প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মান ফুটবল তারকা থমাস মুলার মনে করেন, মেজর লিগ সকারের (এমএলএস) খেলার ধরনে কিছুটা শিথিলতা বিদ্যমান। তার মতে, লিগটিতে প্রমোশন ও রেলিগেশন ব্যবস্থা না থাকার কারণে খেলোয়াড়দের মধ্যে চাপ ও তাড়নার অভাব দেখা দেয়। এই পরিস্থিতি মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলে।
ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ফরোয়ার্ড হিসেবে এমএলএসের খেলার ধরন ইউরোপের শীর্ষ লিগগুলোর সঙ্গে তুলনা করতে গিয়ে মুলার এই মন্তব্য করেন। তিনি বায়ার্ন মিউনিখে ১৭ বছরের অধ্যায় শেষে ২০২৫ সালের আগস্টে কানাডার ক্লাবে যোগ দেন। সম্প্রতি, তিনি আগামী বছর পর্যন্ত ভ্যাঙ্কুভারের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন।
কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মুলার বলেন, এমএলএস ও ইউরোপের ফুটবলের কাঠামোগত পার্থক্যের কারণে সরাসরি তুলনা করা কঠিন। বিশেষ করে রেলিগেশন না থাকার কারণে এমএলএসে দলগুলোর ওপর চাপ তুলনামূলকভাবে কম।
তিনি ব্যাখ্যা করেন, ইউরোপের লিগগুলোতে অবনমনের শঙ্কায় থাকা দলগুলোকে প্রতিটি ম্যাচে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করতে হয়। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের পারফরম্যান্স ও মানসিকতায় পরিবর্তন আসে। কারণ, অবনমিত হলে পরবর্তী মৌসুমে অনেক খেলোয়াড়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। বিপরীতে, এমএলএসে সেই চাপ না থাকায় খেলোয়াড়দের মধ্যে পুরো ৯০ মিনিট সমান মনোযোগ ধরে রাখার তাগিদ কিছুটা কম দেখা যায়।
এ প্রসঙ্গে মুলার বলেন, ইউরোপের নিচের সারির দলগুলোর বিপক্ষে খেলতে গেলে তাদের কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয়। কিন্তু এমএলএসে কখনো কখনো খেলার ধরন বেশ ঢিলেঢালা মনে হয়। তিনি ফরাসি ভাষার ‘লেসে ফেয়ার’ ধারণার সঙ্গে এর মিল রয়েছে বলেও মন্তব্য করেন।
তবে এমএলএসের ইতিবাচক দিকও তুলে ধরেছেন মুলার। তার মতে, ম্যাচ যখন আক্রমণাত্মক ও উন্মুক্ত হয়ে ওঠে, তখন বেশ উপভোগ্য ফুটবল দেখা যায়। খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য ও অসাধারণ কিছু মুহূর্তও এই লিগের অন্যতম আকর্ষণ।
তবে ধারাবাহিকতার অভাবকে বড় সমস্যা হিসেবে দেখছেন জার্মানির সাবেক এই তারকা। তার মতে, একজন খেলোয়াড়ের ভালো ও খারাপ পারফরম্যান্সের মধ্যে ব্যবধান অনেক বেশি। বিষয়টি বোঝাতে গলফের উদাহরণ টেনে তিনি বলেন, মাঝারি মানের একজন গলফারও কখনো এমন শট খেলতে পারেন, যা পেশাদার খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে পাল্লা দিতে পারে। ফুটবলেও এমএলএসে এমন ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক দেখা যায়। যেমন ফ্রি-কিক থেকে অসাধারণভাবে বল জালে পাঠানো।
মুলারের চোখে, এমএলএসে ব্যক্তিগত দক্ষতা ও আক্রমণাত্মক ফুটবলের অভাব নেই। তবে ইউরোপের শীর্ষ লিগগুলোর মতো প্রতিদ্বন্দ্বিতার চাপ এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা এখনো এই লিগে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন