ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

শ্রমিক নেতা বাবুল আখতারের উসকানি উপেক্ষা করে কাজে ফেরার আহ্বান


শ্রমিক নেতা বাবুল আখতারের উসকানি উপেক্ষা করে কাজে ফেরার আহ্বান

নূন্যতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার বহিরাগতদের উসকানি উপেক্ষা করে তৈরি পোশাক খাতের শ্রমিকদের অবিলম্বে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এই আহ্বান জানান।

মজুরি বোর্ড নিয়ে বাবুল আক্তার উল্লেখ করেন, নতুনভাবে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভায় শ্রমিকদের প্রধান দাবিগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। আলোচনা শেষে চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে ন্যূনতম মজুরি কত টাকা হবে।

আরও পড়ুন: তাহসিফ হত্যা মামলায় দিশা রিমান্ড শেষে কারাগারে

তিনি সতর্ক করে বলেন, যদি শ্রমিকেরা উসকানিতে কান দেন এবং কাজে ফিরে না আসেন, তাহলে ভবিষ্যতে বিপদের সময় তারা শ্রমিক ফেডারেশনের সাহায্য পাবেন না।

বহিরাগতদের উপদ্রবের বিষয়টি উল্লেখ করে এই শ্রমিক নেতা বলেন, বহিরাগতদের কারণে মালিকপক্ষ বিভিন্ন কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কাজ করতে ইচ্ছুক সাধারণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

একই সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পরও যারা সড়ক-মহাসড়কে অস্থিরতা সৃষ্টি করছে, তারা কখনোই শ্রমিকদের বন্ধু হতে পারে না। বর্তমানে রাস্তায় যারা আন্দোলন করছেন, তাদের পোশাক শ্রমিকদের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং শ্রমিকের স্বার্থ সংশ্লিষ্ট কোনো আন্দোলনও বর্তমানে চলছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলনের সময় যেসব সহিংসতার ঘটনা ঘটেছে এবং যারা গ্রেফতার বা আহত হয়েছেন, তাদের বিষয়ে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল শ্রমিকের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভায় বিশ্ব ইসলামী মহাসম্মেলন ও উরস শরিফের তারিখ ঘোষণা

এর আগে সকালে তৈরি পোশাক খাতের মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আলাদা বৈঠক করেন। তিনি সাংবাদিকদের জানান, নতুন মজুরি নির্ধারণের জন্য গত রোববার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং খুব শীঘ্রই এর প্রথম সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সহানুভূতির সঙ্গে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে বাস্তবতার নিরিখে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। তাই এখানে অসন্তোষের কোনো সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে নামলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে নামলো

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রশমনে কূটনৈতিক উদ্যোগের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা হ্রাস পেয়েছে। এর ফলে, সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৩ শতাংশেরও বেশি কমে ১১০ ডলারের নিচে নেমে এসেছে।

ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, সোমবারের লেনদেন শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের ১১২.৩২ ডলার থেকে কমে ১১১.৫০ ডলারে শুরু হয়। পরে কিছুটা বৃদ্ধি পেয়ে ধারাবাহিকভাবে কমতে থাকে এবং বিকেল সাড়ে ৫টায় সর্বনিম্ন ১০৮.২০ ডলারে লেনদেন হয়। গত ৩১ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ ১১৪.২২ ডলারে পৌঁছেছিল। সেই তুলনায় তেলের দাম কমেছে ৫.২৭ শতাংশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দাম লেনদেনের শুরুতে আগের দিনের ১০২.৯২ ডলার থেকে কিছুটা বেড়ে ১০৩.২৫ ডলারে লেনদেন শুরু হয়। সময়ের সাথে সাথে তা ধারাবাহিকভাবে কমতে থাকে এবং বিকেল সাড়ে ৫টায় সর্বনিম্ন ৯৯.১০ ডলারে লেনদেন হয়। গত ৩১ অক্টোবর ডব্লিউটিআই ক্রুডের দাম সর্বোচ্চ ১০৪.৯২ ডলারে ছিল। সেই তুলনায় তেলের দাম কমেছে ৫.৫৪ শতাংশ।

এর আগে, গত ১৯ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম ১১০ ডলারের ওপরে উঠে যায় এবং এরপর থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকে। গত ২৩ অক্টোবর এটি চার বছরের মধ্যে সর্বোচ্চ ১১৭.২০ ডলারে পৌঁছেছিল।

মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ সত্ত্বেও তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। তবে নতুন আলোচনার উদ্যোগ এবং বড় ধরনের সামরিক উত্তেজনা না বাড়ায় বাজারে দামের চাপ কিছুটা কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ইরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু হয়েছে এবং যুদ্ধের অবসানে সমঝোতার পথ তৈরির লক্ষ্যে এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা সাময়িকভাবে কমিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, গত মাসের শেষের দিকে টানা দরবৃদ্ধির পর তেলের বাজারে কারিগরি সংশোধনও ঘটেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মন্তব্য অনুযায়ী, কূটনৈতিক অগ্রগতির আশা এবং সপ্তাহান্তে বড় ধরনের সামরিক উত্তেজনা না ঘটায় তেলের দামে তাৎক্ষণিক চাপ কমেছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লে ব্রেন্টের দাম আবার ১২০ ডলারের দিকে যেতে পারে।

এদিকে, সম্প্রতি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর মাসের জন্য বিদ্যমান উৎপাদন লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা অপরিবর্তিত থাকলেও বাজারে কূটনৈতিক অগ্রগতির প্রত্যাশা এবং সরবরাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা দামের ওপর প্রভাব ফেলছে।

তবে তেলের বাজারে ঝুঁকি পুরোপুরি কাটেনি। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো বিদ্যমান। এই নৌপথে কোনো বড় ধরনের হামলা বা অবরোধ হলে বিশ্ববাজারে তেল সরবরাহে নতুন সংকট তৈরি হতে পারে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে ঘিরে ওয়াশিংটনের অবস্থান কী হবে, সেটিও বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গণমাধ্যমকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারের পরিবর্তে ইরানের সঙ্গে চলমান সংঘাতের একটি কূটনৈতিক সমাধান চান। তিনি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, যদি সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়, তবে তা কার্যকর করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে এবং সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছুই তাদের হাতে আছে।

এদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতায় দুই দিন আলোচনার পর ইরানি কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে, দাবিগুলো কার্যকরভাবে পূরণ করা হলে এখনো একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।

এছাড়া, এমন খবরও পাওয়া গেছে যে, মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই আরও সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, তারা যেন যেকোনো ধরনের বা পর্যায়ের হুমকির মোকাবিলায় তাৎক্ষণিক, কার্যকর এবং ভৌগোলিক সীমাবদ্ধতাহীন জবাব দেয়।

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংঘাত নিয়ে উদ্বেগ নিকট ভবিষ্যতে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পিভিএম অয়েল অ্যাসোসিয়েটসের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, মধ্যপ্রাচ্যে জাহাজ ও তেল শোধনাগারে এবং ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত রয়েছে। এসব ঘটনা অদূর ভবিষ্যতে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আশাবাদী হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করছে না। তবে আশা তো সব সময়ই থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেনের আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেনের আত্মসমর্পণ

ঝালকাঠির আলোচিত সরকারি কৌঁসুলি (পিপি) হায়দার হোসাইন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বেল্লাল হোসেন (৪০) আত্মসমর্পণ করেছেন।

তিনি সোমবার (২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন।

২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি আদালত বেল্লাল হোসেনসহ ৫ জনকে মৃত্যুদণ্ড দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল হায়দার হোসেন গোরস্থান মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন। এশার নামাজ শেষে বের হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহতের ছেলে মো. তারেক ইবনে হায়দার ঝালকাঠি থানায় একটি হত্যা মামলা করেন। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হালিম এ মামলায় রায় দেন। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। হাইকোর্টও ওই পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে মুরাদ হোসেন, আবু শাহাদাত মো. তানভীর ওরফে মেহেদি, আমিনুল ওরফে আমির হোসেন, মো. বিল্লাল হোসেন এবং সমীর হোসেন ভূঁইয়া অন্তর্ভুক্ত ছিলেন। তবে বিল্লাল হোসেন এতদিন পলাতক ছিলেন।

২০০৫ সালে ঝালকাঠির দুই বিচারক হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়। সেই মামলায় সরকার পক্ষের কৌশলী ছিলেন হায়দার হোসেন।

জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য হাসান সিকদার জানান, দণ্ডিত পলাতক বেল্লাল হোসেন যখন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন, তখন আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অভিযানে উখিয়ায় অবৈধ করাতকল উচ্ছেদ, মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি | কক্সবাজার

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অভিযানে উখিয়ায় অবৈধ করাতকল উচ্ছেদ, মালামাল জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে স্থাপিত একটি করাতকল উচ্ছেদ করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। এ সময় করাতকলের যাবতীয় মালামাল জব্দ করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের বাজারঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বাজারঘোনা এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির অবৈধভাবে স্থাপিত করাতকলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে করাতকলটি উচ্ছেদ করে এর সঙ্গে সংশ্লিষ্ট সব মালামাল জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল উখিয়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
বনাঞ্চল ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ করাতকলের বিরুদ্ধে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি বন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কোস্টগার্ড মিয়ানমারের পাচারের সময় নৌকাভর্তি ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে।

রোববার (১ নভেম্বর) রাত ৩টার দিকে কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটককৃতদের মধ্যে রয়েছেন: সাতক্ষীরার মো. বাপ্পি (৩১), মো. ওলিউল্লাহ (৪৫), মো. আসাদুজ্জামান (২৬), মো. জাহান আলী (২৩), মো. বায়েজিদ (৩৬), মিরাজুল ইসলাম (৩০), মো. হাসান (৩৪), মিলন (৩১), রবিউল ইসলাম (৪৫), নোয়াখালীর মো. আসিফ (২৩), মো. রাজিব (২৪), মো. বাবুল হোসেন (৩৬)।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে নৌকাটি গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়।

পরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় তিন লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি নৌকাসহ ১২ পাচারকারীকে আটক করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%