প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী মেনিনজাইটিসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উপত্যকার সব প্রশাসনিক এলাকায় ‘মহামারি সতর্কতা’ জারি করেছে। সংস্থাটির উদ্বেগ, রোগটির বিস্তার কয়েক লাখ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে, বিশেষ করে শিশুদের জন্য।
মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও মেরুদণ্ডের সুরক্ষাকারী পর্দা বা ঝিল্লির (মেনিনজেস) প্রদাহজনিত একটি গুরুতর ও জরুরি চিকিৎসা, যা ব্যাকটেরিয়াল হলে দ্রুত প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
গাজার জনস্বাস্থ্য বিভাগের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগের উপমহাপরিচালক চিকিৎসক নিদাল ঘুনাইম গত অক্টোবর মাসে জানিয়েছেন, ওই মাসে মেনিনজাইটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭২-এ দাঁড়িয়েছে। সাধারণত, এ রোগে প্রতি মাসে ৩০ থেকে ৫০ জন আক্রান্ত হন। অর্থাৎ, স্বাভাবিক গড়ের তুলনায় আক্রান্তের সংখ্যা আট গুণেরও বেশি বেড়েছে।
ঘুনাইম আরও জানান, চলতি বছরের শুরু থেকে গাজায় মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাম্প্রতিক প্রকোপের সময় অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসেই মারা গেছেন পাঁচজন।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতি জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা সক্রিয় করার আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, অবকাঠামো ধ্বংস, আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত মানুষের বসবাস, পানীয় জলের সঙ্গে পয়োনিষ্কাশনের পানি মিশে যাওয়া এবং বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এসব পরিস্থিতির অনিবার্য পরিণতি হিসেবেই মেনিনজাইটিসের প্রকোপ দেখা দিয়েছে।
রোগটির বিস্তারের জন্য ইসরায়েলি দখলদার বাহিনীকে সরাসরি দায়ী করেছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় যন্ত্রাংশ, জীবাণুনাশক উপকরণ এবং জ্বালানি প্রবেশে বাধা দেওয়ায় এ মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে।
মন্ত্রণালয় আরো বলছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও জরুরি সহায়তা নিশ্চিত করা না গেলে গাজায় রোগটির বিস্তার আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ আশ্রয়কেন্দ্রগুলোতে বসবাসকারী শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জীবন নিয়ে উদ্বেগ বাড়ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন