মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৯ পি.এম
বইয়ের পাতায় ছোট্ট শিক্ষার্থীদের স্বপ্ন বড় হোক, জ্ঞানের আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম। "আবারও প্রমাণিত হোক মাদক-নেশা, অপসংস্কৃতি, মোবাইল স্ক্রিন আসক্তির চেয়ে জ্ঞান চর্চা অধিক শক্তিশালী" এই প্রত্যয় নিয়ে আজ নারায়ণগঞ্জ সদরের কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’-এর শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির নতুন প্রজন্মের হাত ধরেই সমৃদ্ধ জাতি গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, তিনি মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতা, শিশুদের চরিত্র গঠনে শিক্ষক, পরিবার ও সমাজের ভূমিকা তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী মতবিনিময় আয়োজন করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য প্রকাশ করেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান ইসির সচিব। তিনি উল্লেখ করেন, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের পাশাপাশি নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময়ও হবে।
নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী— প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোডম্যাপ অনুসারে— প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিনা খরচে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। ওই দিন সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে প্রথম ফ্লাইটটি উড়াল দেবে।
এই ফ্লাইটের মাধ্যমে আড়াই বছর পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি আবার শুরু হচ্ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এক সরকারি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে বিনা খরচে কাজ করতে যাচ্ছেন। তাদের যাতায়াত ও অন্যান্য খরচ নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাত্রার সময়সূচি এখনও জানা যায়নি।
সরকারের ঘোষণার ভিত্তিতে, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর আগে লটারির মাধ্যমে এই কর্মীদের বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পাওয়ার জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এর মধ্যে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হয়।
কিন্তু নির্বাচিত ওই ৩০০ জনের মধ্যে কিছু কর্মী সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায়, আগে নির্বাচিতদের বাদ দিয়ে অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে নতুন ৫০ জন কর্মীকে সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
সাক্ষাৎকারের পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতে স্বর্ণের দাম কমতে শুরু করেছে। স্পেনের বার্সেলোনাভিত্তিক আর্থিক সংবাদ সংস্থা এফএক্সস্ট্রিট-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। মূলত, বিশ্ববাজারে স্বর্ণের দামের একমুখী ঊর্ধ্বগতির অবসান ঘটার প্রভাব এখন ভারতেও দেখা যাচ্ছে।
গত এক বছরে স্বর্ণের বাজারের অস্থিরতায় বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েছেন। ২০২৫ সালে ৫৩ বার নতুন রেকর্ড গড়ার পর, চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছায়। তখন এ মূল্যবান ধাতুর দাম ছিল ৫ হাজার ৫৮৯.৩৮ ডলার। কিন্তু এর পরপরই শুরু হয় বড় ধরনের পতন। বুধবার ২০২৫ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো স্বর্ণের দাম ৩,৮০০ ডলারের নিচে নেমে আসে, যা সর্বোচ্চ দামের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম।
মর্নিংস্টারের মার্কিন অর্থনীতিবিদ প্রেস্টন ক্যাল্ডওয়েল উল্লেখ করেছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) এবার সুদের হার না বাড়ালেও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম এখনও শেষ হয়নি। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছর পর্যন্ত ফেড আরও তিন দফায় মোট ০.৭৫ শতাংশ সুদের হার বাড়াতে পারে।
টি. রো প্রাইসের কমোডিটি প্রধান রিক ডি লস রেয়েস মনে করেন, উচ্চ সুদের হারই স্বর্ণের দরপতনের প্রধান কারণ। তার মতে, স্বর্ণ মূলত প্রচলিত মুদ্রার বিপরীত আচরণ করে। যখন প্রকৃত সুদের হার বাড়ে, তখন স্বর্ণের তুলনায় ডলারের মান বেশি শক্তিশালী হয়ে ওঠে।
স্বর্ণ সম্পদের মূল্য ধরে রাখলেও এর বিপরীতে কোনো সুদ পাওয়া যায় না। এই কারণে অনেক বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করে দেন। এর ফলে বাজারে স্বর্ণের দাম কমতে থাকে। তাই যুক্তরাষ্ট্র-ভারতসহ বিভিন্ন দেশে এ ধাতুর দাম কমতে থাকে। মঙ্গলবার ভারতে স্বর্ণের দাম কমেছে বলে এফএক্সস্ট্রিট-এর সংকলিত তথ্যে উঠে এসেছে। দেশটিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১০,৮৩৬.৬৭ ভারতীয় রুপি (আইএনআর), যা সোমবারের ১০,৮৫৯.২২ রুপি থেকে কম। অন্যদিকে প্রতি তোলা স্বর্ণের দাম আগের দিনের ১২৬,৬৫৯.৯০ রুপি থেকে কমে ১২৬,৩৯৫.৮০ রুপিতে নেমেছে।
ভারতে বিয়ের মৌসুম চলমান থাকায় দাম কমার সুযোগে গহনার দোকানগুলোতে সাধারণ ক্রেতাদের ভিড় বেড়েছে। তবে ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছেন।
অপরদিকে অতীতের বাজার বিশ্লেষণ অনুযায়ী, স্বর্ণের দামে ৩০ শতাংশের বেশি বড় পতন হলে তা আগের সর্বোচ্চ চূড়ায় ফিরতে সাধারণত কয়েক বছর সময় নেয়। তাই বিশ্লেষকরা স্বল্পমেয়াদি মুনাফার বদলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জার্মান ফুটবল তারকা থমাস মুলার মনে করেন, মেজর লিগ সকারের (এমএলএস) খেলার ধরনে কিছুটা শিথিলতা বিদ্যমান। তার মতে, লিগটিতে প্রমোশন ও রেলিগেশন ব্যবস্থা না থাকার কারণে খেলোয়াড়দের মধ্যে চাপ ও তাড়নার অভাব দেখা দেয়। এই পরিস্থিতি মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলে।
ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ফরোয়ার্ড হিসেবে এমএলএসের খেলার ধরন ইউরোপের শীর্ষ লিগগুলোর সঙ্গে তুলনা করতে গিয়ে মুলার এই মন্তব্য করেন। তিনি বায়ার্ন মিউনিখে ১৭ বছরের অধ্যায় শেষে ২০২৫ সালের আগস্টে কানাডার ক্লাবে যোগ দেন। সম্প্রতি, তিনি আগামী বছর পর্যন্ত ভ্যাঙ্কুভারের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন।
কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মুলার বলেন, এমএলএস ও ইউরোপের ফুটবলের কাঠামোগত পার্থক্যের কারণে সরাসরি তুলনা করা কঠিন। বিশেষ করে রেলিগেশন না থাকার কারণে এমএলএসে দলগুলোর ওপর চাপ তুলনামূলকভাবে কম।
তিনি ব্যাখ্যা করেন, ইউরোপের লিগগুলোতে অবনমনের শঙ্কায় থাকা দলগুলোকে প্রতিটি ম্যাচে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করতে হয়। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের পারফরম্যান্স ও মানসিকতায় পরিবর্তন আসে। কারণ, অবনমিত হলে পরবর্তী মৌসুমে অনেক খেলোয়াড়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। বিপরীতে, এমএলএসে সেই চাপ না থাকায় খেলোয়াড়দের মধ্যে পুরো ৯০ মিনিট সমান মনোযোগ ধরে রাখার তাগিদ কিছুটা কম দেখা যায়।
এ প্রসঙ্গে মুলার বলেন, ইউরোপের নিচের সারির দলগুলোর বিপক্ষে খেলতে গেলে তাদের কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয়। কিন্তু এমএলএসে কখনো কখনো খেলার ধরন বেশ ঢিলেঢালা মনে হয়। তিনি ফরাসি ভাষার ‘লেসে ফেয়ার’ ধারণার সঙ্গে এর মিল রয়েছে বলেও মন্তব্য করেন।
তবে এমএলএসের ইতিবাচক দিকও তুলে ধরেছেন মুলার। তার মতে, ম্যাচ যখন আক্রমণাত্মক ও উন্মুক্ত হয়ে ওঠে, তখন বেশ উপভোগ্য ফুটবল দেখা যায়। খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য ও অসাধারণ কিছু মুহূর্তও এই লিগের অন্যতম আকর্ষণ।
তবে ধারাবাহিকতার অভাবকে বড় সমস্যা হিসেবে দেখছেন জার্মানির সাবেক এই তারকা। তার মতে, একজন খেলোয়াড়ের ভালো ও খারাপ পারফরম্যান্সের মধ্যে ব্যবধান অনেক বেশি। বিষয়টি বোঝাতে গলফের উদাহরণ টেনে তিনি বলেন, মাঝারি মানের একজন গলফারও কখনো এমন শট খেলতে পারেন, যা পেশাদার খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে পাল্লা দিতে পারে। ফুটবলেও এমএলএসে এমন ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক দেখা যায়। যেমন ফ্রি-কিক থেকে অসাধারণভাবে বল জালে পাঠানো।
মুলারের চোখে, এমএলএসে ব্যক্তিগত দক্ষতা ও আক্রমণাত্মক ফুটবলের অভাব নেই। তবে ইউরোপের শীর্ষ লিগগুলোর মতো প্রতিদ্বন্দ্বিতার চাপ এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা এখনো এই লিগে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ