তু তারা কিছুই মানছে না। পরে পুলিশের পরামর্শে আদালতে দুটি মামলা করেছি।’
জামেনা খাতুনের ছেলে সবুজ সরকার অভিযোগ করেন, বিএনপি নেতা মহির উদ্দিন জমি বিক্রেতা মোক্তার মোল্লার ভাতিজা। তিনি অন্যদের নেতৃত্ব দিয়ে তাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। বাড়িতে হামলা করতে আসছেন এবং তাকে তুলে নিয়ে যাওয়া ও পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। গত ২০ নভেম্বর লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলার চেষ্টা করা হয়। এ সময় তার খালু মমিন আলী তাদের পাশে দাঁড়ানোয় তাকেও মারধর করা হয়।
মমিন আলী জানান, জামেনা খাতুনের পরিবারকে সহযোগিতা করায় গত ১৭ নভেম্বর অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করেন। এরপর ২০ নভেম্বর বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে দ্বিতীয় দফায় তাকে মারধর করা হয়। এ সময় মামলা তুলে নিতে বলা হয় এবং মামলা না তুললে গুম করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা বলেন, ‘বিষয়গুলো আমি জানি। জামেনা খাতুনের জমি কেনার কাগজপত্র সব ঠিক আছে। কিন্তু ওই জমির পাশ দিয়ে রাস্তা হওয়ায় একটি পজিশন তৈরি হয়েছে। এখন জমি বিক্রেতার স্বজনেরা জমি বিক্রির বিষয়টি মানছেন না। এ নিয়ে একাধিকবার সালিস হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি।’
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মহির উদ্দিন। তিনি বলেন, ‘জামেনা খাতুন জমি কিনে সেখানে বসবাস করছেন, সবকিছু ঠিক আছে। তবে তার বাড়ির পাশে আমার চাচাতো ভাই জাহাঙ্গীরের জমি রয়েছে। জামেনার বাড়ির মোটরের পানি ওই জমিতে পড়ে। এ বিষয়ে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হন। আমার ভাতিজাকে মারধরের চেষ্টা করেন জামেনার ছেলে সবুজ। এ ঘটনা শুনতে আমরা সেদিন ওই বাড়িতে গিয়েছিলাম। তবে কারও ওপর হামলা বা কাউকে মারধর করা হয়নি।’
জমি বিক্রেতা মোক্তার মোল্লা বলেন, ‘আমি আমার অংশের জমি বিক্রি করেছি এবং তাদের বুঝিয়ে দিয়েছি। খাজনা-খারিজও তাদের নামে হয়েছে। সেখানে অনেক দিন ধরে তারা বসবাস করছেন। কিন্তু আমার আত্মীয়স্বজন তাদের সঙ্গে ঝামেলা করলেও আমি কিছু করতে পারছি না। তাদের নিষেধ করেও লাভ হয়নি। আমি অসহায়।’
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ভুক্তভোগীরা থানায় না এলে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। অভিযোগ পেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি দেখা হয়। থানায় এ নিয়ে কোনো বৈঠক হয়েছিল কি না, তা এই মুহূর্তে মনে করতে পারছি না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতের শুষ্ক আবহাওয়ার কারণে ত্বককে ভেতর থেকে কোমল এবং উজ্জ্বল রাখার জন্য বাদাম, আখরোট, হালিম বীজ, এলাচ এবং জাফরান দিয়ে তৈরি একটি পুষ্টিকর উষ্ণ পানীয়ের ব্যবহার করা যেতে পারে। শীতের হাওয়া শুরু হলে ত্বকে টান ধরতে দেখা যায়। আর্দ্রতা কমে যাওয়ার ফলে মুখের চামড়া রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে।
ত্বকের যত্নে শুধুমাত্র প্রসাধনী ব্যবহার করলেই হবে না, বরং শরীরের ভেতর থেকেও প্রয়োজন পুষ্টি ও পর্যাপ্ত পানি। তাই শীতকালে ত্বকের যত্নে এমন একটি বিশেষ পানীয় পান করা উচিত।
কাজুবাদাম, আখরোট, হালিম বীজ, এলাচ, জাফরান এবং দুধ দিয়ে সহজে এই পানীয়টি প্রস্তুত করা সম্ভব। তবে শুধুমাত্র এই পানীয় পান করলেই ত্বকের শুষ্কতা দূর হবে, এমনটি ভাবা ঠিক নয়। ত্বক ভালো রাখতে পর্যাপ্ত পানি পান করা, সুষম খাবার খাওয়া এবং নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি।
উপকরণ
প্রণালি
প্রথমে কাজুবাদাম, আখরোট এবং হালিম বীজকে ২-৩ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি ঝরিয়ে উপকরণগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে। এরপর একটি পাত্রে দুধ গরম করে তাতে এলাচ ও জাফরান মিশিয়ে নিতে হবে। এবার বাদাম ও বীজের মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়ে তুলে ফেলতে হবে। হালকা গরম অবস্থায় এটি পান করতে হবে। গরুর দুধ সহ্য না হলে আমন্ড বা ওটসের দুধ ব্যবহার করা যেতে পারে।
কাজুবাদাম এবং আখরোটে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও কোমলতা বজায় রাখতে সহায়তা করে। হালিম বীজে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান বিদ্যমান। অন্যদিকে, এলাচ ও কেশর পানীয়টির স্বাদ ও সুগন্ধ বৃদ্ধি করে। দুধ ও বাদামের এই মিশ্রণ শীতের দিনে শরীরকে আরাম দেওয়ার পাশাপাশি পুষ্টির জোগানও দিতে সক্ষম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যদি রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার যুক্তিগুলো অনুসরণ করে, তাহলে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গাজা গণহত্যা মামলায় ইসরাইল সম্ভবত হেরে যাবে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক এলিয়াভ লিবলিখ এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।
গত সপ্তাহে ৯-৬ ভোটে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই প্রথম রাষ্ট্রীয় গণহত্যার রায় ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় শক্তিশালী নজির হয়ে দাঁড়িয়েছে।
অধ্যাপক লিবলিখ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, "আদালতের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার আগে ইসরাইলের নিজেকেই দোষারোপ করা উচিত; কারণ নেতানিয়াহু সরকার নিজেই এই গর্ত খুঁড়েছে।" তাঁর মতে, মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের চেয়ে নেতানিয়াহু, বেন গভির ও স্মোট্রিচের বক্তব্যে গণহত্যার অভিপ্রায় প্রমাণ করা আরও সহজ।
মিয়ানমারের রায়ে আদালত জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতিতে মানুষকে উচ্ছেদ করা এবং ফিরতে বাধা দেওয়া গুরুতর মানসিক ক্ষতির শামিল, যা গণহত্যার সংজ্ঞায় পড়ে। এছাড়া একটি গোষ্ঠীকে কার্যকরভাবে টিকে থাকতে না দেওয়ার লক্ষ্যও গণহত্যার অভিপ্রায় হিসেবে গণ্য হয়। গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং ইসরাইলি নেতাদের বক্তব্য বিবেচনায় সংখ্যাগরিষ্ঠ বিচারকদের দৃষ্টিভঙ্গিতে ইসরাইলের হারার সম্ভাবনাই বেশি বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন, আওয়ামী লীগের পলাতক নেতাদের যে কোনো বক্তব্যের পরও শেখ হাসিনা আর ফিরবেন না। তিনি বলেন, “আওয়ামী লীগের পলাতক নেতারা যত যা-ই বলুক না কেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না। সীমান্ত দিয়েও ফিরবেন না, সমুদ্র পথেও ফিরবেন না, আকাশ পথেও ফিরবেন না।”
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনাসভায় এ মন্তব্য করেন রাশেদ খান। এই আলোচনা সভার আয়োজন করে আমরা বাংলাদেশি সংগঠন।
ভারত সরকারকে উদ্দেশ্য করে রাশেদ খান বলেন, “ভারতকে ও মোদি সরকারকে বলব- শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরবেন না।” তিনি আরও বলেন, “তাকে ভারতে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেওয়া হোক। আওয়ামী লীগকে ভারতে রাজনীতি করার বৈধতা দেওয়া হোক।”
রাশেদ খান অভিযোগ করেন, “অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান। এনআইডি কার্ড চান, পাসপোর্ট চান।”
তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে এবং সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বিরোধী দলকে বলেন, “আপনারা কথা-বার্তায় সতর্ক থাকবেন।”
রাশেদ খান বলেন, “সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়ে কী লাভ? বিএনপি নোট অব ডিসেন্টসহ যেসব বিষয়ে সম্মত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে। সুতরাং এ নিয়ে নতুনভাবে বিতর্কের কিছু নেই। আপনারা বিএনপিকে আঘাত করতে গিয়ে শর্ত দিতে গিয়ে ফ্যাসিবাদ কিন্তু বড় বড় কথা বলছে।”
গোপালগঞ্জে চুয়াত্তরের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা প্রকাশ করে রাশেদ খান বলেন, “সেখানে হাসিনাকে ফেরাতে নিজেরা নিজেরা এখন হানাহানিতে লিপ্ত। গোপালগঞ্জে স্কুল, পেট্রলপাম্প খুলছে না। অতএব গোপালগঞ্জের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে থাকবেন? নাকি দুর্ভিক্ষ ডেকে আনবেন?”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভিসা বাতিলের দাবি এবং সফর সংক্রান্ত বিতর্কের মধ্যে, পূর্বনির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন। তার দেশে ফেরার পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর, তবে মালয়েশিয়া সফর বাদ দিয়ে তিনি দেশে ফিরে আসছেন।
সূত্রের তথ্য অনুযায়ী, শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের দুটি সংগঠন। জামায়াতের রাজনৈতিক ইতিহাস, শফিকুর রহমানের অতীত বক্তব্য এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন তুলে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে তার ভিসা বাতিলের দাবি করা হয়েছে। একই সঙ্গে, আলবানিজ সরকারের কাছে জামায়াত আমিরকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন জামায়াত আমিরের সফরের বিরোধিতা করে ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে তার অতীত বক্তব্যের উল্লেখ করেছেন। তারা জামায়াতের মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বিদেশি রাজনৈতিক নেতাদের ভিসা প্রদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নীতির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার যৌক্তিকতা জানতে চেয়ে অতীতে ইসরায়েলের রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া ভিসাসংক্রান্ত পদক্ষেপের উদাহরণ তুলে ধরেছেন।
অস্ট্রেলিয়ার অভিবাসন এজেন্ট রেমন্ড সালোমনও জামায়াত আমিরকে ভিসা দেওয়ার সমালোচনা করেছেন। সোমবার (২৩ নভেম্বর) দেশটির সাময়িকী ‘কোয়াড্রান্ট’-এ প্রকাশিত ‘হাউ ডিড দিস ওয়ান এভার গেট আ ভিসা?’ শীর্ষক নিবন্ধে তিনি শফিকুর রহমানের অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জামায়াতের তৎকালীন রাজনৈতিক কর্মকাণ্ড এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসও তাঁর নিবন্ধে উল্লেখ করা হয়েছে।
এদিকে, জামায়াত আমিরের সফর নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সিডনির বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি। তাদের আশঙ্কা, বাংলাদেশের রাজনৈতিক বিভাজন প্রবাসে ছড়িয়ে পড়লে এখানকার বাংলাদেশিদের দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
সিডনির বাংলাদেশি কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব ও বিবিয়ানা প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী শিপন আহমদ বলেন, "একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতের রাজনৈতিক ভূমিকা আমরা ভুলে যাইনি। পাকিস্তানি বাহিনীর সহযোগীদের কর্মকাণ্ডের ইতিহাস প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।" তিনি আরও বলেন, "অতীতের সেই ইতিহাসের দায় স্বীকার না করে জামায়াতের নেতৃত্ব বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দাবি করলে তা নিয়ে প্রশ্ন উঠবেই।" তাঁর মতে, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ জামায়াতের রাজনীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়া বিএনপির নেতা শাহিনুর রহমান ও প্রবাসী আবিদুর রহমান জানান, "বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে জামায়াত-শিবিরের রাজনীতি নিয়ে আমাদের আপত্তি রয়েছে।" তারা বলেন, "বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক শক্তির বর্তমান নেতৃত্বকে অতীতের কর্মকাণ্ডের জবাব দিতে হবে।" তারা আশঙ্কা প্রকাশ করেন, "এসব প্রশ্নের উত্তর না দিয়ে প্রবাসে জামায়াতের পক্ষে জনমত গঠনের চেষ্টা বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।" শফিকুর রহমানের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগের বিষয়েও তারা জবাব দাবি করেন।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি জানান, অস্ট্রেলিয়ায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তারা চান না, "বাংলাদেশের রাজনৈতিক বিরোধ কিংবা ধর্মীয় বিদ্বেষের কারণে প্রবাসের এই পরিবেশ নষ্ট হোক।"
তাদের ভাষ্য, "অস্ট্রেলিয়ায় বাংলাদেশিরা নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে দেশের পরিচিতি তুলে ধরছেন।" জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে দেশটির জাতীয় সংবাদমাধ্যমে উগ্রবাদ ও ধর্মীয় বিদ্বেষের অভিযোগ নিয়ে আলোচনা হচ্ছে। তারা মনে করেন, "একটি রাজনৈতিক দলের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।"
গত শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়া সফরে সিডনিতে পৌঁছান জামায়াত আমির। শনিবার (২১ নভেম্বর) সিডনির চুলোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন। একই দিনে সিডনির গ্যালিপলি হোম এজড কেয়ারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
রবিবার (২২ নভেম্বর) পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক আলোচনাসভায় বক্তব্য দেন শফিকুর রহমান। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।
অস্ট্রেলিয়ার জাতীয় দৈনিক ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, জামায়াত আমিরের ভিসা অনুমোদনের আগে কী ধরনের যাচাই করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি অস্ট্রেলিয়া সরকার। তবে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য, চারিত্রিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ