ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
মিডলইস্ট আইয়ের প্রতিবেদন

গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল: অধ্যাপক এলিয়াভ লিবলিখের সতর্কবার্তা


গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল: অধ্যাপক এলিয়াভ লিবলিখের সতর্কবার্তা

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যদি রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার যুক্তিগুলো অনুসরণ করে, তাহলে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গাজা গণহত্যা মামলায় ইসরাইল সম্ভবত হেরে যাবে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক এলিয়াভ লিবলিখ এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।

গত সপ্তাহে ৯-৬ ভোটে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই প্রথম রাষ্ট্রীয় গণহত্যার রায় ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় শক্তিশালী নজির হয়ে দাঁড়িয়েছে।

অধ্যাপক লিবলিখ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, "আদালতের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার আগে ইসরাইলের নিজেকেই দোষারোপ করা উচিত; কারণ নেতানিয়াহু সরকার নিজেই এই গর্ত খুঁড়েছে।" তাঁর মতে, মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের চেয়ে নেতানিয়াহু, বেন গভির ও স্মোট্রিচের বক্তব্যে গণহত্যার অভিপ্রায় প্রমাণ করা আরও সহজ।

আরও পড়ুন: ভারতে স্বর্ণের দাম কমেই চলেছে, কীসের প্রভাব?

মিয়ানমারের রায়ে আদালত জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতিতে মানুষকে উচ্ছেদ করা এবং ফিরতে বাধা দেওয়া গুরুতর মানসিক ক্ষতির শামিল, যা গণহত্যার সংজ্ঞায় পড়ে। এছাড়া একটি গোষ্ঠীকে কার্যকরভাবে টিকে থাকতে না দেওয়ার লক্ষ্যও গণহত্যার অভিপ্রায় হিসেবে গণ্য হয়। গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং ইসরাইলি নেতাদের বক্তব্য বিবেচনায় সংখ্যাগরিষ্ঠ বিচারকদের দৃষ্টিভঙ্গিতে ইসরাইলের হারার সম্ভাবনাই বেশি বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা আর ফিরবেন না, কোনো পথেই না: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


শেখ হাসিনা আর ফিরবেন না, কোনো পথেই না: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন, আওয়ামী লীগের পলাতক নেতাদের যে কোনো বক্তব্যের পরও শেখ হাসিনা আর ফিরবেন না। তিনি বলেন, “আওয়ামী লীগের পলাতক নেতারা যত যা-ই বলুক না কেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না। সীমান্ত দিয়েও ফিরবেন না, সমুদ্র পথেও ফিরবেন না, আকাশ পথেও ফিরবেন না।”

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনাসভায় এ মন্তব্য করেন রাশেদ খান। এই আলোচনা সভার আয়োজন করে আমরা বাংলাদেশি সংগঠন।

ভারত সরকারকে উদ্দেশ্য করে রাশেদ খান বলেন, “ভারতকে ও মোদি সরকারকে বলব- শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরবেন না।” তিনি আরও বলেন, “তাকে ভারতে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেওয়া হোক। আওয়ামী লীগকে ভারতে রাজনীতি করার বৈধতা দেওয়া হোক।”

রাশেদ খান অভিযোগ করেন, “অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান। এনআইডি কার্ড চান, পাসপোর্ট চান।”

তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে এবং সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বিরোধী দলকে বলেন, “আপনারা কথা-বার্তায় সতর্ক থাকবেন।”

রাশেদ খান বলেন, “সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়ে কী লাভ? বিএনপি নোট অব ডিসেন্টসহ যেসব বিষয়ে সম্মত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে। সুতরাং এ নিয়ে নতুনভাবে বিতর্কের কিছু নেই। আপনারা বিএনপিকে আঘাত করতে গিয়ে শর্ত দিতে গিয়ে ফ্যাসিবাদ কিন্তু বড় বড় কথা বলছে।”

গোপালগঞ্জে চুয়াত্তরের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা প্রকাশ করে রাশেদ খান বলেন, “সেখানে হাসিনাকে ফেরাতে নিজেরা নিজেরা এখন হানাহানিতে লিপ্ত। গোপালগঞ্জে স্কুল, পেট্রলপাম্প খুলছে না। অতএব গোপালগঞ্জের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে থাকবেন? নাকি দুর্ভিক্ষ ডেকে আনবেন?”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা বাতিলের শঙ্কায় অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


ভিসা বাতিলের শঙ্কায় অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন জামায়াত আমির

ভিসা বাতিলের দাবি এবং সফর সংক্রান্ত বিতর্কের মধ্যে, পূর্বনির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন। তার দেশে ফেরার পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর, তবে মালয়েশিয়া সফর বাদ দিয়ে তিনি দেশে ফিরে আসছেন।

সূত্রের তথ্য অনুযায়ী, শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের দুটি সংগঠন। জামায়াতের রাজনৈতিক ইতিহাস, শফিকুর রহমানের অতীত বক্তব্য এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন তুলে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে তার ভিসা বাতিলের দাবি করা হয়েছে। একই সঙ্গে, আলবানিজ সরকারের কাছে জামায়াত আমিরকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন জামায়াত আমিরের সফরের বিরোধিতা করে ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে তার অতীত বক্তব্যের উল্লেখ করেছেন। তারা জামায়াতের মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বিদেশি রাজনৈতিক নেতাদের ভিসা প্রদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নীতির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার যৌক্তিকতা জানতে চেয়ে অতীতে ইসরায়েলের রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া ভিসাসংক্রান্ত পদক্ষেপের উদাহরণ তুলে ধরেছেন।

অস্ট্রেলিয়ার অভিবাসন এজেন্ট রেমন্ড সালোমনও জামায়াত আমিরকে ভিসা দেওয়ার সমালোচনা করেছেন। সোমবার (২৩ নভেম্বর) দেশটির সাময়িকী ‘কোয়াড্রান্ট’-এ প্রকাশিত ‘হাউ ডিড দিস ওয়ান এভার গেট আ ভিসা?’ শীর্ষক নিবন্ধে তিনি শফিকুর রহমানের অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জামায়াতের তৎকালীন রাজনৈতিক কর্মকাণ্ড এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসও তাঁর নিবন্ধে উল্লেখ করা হয়েছে।

এদিকে, জামায়াত আমিরের সফর নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সিডনির বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি। তাদের আশঙ্কা, বাংলাদেশের রাজনৈতিক বিভাজন প্রবাসে ছড়িয়ে পড়লে এখানকার বাংলাদেশিদের দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সিডনির বাংলাদেশি কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব ও বিবিয়ানা প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী শিপন আহমদ বলেন, "একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতের রাজনৈতিক ভূমিকা আমরা ভুলে যাইনি। পাকিস্তানি বাহিনীর সহযোগীদের কর্মকাণ্ডের ইতিহাস প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।" তিনি আরও বলেন, "অতীতের সেই ইতিহাসের দায় স্বীকার না করে জামায়াতের নেতৃত্ব বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দাবি করলে তা নিয়ে প্রশ্ন উঠবেই।" তাঁর মতে, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ জামায়াতের রাজনীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে।

অস্ট্রেলিয়া বিএনপির নেতা শাহিনুর রহমান ও প্রবাসী আবিদুর রহমান জানান, "বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে জামায়াত-শিবিরের রাজনীতি নিয়ে আমাদের আপত্তি রয়েছে।" তারা বলেন, "বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক শক্তির বর্তমান নেতৃত্বকে অতীতের কর্মকাণ্ডের জবাব দিতে হবে।" তারা আশঙ্কা প্রকাশ করেন, "এসব প্রশ্নের উত্তর না দিয়ে প্রবাসে জামায়াতের পক্ষে জনমত গঠনের চেষ্টা বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।" শফিকুর রহমানের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগের বিষয়েও তারা জবাব দাবি করেন।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি জানান, অস্ট্রেলিয়ায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তারা চান না, "বাংলাদেশের রাজনৈতিক বিরোধ কিংবা ধর্মীয় বিদ্বেষের কারণে প্রবাসের এই পরিবেশ নষ্ট হোক।"

তাদের ভাষ্য, "অস্ট্রেলিয়ায় বাংলাদেশিরা নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে দেশের পরিচিতি তুলে ধরছেন।" জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে দেশটির জাতীয় সংবাদমাধ্যমে উগ্রবাদ ও ধর্মীয় বিদ্বেষের অভিযোগ নিয়ে আলোচনা হচ্ছে। তারা মনে করেন, "একটি রাজনৈতিক দলের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।"

গত শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়া সফরে সিডনিতে পৌঁছান জামায়াত আমির। শনিবার (২১ নভেম্বর) সিডনির চুলোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন। একই দিনে সিডনির গ্যালিপলি হোম এজড কেয়ারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

রবিবার (২২ নভেম্বর) পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক আলোচনাসভায় বক্তব্য দেন শফিকুর রহমান। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

অস্ট্রেলিয়ার জাতীয় দৈনিক ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, জামায়াত আমিরের ভিসা অনুমোদনের আগে কী ধরনের যাচাই করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি অস্ট্রেলিয়া সরকার। তবে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য, চারিত্রিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুশ্রম বন্ধে সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরলেন মাহ্দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


শিশুশ্রম বন্ধে সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরলেন মাহ্দী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন, সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব। তিনি উল্লেখ করেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের নয় মাস পূর্ণ করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং অন্যান্য বৈশ্বিক অস্থিতিশীলতার জটিল পরিস্থিতির মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবে, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকারের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের প্রতি সর্বোচ্চ জবাবদিহিতা ও দায়বদ্ধতা।

সরকার নির্বাচনি ইশতেহারকে মূল ভিত্তি হিসেবে ধরে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। শিশুশ্রম নিরসন এবং শ্রমিকদের অধিকারের বিষয়গুলো ইশতেহারের সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়ায়, নানা সীমাবদ্ধতার মাঝে এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহ্দী আমিন এসব কথা বলেন।

‘ইনসেপশন অব দ্য প্রজেক্ট: রিডাকশন অব চাইল্ড লেবার ইন দ্য ইনফরমাল রেডি-মেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর অ্যাট কেরানীগঞ্জ উপজেলা অব ঢাকা ডিস্ট্রিক্ট, থ্রো আ হোলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

শিশুশ্রম নিরসনে প্রণীত পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে। মাহ্দী আমিন জানান, সবাইকে সঙ্গে নিয়ে টেকসই ও বাস্তবসম্মত উপায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করা হবে। তবে, কেবল শ্রমঘন এলাকাগুলোতে বিচ্ছিন্নভাবে কাজ করে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। তিনি বলেন, এর সঙ্গে শিক্ষা ব্যবস্থা সরাসরি যুক্ত। কোনো পরিবার যেন শিশুশ্রমে উৎসাহিত না হয়, সেজন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে ঢেলে সাজানো হচ্ছে।

প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই মিড-ডে মিল, স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের এক কোটিরও বেশি শিক্ষার্থীর কাছে এই সুবিধাগুলো পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মাহ্দী আমিন জানান, সারা দেশে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্নাতক ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার ঘোষণা এসেছে এবং এর কাজও শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। এবার সেটিকে স্নাতক পর্যায় পর্যন্ত উন্নীত করা হচ্ছে।

এ ছাড়া অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালাও রয়েছে, যা আগামী অর্থবছর থেকেই প্রতিফলিত হতে শুরু করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়নের চেয়েও এমন বিনিয়োগ করতে হবে যার সুফল সরাসরি শিক্ষার্থীদের হাতে পৌঁছায়।

নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা খাতে বাজেট পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার কাজ চলছে। তিনি বলেন, পরিবারগুলো যখন দেখবে সন্তানকে স্কুলে পাঠালে অর্থনৈতিক সহায়তা পাওয়া যাচ্ছে এবং শিক্ষা কোনো বোঝা হয়ে দাঁড়াচ্ছে না, তখন তারা স্বাভাবিকভাবেই সন্তানদের কলকারখানায় না পাঠিয়ে স্কুলে পাঠাবে।

শ্রেণিকক্ষে থাকার বয়সি শিক্ষার্থীরা যেন কারখানায় চলে না যায়, সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানমুখী একটি ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম নিরসনেও বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন।

পড়াশোনা শেষে বেকারত্বের শঙ্কা দূর করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করা হচ্ছে, যাতে শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনের সংযোগ স্থাপিত হয়।

শিশুশ্রমের পেছনে পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাব একটি বড় কারণ হিসেবে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, বাবা-মায়ের ক্ষমতায়ন নিশ্চিত করতে সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কলকারখানার প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের রূপকল্প অনুযায়ী সার্বজনীন ‘ফ্যামিলি কার্ড’ প্রচলন শুরু হয়েছে। হতদরিদ্র থেকে প্রান্তিক পর্যায়ের মায়েদের হাতে এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পৌঁছালে তাঁরা সেই অর্থ সন্তানদের পড়াশোনায় ব্যয় করতে পারবেন এবং অভাবের তাড়নায় সন্তানদের কাজে পাঠাবেন না।

শিশুশ্রম নিরসনে কেবল ফরমাল অর্থনীতির দিকে তাকালে চলবে না। মাহ্দী আমিন বলেন, ইনফরমাল খাতেও যে বিপুল সংখ্যক শিশু কাজ করছে, তাদের কথা বিবেচনায় রেখে একটি সমন্বিত বা হলিস্টিক নীতিমালা গ্রহণ করতে হবে। তিনি মন্তব্য করেন, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে জাতীয় এই সমস্যাটিকে যথাযথ গুরুত্ব দিয়ে সমাধান করা হয়নি। তিনি জানান, একটি জবাবদিহিমূলক সরকার হিসেবে প্রধানমন্ত্রীর এখানে গভীর দায়বদ্ধতা রয়েছে।

মাহ্দী আমিন বলেন, সন্তানেরা শিল্পকারখানায় নয়, বরং শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হোক। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ জনশক্তি বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই তারুণ্যের সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটানোর জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ও ইকোসিস্টেম তৈরি করেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

শিশুশ্রম নিরসনের বহুমাত্রিকতা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, মহিলা ও শিশুবিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সরাসরি সমন্বয়ের পাশাপাশি শিক্ষা, আইন, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ও এ বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কারণ, এর সঙ্গে পরিবারের অর্থনৈতিক সক্ষমতা জড়িত।

তিনি বলেন, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে শিশুশ্রম নির্মূল সম্ভব নয়। এ জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে সরকারের এই লক্ষ্য বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) লেবার অ্যান্ড ওয়ার্কপ্লেস রিলেশনস অ্যাডভাইজার মাহফুজুর রহমান ভূঁইয়া, সোশ্যালিস্ট লেবার ফ্রন্টের (এসএলএফ) সভাপতি রাজেকুজ্জামান রতন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় মেনিনজাইটিসের প্রকোপ, মহামারির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


গাজায় মেনিনজাইটিসের প্রকোপ, মহামারির সতর্কতা জারি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী মেনিনজাইটিসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উপত্যকার সব প্রশাসনিক এলাকায় ‘মহামারি সতর্কতা’ জারি করেছে। সংস্থাটির উদ্বেগ, রোগটির বিস্তার কয়েক লাখ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে, বিশেষ করে শিশুদের জন্য।

মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও মেরুদণ্ডের সুরক্ষাকারী পর্দা বা ঝিল্লির (মেনিনজেস) প্রদাহজনিত একটি গুরুতর ও জরুরি চিকিৎসা, যা ব্যাকটেরিয়াল হলে দ্রুত প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

গাজার জনস্বাস্থ্য বিভাগের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগের উপমহাপরিচালক চিকিৎসক নিদাল ঘুনাইম গত অক্টোবর মাসে জানিয়েছেন, ওই মাসে মেনিনজাইটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭২-এ দাঁড়িয়েছে। সাধারণত, এ রোগে প্রতি মাসে ৩০ থেকে ৫০ জন আক্রান্ত হন। অর্থাৎ, স্বাভাবিক গড়ের তুলনায় আক্রান্তের সংখ্যা আট গুণেরও বেশি বেড়েছে।

ঘুনাইম আরও জানান, চলতি বছরের শুরু থেকে গাজায় মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাম্প্রতিক প্রকোপের সময় অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসেই মারা গেছেন পাঁচজন।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতি জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা সক্রিয় করার আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, অবকাঠামো ধ্বংস, আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত মানুষের বসবাস, পানীয় জলের সঙ্গে পয়োনিষ্কাশনের পানি মিশে যাওয়া এবং বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এসব পরিস্থিতির অনিবার্য পরিণতি হিসেবেই মেনিনজাইটিসের প্রকোপ দেখা দিয়েছে।

রোগটির বিস্তারের জন্য ইসরায়েলি দখলদার বাহিনীকে সরাসরি দায়ী করেছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় যন্ত্রাংশ, জীবাণুনাশক উপকরণ এবং জ্বালানি প্রবেশে বাধা দেওয়ায় এ মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে।

মন্ত্রণালয় আরো বলছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও জরুরি সহায়তা নিশ্চিত করা না গেলে গাজায় রোগটির বিস্তার আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ আশ্রয়কেন্দ্রগুলোতে বসবাসকারী শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জীবন নিয়ে উদ্বেগ বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%